- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২১, ২০২৬
অরুণাচলে সিয়াংয়ে বাঁধ ঘিরে বাড়ছে ক্ষোভ ! আলোচনার আশ্বাস, ক্ষতিগ্রস্তদের জন্য সেরা পুনর্বাসন প্যাকেজের প্রতিশ্রুতি শাহর
সিয়াং নদীর উপর প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াটের মেগা বাঁধ ঘিরে অরুণাচল প্রদেশে অসন্তোষ দানা বেঁধেছে। ধারাবাহিক বিক্ষোভ, মিছিল, অবরোধে অশান্ত হয়েছে উত্তর-পূর্বের রাজ্যটি। এবার সেই ক্ষোব প্রশমনে সরাসরি হস্তক্ষেপের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ আর আশঙ্কার কথা মাথায় রেখেই প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বলে জানালেন তিনি। শুধু তা-ই নয়, প্রকল্পের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন অমিত শাহ। তাঁর স্পষ্ট বার্তা, স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা, তাঁদের পরামর্শ ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। সিয়াংয়ের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের সঙ্গেও কোনো আপস করা হবে না।
২০ থেকে ২২ নভেম্বর অরুণাচল প্রদেশে তিন দিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। শনিবার অরুণাচল প্রদেশের বান্দেরদেওয়ায় রাষ্ট্রপতির ‘পুলিশ কালার পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, সিয়াং অঞ্চলের মানুষের মনোভাব আর তাঁদের উদ্বেগ সম্পর্কে তিনি অবগত। স্থানীয়দের আশঙ্কার বিষয়গুলি তাঁর নজরে এসেছে। সে কারণেই তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যার সমাধানের পথ খুঁজতে চান তিনি। তিনি বলেন, ‘সিয়াংয়ের আমার ভাই ও বোনেদের আশ্বস্ত করতে চাই, ইতিবাচক আলোচনার মাধ্যমেই আমরা এগোনোর পথ খুঁজে বার করব। আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ তাঁর আরও দাবি, ‘আপনারা যেমন নিজেদের সংস্কৃতিকে সম্মান করেন, আমরাও আপনাদের পরিচয় ও সংস্কৃতিকে সম্মান করি। কোনো রকম আপস না করেই সিয়াংয়ের মানুষকে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে।’
সিয়াং প্রকল্পকে দেশের উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন ও অরুণাচল প্রদেশের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে প্রকল্পটির কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেছেন তিনি। শাহের দাবি, ‘সিয়াং প্রকল্প একটি জাতীয় প্রকল্প। দেশের উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অরুণাচল প্রদেশের আয় বৃদ্ধির ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। কৌশলগত দিক থেকেও এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তবে উন্নয়ন কিংবা জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে স্থানীয় মানুষের উদ্বেগকে উপেক্ষা করা হবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি। প্রকল্প নিয়ে আলোচনার জন্য অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে আলোচনায় বসতে বাসিন্দাদের আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর বক্তব্য, ইতিবাচক আলোচনা আর পরামর্শের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হবে। প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াটের ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প’ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের আশঙ্কা, বাঁধ তৈরি হলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে। ডুবে যেতে পারে একাধিক গ্রাম। বাস্তুচ্যুত হতে পারেন বহু মানুষ। হারিয়ে যেতে পারে পূর্বপুরুষের ভিটে, কৃষিজমি আর জীবিকার অবলম্বন। শুধু জমি বা সম্পত্তি হারানোর আশঙ্কাই নয়, প্রকল্পের ফলে আদি জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়, দীর্ঘদিনের সামাজিক পরিকাঠামোও বিপন্ন হতে পারে বলে মনে করছেন আন্দোলনকারীরা।
এ প্রকল্পের কৌশলগত গুরুত্বের পিছনে রয়েছে প্রতিবেশী চিনের পরিকল্পনাও। তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর চিনের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের। ওই নদীই অরুণাচল প্রদেশে প্রবেশের পরে সিয়াং নামে পরিচিত। ফলে চিনের জলবিদ্যুৎ প্রকল্পের মোকাবিলায় ভারতের নিজস্ব জলসম্পদ ও বিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো গড়ে তোলার বিষয়টিও সিয়াং প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে কেন্দ্র সরকারের কাছে জাতীয় স্বার্থের যুক্তি যতই গুরুত্বপূর্ণ হোক, স্থানীয় মানুষের সম্মতি ও পুনর্বাসনের প্রশ্নটি যে উপেক্ষা করা সহজ নয়, শাহের সাম্প্রতিক আশ্বাসে সে বাস্তবতাই কার্যত স্বীকৃতি পেল। এদিকে, স্থানীয়দের অসন্তোষের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিত আশ্বাস দাবি করেছে অরুণাচল প্রদেশ কংগ্রেস। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করে ১১,২০০ মেগাওয়াটের প্রস্তাবিত প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে না, কেন্দ্রকে এ মর্মে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে বলে দাবি বিরোধী দলটির।
অমিত শাহের সফরের আগেই রাজ্যের একাধিক অমীমাংসিত সমস্যা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছিল অরুণাচল প্রদেশ কংগ্রেস কমিড়ি। সিয়াং বাঁধের পাশাপাশি রাজ্যের সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন সরকারি কাজের বরাত দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে চলা সিবিআই তদন্ত এবং জনজাতি অধিকার রক্ষার বিষয়েও শাহের হস্তক্ষেপ চেয়েছে তারা। এক বিবৃতিতে ‘এপিসিসি’ জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর যেন শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মসূচি কিংবা সরকারি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে। রাজ্যের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধানে নির্দিষ্ট সিদ্ধান্ত, লিখিত আশ্বাস, সময়সীমা বেঁধে দেওয়া প্রতিশ্রুতি প্রয়োজন। রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক কোন জিরজো জোথামের বক্তব্য, জনজাতি অধিকার, পরিকাঠামো উন্নয়ন, বেকারত্ব, আইনশৃঙ্খলা, সাংবিধানিক সুরক্ষার মতো একাধিক বিষয়ে রাজ্যের মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। এ সমস্ত সমস্যার ক্ষেত্রে সরকারকে জবাবদিহি করতে হবে। শুধু আশ্বাস নয়, প্রয়োজন স্বচ্ছতা ও কার্যকর পদক্ষেপ।
বিতর্কিত প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা বা ‘প্রি-ফিজিবিলিটি রিপোর্ট’-এর কাজ আপাতত স্থগিত রাখার দাবি জানিয়েছে তারা। কংগ্রেসের বক্তব্য, স্থানীয় মানুষের সঙ্গে অর্থবহ আলোচনা, আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা এবং স্বাধীন মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সমীক্ষার কাজ বন্ধ রাখা উচিত। শুধু প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে এমন বৃহৎ প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। সিয়াং অঞ্চলে বিক্ষোভ ও নিরাপত্তাবাহিনী মোতায়েন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলটি। আন্দোলনকারীদের গ্রেফতার, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছে কংগ্রেস। অমিত শাহের সঙ্গে বৈঠকে ‘সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স ফোরাম’, প্রকল্পে ক্ষতিগ্রস্ত গ্রামগুলির বাসিন্দা ও বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের রাখারও আবেদন জানিয়েছে তারা। কংগ্রেসের বক্তব্য, প্রকল্প নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাঁদের জীবন, জমি ও সংস্কৃতি সরাসরি প্রভাবিত হতে পারে, তাঁদের বক্তব্য শোনা অত্যন্ত জরুরি।
তবে, সিয়াং বাঁধ ঘিরে উত্তেজনা প্রশমনে শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসই নয়, রাজ্য সরকারের তরফেও কিছুটা নমনীয়তার ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের আবহে গ্রেফতার হওয়া চার জনকে মুক্তি দিল অরুণাচল প্রদেশ সরকার। একই সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ‘সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স ফোরাম’-কে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার জুলি সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেয়েছেন আদুম তায়োম, ওমাক পারোন, ওকুট পালোহ এবং ওসন পারোন। গত ৯ অক্টোবর ‘অরুণাচল প্রদেশ আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) আইন, ২০১৪’-র অধীনে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার বিষয়টি নিয়ে ‘এসআইএফএফ’-কে আগেই আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। সংগঠনটির সঙ্গে আলোচনার পরিবেশ তৈরির উদ্দেশ্যেই সদিচ্ছার বার্তা হিসাবে এ পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গত ৬ নভেম্বর মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক চিঠিতে আন্দোলনের সময় সাসপেন্ড হওয়া গাঁওবুড়া ও গাঁওবুড়িদের পুনর্বহালের বিষয়টিও অনুমোদন করা হয়েছিল। ফলে আন্দোলনকারীদের কয়েকটি দাবির ক্ষেত্রে সরকার যে কিছুটা হলেও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তা স্পষ্ট। প্রসঙ্গত, গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তি না দেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে না বলে জানিয়েছিল ‘এসআইএফএফ’। পেমা খাণ্ডুর আগের আমন্ত্রণও ফিরিয়ে দিয়েছিল সংগঠনটি। তবে চার জনের মুক্তির পরে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেয়নি সরকার। এফআইআর প্রত্যাহারের দাবি নিয়ে প্রশাসনের বক্তব্য, আইন মেনেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইচ্ছেমতো এফআইআর প্রত্যাহার করা সম্ভব নয়। অন্যদিকে, সিয়াং এবং আপার সিয়াং অঞ্চল থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স সরানোর দাবিও এখনই মেনে নিতে নারাজ প্রশাসন। আলোচনার সময় এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে ‘এসআইএফএফ’ –কে বৈঠকের দিনক্ষণ জানাতে এবং আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের নাম জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখা এবং হিংসা, ভয় দেখানো কিংবা হামলার মতো ঘটনা এড়াতে সংগঠনটির সহযোগিতা চেয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সচিব শিবু থমাসের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আদি জনগোষ্ঠীর উদ্বেগের বিষয়গুলি বিবেচনা করে পারস্পরিক গ্রহণযোগ্য একটি সমাধানসূত্র খুঁজে বার করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে আন্দোলনের সময় সাসপেন্ড বা চাকরি থেকে বরখাস্ত হওয়া সরকারি কর্মীদের পুনর্বহালের দাবি নিয়ে ওই চিঠিতে কোনো উল্লেখ নেই।
অন্য দিকে, মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু বারবার দাবি করেছেন, সিয়াং প্রকল্পের জন্য এখনো বাঁধ নির্মাণের কোনো অনুমোদন দেওয়া হয়নি। আপাতত শুধু প্রকল্পের প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা বা ‘প্রি-ফিজিবিলিটি রিপোর্ট’ বিবেচনা করা হচ্ছে। কিন্তু সেই সমীক্ষার প্রক্রিয়া নিয়েই স্থানীয়দের আপত্তি রয়েছে। সিয়াং নদীর উপর প্রস্তাবিত মেগা বাঁধের বিরোধিতায় আরও সুর চড়িয়েছে আদি জনগোষ্ঠীর সংগঠনগুলি। ১১,২০০ মেগাওয়াটের ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প’ সম্পূর্ণ বাতিল করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ‘আদি বানে কেবাং ইউনাইটেড’ এবং ‘সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স ফোরাম’। প্রকল্প নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে যথাযথ আলোচনা না করেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ, গ্রেফতার, নিরাপত্তাবাহিনী মোতায়েনের বিষয়েও সরব হয়েছে সংগঠনগুলি।
শুক্রবার ইটানগরে অমিত শাহের সফর চলাকালীন তাঁর হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়। সংগঠনগুলির দাবি, প্রস্তাবিত বাঁধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন আদি জনজাতির মানুষ। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থ, মতামত এবং উদ্বেগের প্রতিনিধিত্ব করেই তারা এই স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, সিয়াং বাঁধের পরিকল্পনা প্রায় ৪৫ বছর আগের। বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক সরকার প্রকল্পটি খতিয়ে দেখেছিল। কিন্তু স্থানীয় মানুষের মনোভাব আর প্রকল্পের সম্ভাব্য প্রভাব বিবেচনা করে দু–বার প্রস্তাবটি বাতিল করা হয়। সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকেও জানানো হয়েছিল বলে দাবি সংগঠনগুলির। দীর্ঘদিন প্রকল্পটি কার্যত হিমঘরে থাকার পরে ২০২৪ সালে ফের তা সামনে আনা হয়। প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াটের বাঁধটি দেশে বৃহত্তম হতে পারে বলে দাবি করে প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনগুলি। তাদের অভিযোগ, স্থানীয় জনজাতিদের বিভ্রান্ত করে, পূর্বপুরুষের জমি থেকে উচ্ছেদের আশঙ্কা উপেক্ষা করে প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের গ্রেফতার করা হচ্ছে। এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করে আন্দোলন দমনের চেষ্টা চলছে বলেও অভিযোগ।
স্মারকলিপিতে ২০১৬ সালের মে মাসে তাওয়াংয়ের ১৩টি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘটনাও তুলে ধরেছে সংগঠনগুলি। তাদের দাবি, স্থানীয়দের প্রবল বিরোধিতার মুখে ওই প্রকল্পগুলি পরিত্যক্ত হয়েছিল। সে সময় পুলিশের গুলিতে এক সন্ন্যাসী ও এক গ্রামবাসীর মৃত্যু হয়। অতীতের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সিয়াং প্রকল্পের ক্ষেত্রে শুরু থেকেই স্থানীয় মানুষের সঙ্গে যথাযথ আলোচনা করা উচিত ছিল বলে মনে করছে তারা। প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা বা ‘প্রি-ফিজিবিলিটি রিপোর্ট’ তৈরির প্রক্রিয়া নিয়েও একাধিক অভিযোগ তুলেছে ‘এবিকেইউ’ ও ‘এসআইএফএফ’। তাদের দাবি, ২৪ সালে রাজ্য সরকার এবং ‘এনএইচপিসি’ এই সমীক্ষার কাজ শুরু করলেও প্রয়োজনীয় নিয়ম ও প্রক্রিয়া মানা হয়নি। স্থানীয়দের মধ্যে প্রকল্প সম্পর্কে যথাযথ সচেতনতা তৈরি করা হয়নি। স্বচ্ছতা বজায় রাখা হয়নি। এমনকি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, বিকল্প কৃষিজমি কিংবা বিকল্প জীবিকার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাও সামনে আনা হয়নি।
চিনের সম্ভাব্য জলবোমার আশঙ্কা আর জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে ধরে স্থানীয়দের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ সংগঠনগুলির। পাশাপাশি প্রলোভন, ভয় দেখানো, কেন্দ্রীয় বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন, গণগ্রেফতার, আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘অরুণাচল প্রদেশ আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) আইন’ প্রয়োগের অভিযোগও করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করে আন্দোলন দুর্বল করার চেষ্টা চলছে বলেও দাবি তাদের। স্মারকলিপিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। সংগঠনগুলির দাবি, সিয়াং বাঁধ ছাড়াও রাজ্য সরকার বিভিন্ন জলবিদ্যুৎ সংস্থার সঙ্গে ১৪৫টিরও বেশি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। সে সমস্ত প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যেতে পারে। ধ্বংস হতে পারে বনাঞ্চল। বাস্তুচ্যুত হতে পারেন বহু মানুষ। ফলে শুধু একটি বাঁধ নয়, রাজ্যের সামগ্রিক জলবিদ্যুৎ নীতি নিয়েই প্রশ্ন তুলেছে তারা।
এদিকে, সিয়াং বাঁধ ঘিরে আন্দোলন, নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই পূর্ব সিয়াং জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছে প্রশাসন। এ বার থেকে জেলার যে কোনো ভাড়া বাড়িতে বসবাসকারী ব্যক্তির পরিচয় ও ঠিকানা পুলিশি যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে। শুধু বাড়ি বা ফ্ল্যাট নয়, ঘর, হস্টেল, পিজি, হোমস্টে, লজ, হোটেল, দোকান কিংবা শ্রমিকদের থাকার শিবির ভাড়া দেওয়ার ক্ষেত্রেও এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। জেলাশাসক ফওরমন ব্রহ্মা একটি নির্দেশিকা তথা জনসাধারণের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পূর্ব সিয়াংয়ের পুলিশ সুপারের সুপারিশের ভিত্তিতেই নির্দেশটি কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতে কোনো সম্পত্তি ভাড়া দেওয়ার আগে সংশ্লিষ্ট ভাড়াটের পুলিশি যাচাই করাতে হবে। যাঁরা ইতিমধ্যেই পুলিশি যাচাই ছাড়া ভাড়া বাড়িতে রয়েছেন, তাঁদের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য বাড়িওয়ালাদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভাড়াটে যাচাইয়ের নির্দিষ্ট ফর্মের সঙ্গে পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায়।
শুধু তা-ই নয়, প্রত্যেক বাড়ির মালিক, বাড়িওয়ালা, সম্পত্তির ব্যবস্থাপক, সম্পত্তি দালাল এবং হস্টেল বা পিজি পরিচালকদের একটি পৃথক রেজিস্টার রাখতে হবে। সেখানে প্রত্যেক বাসিন্দার স্থায়ী ঠিকানা, ফোন নম্বর, ছবি এবং পরিচয়পত্রের যাবতীয় তথ্য নথিভুক্ত করতে হবে। পুলিশ যখনই সেই রেজিস্টার দেখতে চাইবে, তা দেখাতে বাধ্য থাকবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তিতে ‘ইনার লাইন পারমিট’ সংক্রান্ত নিয়ম মানার উপরেও জোর দেওয়া হয়েছে। যে সমস্ত বাসিন্দার ক্ষেত্রে ‘ইনার লাইন পারমিট’ বাধ্যতামূলক, তাঁদের কাছে বৈধ পারমিট রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে বাড়িওয়ালাদের। কোনো বিদেশি নাগরিক সংশ্লিষ্ট এলাকায় বসবাস করলে দ্রুত প্রশাসনকে তা জানাতে হবে। অন্যদিকে, ভাড়াটেদেরও সঠিক ব্যক্তিগত তথ্য, বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ‘ইনার লাইন পারমিট ‘বাড়িওয়ালা ও পুলিশের কাছে জমা দিতে হবে। এ নির্দেশ কার্যকর করার জন্য প্রশাসনের তরফে হেড গাঁওবুড়া, গাঁওবুড়া, পঞ্চায়েত সদস্য, ওয়ার্ড সদস্য, কলোনি কমিটি এবং বাজার কমিটিগুলির সহযোগিতা চাওয়া হয়েছে। নির্দেশটি যাতে জেলার সর্বত্র প্রচারিত হয়, সে বিষয়ে তাঁদের উদ্যোগী হতে বলা হয়েছে। জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি থানায় ভাড়াটে যাচাইয়ের ফর্ম গ্রহণ ও প্রক্রিয়াকরণের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি সমস্ত তথ্য যথাযথ ভাবে নথিভুক্ত করতে হবে এবং প্রতি তিন মাস অন্তর এই সংক্রান্ত একটি রিপোর্ট জেলাশাসকের কাছে জমা দিতে হবে।
❤ Support Us







