- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৪, ২০২৬
বাংলার স্কুলে এবার ‘অমৃত সরোবর’ প্রকল্প ! পুকুর সংস্কার থেকে পরিকাঠামো উন্নয়ন, নতুন উদ্যোগ স্কুলশিক্ষা দফতরের
রাজ্যের স্কুলগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এবার পরিবেশ সংরক্ষণ ও জলাশয় সংস্কারের উপরেও বিশেষ গুরুত্ব দিতে চলেছে স্কুলশিক্ষা দফতর । সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের ‘অমৃত সরোবর’ প্রকল্পের আওতায় রাজ্যের স্কুলগুলিকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে । সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা স্কুলশিক্ষা দফতরের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ।
যেসব স্কুলের নিজস্ব পুকুর রয়েছে এবং এক একরের বেশি জমি রয়েছে, সেই সমস্ত স্কুলকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । ওই আবেদনের মাধ্যমে স্কুলগুলির জমি ও জলাশয়কে প্রকল্পের আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নের বিষয়টিও তুলে ধরতে হবে ।
শুধু জলাশয় সংস্কারই নয়, স্কুলগুলির পরিকাঠামোগত চাহিদার বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চায়েত প্রধানকে সংশ্লিষ্ট স্কুলগুলির অতিরিক্ত শ্রেণিকক্ষ, আলোচনাকক্ষ, সীমানা প্রাচীর, সাইকেল স্ট্যান্ড, রান্নাঘর এবং শৌচাগার-সহ বিভিন্ন পরিকাঠামোগত প্রয়োজনের কথা জানাতে বলা হয়েছে । স্কুলগুলির তরফে জমা দেওয়া আবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।
মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার অধীন স্কুলগুলিই এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে অগ্রাধিকার পেতে পারে । সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন স্কুলের পরিবেশ আরও উন্নত হবে, তেমনই জলাশয় ও স্থানীয় বাস্তুতন্ত্রের সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
উল্লেখ্য, ২০২২ সালে কেন্দ্রীয় সরকার ‘অমৃত সরোবর’ প্রকল্প চালু করে । এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের প্রতিটি জেলায় অন্তত ৭৫টি করে জলাশয় তৈরি করা অথবা পুরনো জলাশয়গুলির সংস্কার ও পুনরুজ্জীবন ঘটানো । প্রকল্পের আওতায় জলাশয় তৈরি ও সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থাও রয়েছে ।
এই প্রকল্পের লক্ষ্য শুধুমাত্র নতুন পুকুর খনন বা পুরনো জলাশয় সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তরের উন্নতি, বৃক্ষরোপণ এবং মাছ চাষের মতো বিষয়গুলিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । এর মাধ্যমে একদিকে যেমন প্রাকৃতিক জলসম্পদ রক্ষা করা সম্ভব, তেমনই স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে ।
শিক্ষকদের একাংশের মতে, পূর্ব মেদিনীপুরে শুরু হওয়া এই উদ্যোগ যদি রাজ্যের অন্যান্য জেলাতেও ছড়িয়ে দেওয়া যায়, তাহলে স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও বড়সড় সুফল পাওয়া সম্ভব । স্কুলের অব্যবহৃত জমি ও জলাশয়কে সঠিকভাবে কাজে লাগানো গেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সামগ্রিক পরিবেশও আরও উন্নত হবে ।
এখন দেখার বিষয়, পূর্ব মেদিনীপুরের এই উদ্যোগ আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাতেও কতটা সম্প্রসারিত হয় এবং কতগুলি স্কুল এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পায় ।
❤ Support Us







