- দে । শ
- নভেম্বর ২৪, ২০২৬
শিয়ালদহে রেললাইনের নিচে নিকাশি নালায় ধস, ফাটল জলের পাইপে ! ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা
টালার পর এবার শিয়ালদহে নতুন বিপত্তি! স্টেশনের রেললাইনের ঠিক নিচে থাকা পুরনো নিকাশি নালায় ধস নামার জেরে ফেটে গিয়েছে জলের পাইপের একাংশ। সোমবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে স্টেশন থেকে বেরনোর মুখে এই বিপত্তি নজরে আসে। যদিও এখনও পর্যন্ত ট্রেন চলাচলে কোনও সমস্যা তৈরি হয়নি, তবে ভবিষ্যতে পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রেল সূত্রে জানা গিয়েছে, বহু পুরনো এই নিকাশি নালায় রবিবার প্রথম ধস নামে বলে অনুমান করা হচ্ছে। সোমবার পরিস্থিতির আরও অবনতি হয়। ধসের জেরে রেললাইনের নিচে থাকা জলের পাইপের একাংশ ফেটে যায়। বিষয়টি নজরে আসতেই দ্রুত মেরামতির কাজে নেমে পড়েন রেলকর্মীরা। সোমবার রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। মঙ্গলবার সকালেও মেরামতির কাজ জোরকদমে চলছে।
তবে রেলের তরফে জানানো হয়েছে, যে জায়গায় এই সমস্যা দেখা দিয়েছে, সেটি মেন লাইন নয়, লুপ লাইন। ফলে মেরামতির কাজের জন্য আপাতত ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়ার কথা নয়। মঙ্গলবার সকাল পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেই খবর।
এই মেরামতির কাজে রেলকর্মীদের পাশাপাশি হাত লাগিয়েছেন কলকাতা পুরসভার কর্মীরাও। কারণ, বিপত্তির জায়গাটি কলকাতা পুরসভার আওতাধীন এলাকার মধ্যে পড়ে। রেল ও পুরসভা যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, শিয়ালদহ দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই স্টেশন দিয়ে অসংখ্য লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল করে। ফলে রেললাইনের ঠিক নিচে নিকাশি নালায় ধসের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের পুরনো নিকাশি নালার যথাযথ সংস্কার না হওয়ার কারণেই এই বিপত্তি ঘটে থাকতে পারে।
তবে মেরামতির কাজ সম্পূর্ণ হতে আর কতটা সময় লাগবে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ। আপাতত দ্রুত কাজ শেষ করে সম্ভাব্য বিপদ এড়ানোই রেল ও পুরসভার কর্মীদের প্রধান লক্ষ্য।
❤ Support Us





