Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৬

ইরানি গায়িকাকে বেত্রাঘাত

আরম্ভ ওয়েব ডেস্ক
ইরানি গায়িকাকে বেত্রাঘাত

ইরানে মহিলাদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। সেদেশে মহিলাদের বিষয়ে অত্যন্ত কঠোর নিয়মকানুন রয়েছে। জনসমক্ষে মহিলাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। এই নিয়ম ভাঙলে কঠোর শাস্তি দেওয়া হয়। আর এই নিয়ম ভেঙে কঠোর শাস্তির মুখে পড়তে হল এক গায়িকাকে। হিজাব ছাড়া এক কনসার্টে গান গাওয়ার জন্য সোমবার ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। আহমাদির পাশাপাশি তাঁর সঙ্গীত দলকেও শাস্তি দেওয়া হয়েছে।
‘অশ্লীল ও অনৈতিক’ বলে বিবেচিত অনলাইন কন্টেন্ট তৈরি ও প্রকাশের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদি এবং তাঁর প্রযোজনা দলের ৪ সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। আইনজীবী মুস্তফা নিলিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তু আহমাদির একটা অনলাইন পারফরম্যান্স সম্পর্কিত আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুসারে, আহমাদি এবং আরও ৪ জনকে ২ বছরের জন্য শৈল্পিক ও সঙ্গীত বিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ভ্রমণ থেকেও নিষিদ্ধ করা হয়েছে। তবে, আইনজীবী নিলি অভিযুক্ত ৫ জনেরই প্রতিনিধিত্ব করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। প্রতিবেদন অনুসারে, এই দণ্ডাদেশ ইরানের কোম শহরে দেওয়া হয়। আহমাদি ছাড়াও এই দণ্ডাদেশে অন্তর্ভুক্ত ছিলেন কনসার্ট আয়োজক মোহসেন লাশকারি এবং সঙ্গীতশিল্পী সোহেল ফকিহ নাসিরি, আমিন তাহেরি ও আমির আলি পিরনিয়া।

মামলার ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ডিসেম্বরে। ইউটিউবে প্রকাশিত এক পরিবেশনায় পারাস্তু আহমাদি পুরুষ সঙ্গীতশিল্পীদের সঙ্গে গান গেয়েছিলেন। তিনি হিজাব পরেননি, যা ইরানে বাধ্যতামূলক। কনসার্টটি আয়োজন করা হয়েছিল দেইর-ই গাচিন সরাইখানায়, যা কোমের নিকটবর্তী এক ঐতিহাসিক স্থান এবং ঐতিহ্যগতভাবে ভ্রমণকারীদের বিশ্রামস্থল হিসেবে ব্যবহৃত হত। আহমাদি একটা বড় পারস্য গালিচায় ঢাকা স্বল্প আলোকিত মঞ্চে ছিলেন এবং সেখানে কোনও সরাসরি দর্শক ছিল না।

আহমাদি একটা লম্বা কালো পোশাক পরেছিলেন এবং তাঁর চুল খোলা ছিল, যা ইরানের বাধ্যতামূলক হিজাব বিধির লঙ্ঘন। ভিডিওটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ইরানে মহিলা শিল্পীদের ওপর আরোপিত বিধিনিষেধের দিকে দৃষ্টি আকর্ষণ করে। ইরানের বিচার বিভাগ এই পরিবেশনাটিকে দেশের আইনি ও ধর্মীয় মানদণ্ডের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিষয়টি হাতে নেয়। পরবর্তীতে কর্তৃপক্ষ আহমাদি এবং তাঁর প্রযোজনা দলের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিচার বিভাগ সংশ্লিষ্ট মিজান নিউজ এজেন্সি এই অনুষ্ঠানটিকে ‘‌অবৈধ কনসার্ট’‌ হিসেবে বর্ণনা করেছিল, যা ইরানের আইনি ও ধর্মীয় মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না।

আহমাদি ও তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে ‘‌জনসাধারণের শালীনতা লঙ্ঘন’‌ এবং অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রচার করার অভিযোগ আনা হয়েছে। জুন মাসে এক আদালত দলের প্রত্যেক সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাতের শাস্তি দেয়। সেপ্টেম্বরে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করেন আহমাদি। কিন্তু তাঁর আবেদন গ্রাহ্য হয়নি। এই মামলায় সাজাপ্রাপ্ত ৯ জনের মধ্যে আহমাদিও ছিলেন, যাদের মধ্যে সঙ্গীতশিল্পী এবং প্রযোজনা দলের সদস্যরাও অন্তর্ভুক্ত। অক্টোবরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেত্রাঘাতকে নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর শাস্তি আখ্যা দিয়ে ইরানি কর্তৃপক্ষের কাছে এটা বন্ধ করার আবেদন জানায়।

ইরানে মহিলাদের জনসমক্ষে চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে আটক হওয়ার পর কুর্দি–ইরানি মহিলা মাহসা আমিনির মৃত্যুর পর ২০২২ সালে দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তাতে এই নিয়মগুলো বড় ইস্যু হয়ে ওঠে। এই বিক্ষোভ চলাকালে মহিলাদের  জন্য আরও বেশি স্বাধীনতার দাবি ওঠে, যার মধ্যে হিজাব পরার বা না পরার সিদ্ধান্ত নেওয়ার অধিকারও অন্তর্ভুক্ত ছিল। তারপর থেকে জনসমক্ষে হিজাব ছাড়া মহিলাদের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাজধানী তেহরান এবং অন্যান্য প্রধান শহরগুলোতে। এই নিয়মগুলোর প্রয়োগ এখন আর আগের মতো কঠোর নয়, বরং এখন তা কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ।

ইরানে মহিলাদের জনসমক্ষে গান গাওয়া বা পরিবেশনা করা নিষিদ্ধ, বিশেষ করে একক পরিবেশনার ক্ষেত্রে। আহমাদির কনসার্টটি বাধ্যতামূলক পোশাক বিধি এবং মহিলা শিল্পীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, উভয়কেই চ্যালেঞ্জ করেছিল। পশ্চিমা সরকার এবং মানবাধিকার সংস্থাগুলো এই বেত্রাঘাতকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছে। অন্যদিকে, ইরান তার মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পশ্চিমা দেশগুলোর উচিত প্রথমে নিজেদের মানবাধিকার সমস্যার দিকে মনোযোগ দেওয়া।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!