- বি। দে । শ
- নভেম্বর ২৪, ২০২৬
১৬ ডিসেম্বর হাসিনার প্রত্যাবর্তন ? আওয়ামী লীগ নিয়ে কী কৌশল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকের, নাহিদের সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা
বাংলাদেশে ফেরার দিনক্ষণ নিয়ে ফের মুখ খুললেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই নিজের দেশে ফিরতে চান তিনি । মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে । তবে কী ভাবে তিনি বাংলাদেশে ফিরবেন, কিংবা এই বিষয়ে ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয় । হাসিনার এই ঘোষণাকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা ।
ঘটনাচক্রে, হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রধান নাহিদ ইসলাম । হাসিনা-বিরোধী আন্দোলন থেকে উঠে আসা এই যুবনেতার সঙ্গে তারেকের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতি সামাল দিতে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । সেই সূত্রেই সোমবার নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি । বৈঠকের পরেই ভারতের বিরুদ্ধে সরব হন নাহিদ ।
তিনি বলেন, “ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে, সেই আহ্বান জানিয়েছি ।” পাশাপাশি তাঁর দাবি, “বাংলাদেশে যা কিছু হচ্ছে, তার সঙ্গে ভারত সরাসরি জড়িত — এটা এখন খুবই স্পষ্ট ।”
শুধু ভারত-বাংলাদেশ সম্পর্কই নয়, আওয়ামী লীগকে নিয়েও তারেক রহমানের কাছে ভবিষ্যৎ সরকারের অবস্থান জানতে চেয়েছেন নাহিদ । আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আগামী দিনে বাংলাদেশের সরকারের কী পদক্ষেপ হওয়া উচিত, সে বিষয়ে একটি স্পষ্ট রূপরেখা চেয়েছেন তিনি ।
নাহিদের কথায়, “এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না । আওয়ামী লীগ এবং ভারতের ইস্যুটা আমাদের আগামী দিনে ডিল করতে হবে । ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন ।” অর্থাৎ, তাঁর বক্তব্যে স্পষ্ট, আওয়ামী লীগ এবং ভারত-সংক্রান্ত বিষয়কে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা চায় জাতীয় নাগরিক পার্টি ।
সোমবার রাতে নাহিদ যখন এই মন্তব্য করেন, তখনও শেখ হাসিনার বাংলাদেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি । শুধু জানা যাচ্ছিল, ডিসেম্বর মাসেই দেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী । মঙ্গলবার সকালে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে ১৬ ডিসেম্বরের কথা । ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের মুক্তিলাভের স্মরণে প্রতি বছর এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয় । সেই বিশেষ দিনেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন হাসিনা ।
তবে তাঁর প্রত্যাবর্তনের পথ এখনও অনিশ্চিত । তিনি কী ভাবে বাংলাদেশে ফিরবেন, তাঁর নিরাপত্তার বিষয়টি কী ভাবে নিশ্চিত করা হবে এবং ভারত ও বাংলাদেশের দুই সরকারের ভূমিকা কী হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি ।
এদিকে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে । দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, অবরোধের ঘটনা ঘটেছে। এমনকি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে । ডিসেম্বর যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ।
এই পরিস্থিতিতে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফেরেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিয়ে তারেক রহমানের সরকারের ভবিষ্যৎ অবস্থান কী হবে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন পথে এগোবে, সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল ।
❤ Support Us








