- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৭, ২০২৫
বিরোধিদের প্রবল আপত্তি উড়িয়ে ওয়াকফ্ বিলে অনুমোদন যৌথকমিটির। আলোচনা ছাড়াই অনুমোদন? ভারতীয় গণতন্ত্রের ‘কালো দিন’ মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনে ওয়াকফ্ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল। নতুন বিলে কোপ পড়তে চলেছে সেই বাড়তি ক্ষমতায়। গৃহীত হয়েছে এনডিএর ১৪টি সংশোধনী প্রস্তাব । বিরোধিদের কোনো প্রস্তাব আমলে আনেনি যৌথ সংসদীয় কমিটি।
গত কয়েকদিন ধরে ওয়াকফ্ বিল সংশোধনের বিষয় নিয়ে সরগরম দিল্লি। যার জেরে ১০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। সোমবার সেই বিতর্কিত বিল অনুমোদন করলো যৌথ সংসদীয় কমিটির। বিরোধীদের প্রস্তাবিত একটি বিলও গৃহীত হয় নি, অন্যদিকে তবে বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদেরা যে সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছিলেন, তার ১৪টি গৃহীত হয়েছে । ১৪টি সংশোধনী-সহ বিলটি পেশ করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানান যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল।
বিরোধী সাংসদদের আপত্তি উপেক্ষা করেই ওয়াকফ্ (সংশোধনী) বিলের নতুন খসড়া অনুমোদন করেছে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি), বলে অভিযোগ উঠেছে। বৈঠক শেষে জগদম্বিকা বলেন, ‘বিলের ৪৪টি সংশোধনীর প্রত্যেকটি ধারা ধরে পর্যালোচনা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতি মেনে সিদ্ধান্ত হয়েছে।’ যদিও যৌথ সংসদীয় কমিটিতে বিশি অংশ শাসক শিবিরের। ১৬ জন সাংসদ বিজেপি-সহ শরিক দলগুলির ও বাকি ১০ জন বিরোধী দলের সাংসদ। তাই ভোটাভুটি হলে রায় শাসকপক্ষের দিকেই যাবে, এ অজানা কিছু ছিল না। আজ হয়েছেও তাই। এই বিলে ৩০টি সংশোধনীর প্রস্তাব করেছিলেন বিরোধী সাংসদরা। তবে সেই প্রস্তাবের একটিও গ্রহণ করা হয়নি। এই নিয়ে কমিটির প্রধান জগদম্বিকা পাল বলেন, ‘মোট ৪৪টি সংশোধনী জমা পড়েছিল। বিরোধীদের সংশোধনীর পক্ষে ১০টি ভোট পড়েছিল। এবং ১৬টি ভোট বিপক্ষে পড়েছিল। তাই সেগুলি গ্রহণ করা হয়নি। তবে ১৪টি সংশোধনী গ্রহণ করা হয়েছে।’
সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়েছিল যৌথ সংসদীয় কমিটির বৈঠক। যদিও বিরোধীদের দাবি তাদের পর্যালোচনার সময়টুকুও দেওয়া হয়নি। জেপিসির সদস্য তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বৈঠক শুরুর ৪১ মিনিট আগে সংশোধনীর তালিকা সংক্রান্ত নথি হাতে পেয়েছেন তিনি। ফলে তাঁর পক্ষে প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করাই সম্ভব হয়নি। সংবিধানের অনুচ্ছেদ ১৪-য় বর্ণিত তাঁর মৌলিক অধিকারও খর্ব করা হয়েছে বলে চেয়ারম্যান জগদম্বিকাকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন কল্যাণ। বিরোধীদের পাল্টা তোপ দেগেছেন বিজেপির অপরাজিতা সারাঙ্গি। তাঁর দাবি, যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল সকলের বক্তব্য শুনেছেন। সকলকে পর্যাপ্ত সময়ও দিয়েছেন পর্যালোচনার জন্যে। এই বৈঠকে ‘প্রহসন’ বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন্ম শ্রীরামপুরের সাংসদ। সংখ্যাগরিষ্টতার জোরে বিল পাশ করা হয়ে এই অভিযোগ করে তিনি বলেছেন, ‘আজ ভারতীয় গণতন্ত্রের কালো দিন।’ সূত্রের খবর, ১৪টি গৃহীত সংশোধনী প্রস্তাব নিয়ে আগামী ২৯ জানুয়ারি ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি এসংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জেপিসির তরফে।
নতুন ‘ওয়াকফ্ বিলে’ ওয়াকফ্-এর সম্পত্তি নিয়ন্ত্রণে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন, কোনও সম্পত্তি ওয়াকফের ঘোষণা করার অধিকার ওয়াকফ্ বোর্ডের হাতে নয়, সেই ক্ষমতা দেওয়া হবে জেলাশাসকদের হাতে। পাশাপাশি, ওয়াকফ্ বোর্ডে ২ জন করে মহিলা সদস্য ও ২ জন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলক ভাবে রাখার কথা বলা হয়েছে। এছাড়াও আরও নানান প্রস্তাব দেওয়া হয়েছে। এই সকল সংশোধনের ফলে মুসলিম ধর্মালম্বীদের কোণঠাসা করবার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসির। এই বিল নিয়ে বিরোধীরা কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছেন, তাড়াহুড়ো করে বিল পাশ করিয়ে বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লাভ তুলতে চাইছে।
উল্লেখ্য, গত ৮ আগষ্ট লোকসভায় ওয়াকফ্ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী কিরেণ রিজিজু। তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় কেন্দ্র সরকারকে। এই বিল ‘অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী’ বলে অভিযোগ তুলে আপত্তি জানিয়েছিলেন বিরোধীরা । কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এআইএমএম- সহ প্রায় সব বিরোধী দলের দাবি ছিল এই সংশোধনী বিলের উদ্দেশ্য ‘ধর্মীয় মেরুকরণ’। এই বিল যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে, তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত করবে বলে মনে করেন তাঁরা। এই অভিযোগ কেন্দ্র সরকার অস্বীকার করেছে। শেষপর্যন্ত ঐকমত্যের জন্য এই প্রস্তাবিত বিলকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
❤ Support Us







