- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৯, ২০২৫
‘নির্যাতিতার পরিবারের বক্তব্য বিতর্কিত, এ আবেদনে সুবিধা পাবে দোষী!’ নতুন করে আবেদনের নির্দেশ সুপ্রিম কোর্টের
নির্যাতিতার বাবা-মার আবেদনপত্রের বক্তব্য বিতর্কিত । এ আবেদনে সুবিধা পাবে দোষী। আগের আবেদন প্রত্যাহার করে নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করার নির্দেশ সুপ্রিম কোর্টের।
বুধবার সুপ্রিমকোর্টে আরজি মামলার নতুন করে শুনানি শুরু হয়েছে। সিবিআই তদন্তের একাধিক গাফিলতির অভিযোগ তুলে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মন্তব্য করেন, নির্যাতিতার মা-বাবার আবেদনে যা যা বক্তব্য রয়েছে, তা বিতর্কের যোগ্য। আদালতে সিবিআই-এর আইনজীবী জানান, সব প্রশ্নের উত্তর তাঁদের কাছে আছে। কিন্তু এই সময় আলোচনা হলে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী বলেন, ‘আমরা সেটা জানি। কিন্তু সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। রায় ঘোষণার আগেই এই আবেদন করা হয়েছিল।’ এরপরই আদালত জানায়, আগের আবেদন প্রত্যাহার করে নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে। পুরনো মামলায় যা যা বিবৃতি বা অভিযোগ রয়েছে, তা নতুন হলফনামায় উল্লেখ হবে । জানা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন জমা দেবে নির্যাতিতার পরিবার।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য পুলিশ প্রশাসনের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। তাঁদের অভিযোগ, সঠিকভাবে তদন্ত করা হয়নি, একা সঞ্জয় নন, এই নারকীয় ঘটনায় যুক্ত আরো অনেকে। যাঁদের আড়াল করতে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। আজ আদালতে সিবিআই-এর আইনজীবী বলেন, “আবেদনপত্রে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছে, তা নিয়ে আগে জবাব দেওয়া হয়েছে। এই সময়ে সেইসব প্রশ্নোত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে। তাঁকে সাহায্য করতে পারে।’
কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা হয়। একই সময়ে, শিয়ালদহ আদালতে আরজি করের মূল মামলার বিচারপ্রক্রিয়া চলছিল। গত ২০ জানুয়ারি আদালত দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু নিম্ন আদালতের রায়ে প্রশ্ন তুলেছিলেন খোদ নির্যাতিতার পরিবার। দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। বার বার পিছনোর পর, অবশেষে বুধবার আর জি কর মামলার শুনানি শুরু হয় আদালতে। এদিন শুনানি শুরু হলে প্রথমেই নির্যাতিতার পরিবারের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “আবেদন করার পর সাজা ঘোষণা হয়েছে। এটা প্রত্যাহার করে নতুন করে আবেদন জমা করবেন কি? এখানে যে যে অভিযোগ রয়েছে, সেগুলি বিতর্কযোগ্য।” উত্তরে নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, “আমরা নিম্ন আদালতের রায়ের আগে আবেদন করেছিলাম। এখানে নির্দিষ্ট অভিযোগ রয়েছে আমাদের। কিছু ব্যক্তির নাম রয়েছে, যাঁরা উচ্চপদে আসীন ও ক্ষমতাশালী । এই ঘটনায় তাঁদের ভূমিকা রয়েছে, আদালতে সেটাই তুলে ধরতে চেয়েছিলাম।”
নতুন মামলা প্রসঙ্গে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন , “কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা বিচারাধীন আছে। আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব ? এখনই উত্তর চাই না। পরে জানান।” কলকাতা হাইকোর্টেও সিবিআই তদন্ত নিয়ে আবেদন জমা দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। তাই কলকাতা হাইকোর্টে নির্যাতিতার পরিবার নিজেদের কথা বলতে পারেন, – জানান প্রধান বিচারপতি।
আজ কোর্টে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন, শিয়ালদহ আদালতের রায়ে সঞ্জয় সাজা পেলেও, তাঁদের বহু প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে। যত সময় এগোচ্ছে সন্দেহ আরও বাড়ছে। তাই সিবিআই দ্রুত সব প্রশ্নের জবাব দিক বা আদালত হস্তক্ষেপ করে কেন্দ্রীয় তদন্তকারী -কে উওর দেওয়ার নির্দেশ দিক। কলকাতা হাইকোর্টে গত শুনানিতে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা জানিয়েছিলেন তাঁরা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান না। কিন্তু সকল দোষীদের শাস্তি চান — যা নিয়ে রাজ্যে প্রবল বিতর্ক হয়।
❤ Support Us







