- এই মুহূর্তে দে । শ
- মে ৯, ২০২৬
কলকাতা পুলিশের এক্স অ্যাকাউন্টে রদবদল
রাজ্যে সরকার পরিবর্তনের আবহে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে নজরকাড়া পরিবর্তন সামনে এল । পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ করেছে কলকাতা পুলিশের সরকারি অ্যাকাউন্ট । অন্যদিকে, সেই তালিকায় এখন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর দফতর (PMO) এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাকাউন্ট ।
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে । বিজেপি ২০৭ আসনে জয়লাভ করে সরকার গঠন করে । শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী । এরপরই কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে ‘ফলো’ তালিকায় এই রদবদল স্পষ্টভাবে ধরা পড়ে । বর্তমানে কলকাতা পুলিশের সরকারি অ্যাকাউন্ট মোট ৪২টি প্রোফাইল অনুসরণ করছে, যার মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁদের দফতরের সরকারি অ্যাকাউন্ট ।
এদিকে, ৯ মে দুপুর ১২টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডল ও ফেসবুক পেজে তাঁর পরিচয়ে এখনও ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ উল্লেখ করা রয়েছে ।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন লক্ষ্য করা যায় । মঙ্গলবার তাঁর বাড়ির গলির মুখ থেকে সরিয়ে নেওয়া হয় ‘সিজ়ারস ব্যারিকেড’। আগে সেখানে কড়া পুলিশি নজরদারি ছিল । এলাকায় প্রবেশ করতে হলে পরিচয়পত্র দেখানো, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করবেন — এমন একাধিক প্রশ্নের মুখে পড়তে হত সাধারণ মানুষকে । এমনকি, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরও বাড়ির বাইরে বেরোনোর সময় আধার কার্ড সঙ্গে রাখতে বলা হত ।
পরে লালবাজারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী যতটা নিরাপত্তা প্রাপ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ততটাই নিরাপত্তা পাবেন । তবে তাঁর বাসভবনের সামনে আর অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন থাকবে না। অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও তুলে নেওয়া হয়েছে পুলিশি প্রহরা । শান্তিনিকেতনে তাঁর বাড়ি থেকে সরানো হয়েছে স্ক্যানার-সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম। সূত্রের খবর, তাঁর বাড়িতে থাকা পুলিশি নিরাপত্তার একাধিক ব্যবস্থাও প্রত্যাহার করা হয়েছে ।
এই সব পরিবর্তনের মধ্যেই কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে মমতা ও অভিষেককে ‘আনফলো’ করার ঘটনা নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে ।
❤ Support Us







