- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৭, ২০২৬
দুর্গাপুরে ক্যানসার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী, আরও ৪ মেডিক্যাল কলেজের ঘোষণা
রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় নতুন করে তৈরি হবে আরও চারটি মেডিক্যাল কলেজ। ইতিমধ্যেই এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের দামি ওষুধ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে রাজ্যের প্রতিটি হাসপাতালে খোলা হবে ‘অমৃত মেডিসিন সেন্টার’।
পালাবদলের পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিয়েছে নতুন সরকার। সাধারণ মানুষ যাতে কম খরচে উন্নতমানের চিকিৎসা পান, সেই লক্ষ্যেই একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই নিউটাউনে হাসপাতাল তৈরির কাজ শুরু করেছে আদানি গোষ্ঠী। ওই হাসপাতালে দরিদ্র মানুষের জন্য ১০০০টি শয্যা বিনামূল্যে চিকিৎসার উদ্দেশ্যে রাখার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে শুক্রবার অন্ডালে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৫০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল তৈরি হলে রাজ্যের ক্যানসার চিকিৎসা পরিষেবায় নতুন দিশা খুলবে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আরও চারটি জায়গায় মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এই চারটি মেডিক্যাল কলেজের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রায় সাড়ে ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। যাঁরা এই প্রকল্পের সুবিধার মধ্যে পড়ছেন না, তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রকল্প।
এদিন সাধারণ মানুষের ওষুধের খরচ কমানোর বিষয়েও বিশেষ গুরুত্ব দেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ক্যানসার-সহ বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত দামি ওষুধ কিনতে গিয়ে আর্থিকভাবে সমস্যায় পড়েন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সেই সমস্যা দূর করতেই রাজ্যের সমস্ত হাসপাতালে ‘অমৃত মেডিসিন সেন্টার’ খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে তুলনামূলক কম দামে জীবনদায়ী ওষুধ পাওয়া যাবে। পাশাপাশি হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ নিয়েও আগের সরকারের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, আগের সরকার হাসপাতালে রোগীদের তিনবেলার খাবারের জন্য দৈনিক ৫৬ টাকা ৪০ পয়সা বরাদ্দ করত। বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের বেতন বাড়লেও হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়ানো হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে রাজ্যের সমস্ত হাসপাতালে হৃদরোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলার কথাও ঘোষণা করেন।
এদিন বাংলার মানুষকে চিকিৎসার জন্য অন্য রাজ্যে যাওয়ার প্রবণতা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ভিনরাজ্যের বহু মানুষ চিকিৎসার জন্য বাংলায় আসেন। অথচ বাংলার বাসিন্দাদেরই চিকিৎসার জন্য ভেলোরের মতো জায়গায় ছুটতে হয়। এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোই সরকারের অন্যতম লক্ষ্য। রাজ্যেই যাতে মানুষ উন্নতমানের চিকিৎসা পান, সেই পরিকাঠামো গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আগামী দিনে চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে যেতে হবে না বাংলার মানুষকে। উন্নত হাসপাতাল, নতুন মেডিক্যাল কলেজ, সস্তায় জীবনদায়ী ওষুধ এবং আধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে বাংলাকেই দেশের অন্যতম উন্নত স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।
❤ Support Us







