- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৫, ২০২৬
পাঞ্জাবে বিজেপি-অকালি সমীকরণে দিশেহারা কংগ্রেস! বামেদের হাত ধরার তোড়জোড়
ছ-বছরের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে ফের জোটবদ্ধ হয়েছে পাঞ্জাবের বিজেপি ও শিরোমণি অকালি দল। আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্যে অকালি দলের শর্ত মেনেই জোটে সম্মতি জানিয়েছে বিজেপি। আর এই জোট ঘোষণার পর থেকেই পাঞ্জাবের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে চিন্তায় কংগ্রেস। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এতদিন একক শক্তিতে নির্বাচনে লড়ার কথা ভাবলেও এবার বাম দলগুলির সঙ্গে জোটের সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছে হাত শিবির।
দলীয় সূত্রের খবর, পাঞ্জাবে সিপিআইএম, সিপিআইয়ের সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেস। এই আলোচনায় সরাসরি উদ্যোগী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পরগত সিং। ইতিমধ্যেই দুই বাম দলের নেতাদের সঙ্গে একাধিক দফায় কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে। কংগ্রেসের লক্ষ্য, বিজেপিকে রুখতে বিরোধী শক্তিগুলিকে একজোট করার ক্ষেত্রে তারা যে আম আদমি পার্টির (আপ) তুলনায় বেশি সক্রিয়, সেই রাজনৈতিক বার্তা তুলে ধরা। আসলে বিজেপি-অকালি জোটের পাল্টা হিসেবে বিরোধী শিবিরে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে কংগ্রেস। দলীয় নেতৃত্বের ধারণা, বাম দলগুলি ‘ইন্ডিয়া’ জোটের শরিক হওয়ায় তাদের সঙ্গে সমঝোতা হলে জাতীয় স্তরে বিরোধী ঐক্যের বার্তাও দেওয়া সম্ভব হবে। একসময় পাঞ্জাবে বামপন্থী আন্দোলনের যথেষ্ট প্রভাব ছিল। সেই ঐতিহাসিক রাজনৈতিক অবস্থানকেও কাজে লাগাতে চাইছে কংগ্রেস।
তবে বাস্তব পরিস্থিতি যথেষ্ট কঠিন। কারণ, একসময় পাঞ্জাবে বামেদের কিছুটা জনভিত্তি থাকলেও সাম্প্রতিক নির্বাচনে সে প্রভাব কার্যত তলানিতে এসে ঠেকেছে। গত চারটি নির্বাচনে রাজ্যের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি সিপিআইএম কিংবা সিপিআই। ২০১৪ সালের পর থেকে কোনও নির্বাচনেই পাঞ্জাবে এক শতাংশ ভোটের গণ্ডি পেরোতে পারেনি বাম দলগুলি। ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমানে রাজ্যে বামেদের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন অত্যন্ত সীমিত। যদিও পাঞ্জাবের বামপন্থী আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। একসময় রাজ্যের কৃষক ও শ্রমিক আন্দোলন গোটা দেশের বামপন্থী রাজনীতিকে অনুপ্রাণিত করেছিল। সে অতীত ঐতিহ্যকে সামনে রেখেই এখনো নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছে বাম দলগুলি। কংগ্রেসও সেই ঐতিহাসিক অবস্থানকে কাজে লাগিয়ে তাদের নিজেদের জোটের ছাতার তলায় আনতে চাইছে।
কিন্তু জোট আলোচনা সফল হলেও আসন সমঝোতাই হতে পারে সবচেয়ে বড়ো বাধা। বামেদের জন্য কতগুলি আসন ছাড়তে রাজি হবে কংগ্রেস, তা নিয়েই তৈরি হতে পারে জটিলতা। একদিকে রাজ্যে নিজেদের শক্তি ধরে রাখা, অন্যদিকে জোটের শরিকদের সন্তুষ্ট করা — দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে হাত শিবিরকে। অন্যদিকে, মঙ্গলবারই পাঞ্জাবে আনুষ্ঠানিকভাবে জোটের কথা ঘোষণা করেছে বিজেপি ও শিরোমণি অকালি দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে পাশে বসিয়ে এই ঘোষণা করেন। শুধু জোটের ঘোষণা নয়, আসন্ন নির্বাচনে দুই দলের মধ্যে কে বৃহৎ শরিক হবে, সে প্রশ্নেও স্পষ্ট বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। অমিত শাহের ঘোষণায় জানানো হয়েছে, পাঞ্জাবে বড়ো শরিকের ভূমিকা থাকবে অকালি দলের হাতেই।
সূত্রের খবর, ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি প্রায় ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৭ সালের বিধানসভা নির্বাচনে অকালি দলের সঙ্গে জোটে থেকে মাত্র ২৩টি আসনে লড়েছিল বিজেপি। সে তুলনায় এবার প্রায় দ্বিগুণ আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের সামনে। এর ফলে রাজ্যের আরও বেশি এলাকায় নিজেদের রাজনৈতিক উপস্থিতি ও সাংগঠনিক শক্তি তুলে ধরার সুযোগ পেতে পারে বিজেপি।
❤ Support Us








