Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২৭, ২০২৬

ক্ষুব্ধ কিম, রাশিয়ায় অস্ত্র ও সৈন্য সরবরাহ বন্ধের সিদ্ধান্ত উত্তর কোরিয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষুব্ধ কিম, রাশিয়ায় অস্ত্র ও সৈন্য সরবরাহ বন্ধের সিদ্ধান্ত উত্তর কোরিয়ার

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করে দিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে নিয়ে রাশিয়ার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কিম জং উন এই সিদ্ধান্ত নিয়েছেন। কিমের এই সিদ্ধান্তের ফলে উত্তর কোরিয়া রাশিয়াকে আর কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা সরবরাহ করবে না। একইসঙ্গে উত্তর কোরিয়ার আকাশে রাশিয়ার সামরিক বিমানের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অন্যান্য সামরিক সহযোগিতাও বন্ধ করা সিদ্ধান্ত নিয়েছেন কিম।

রাশিয়ার উপ–পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কোর এক মন্তব্যে ক্ষুব্ধ উত্তর কোরিয়া। রুদেঙ্কো বলেছিলেন যে, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা কমাতে রাশিয়া সাহায্য করবে। তাঁর এই মন্তব্যে অসন্তুষ্ট উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। তিনি পরিস্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, রুদেঙ্কোর এই মন্তব্য দুই দেশের জোটের পরিপন্থী। তিনি দক্ষিণ কোরিয়ার বিষয়ে রাশিয়ার নীতি স্পষ্ট করার দাবি জানান। সামরিক সহায়তা বন্ধ রাখার সিদ্ধান্তটি কিম জং উন নিজেই নিয়েছিলেন।

ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার পর উত্তর কোরিয়া ২০২৩ সাল থেকে সেদেশে অস্ত্র এবং ২০২৪ সাল থেকে সৈন্য পাঠিয়ে আসছে। এছাড়া উত্তর কোরিয়া রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা সরবরাহ করেছে, যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া ১৪০০০ সৈন্যও পাঠিয়েছে। ইউক্রেনীয়, পশ্চিমা এবং উত্তর কোরীয় কর্তাদের মতে, এই সৈন্যদের মধ্যে অন্তত ৬০০০ জন নিহত হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মতে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছে তার সৈন্যসংখ্যা প্রায় ৮৫০০ থেকে বাড়িয়ে ৫০০০০ করার দাবি করেছিল। তবে, উত্তর কোরিয়া এই দাবি মানেনি। সামরিক সহায়তা বন্ধ সত্ত্বেও, উত্তর কোরিয়ার সৈন্যরা এখনও রাশিয়ায় রয়েছে। তাদের ১১তম আর্মি কোরের ইউনিটগুলি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে মোতায়েন রয়েছে। গ্রীষ্মের মাঝামাঝি সময় থেকে রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে ১১২তম মিসাইল ব্রিগেডের সঙ্গে একটা উত্তর কোরীয় মিসাইল ইউনিট রয়েছে। ৭ নভেম্বর, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি দাবি করেন যে, রাশিয়া একটা ইউক্রেনীয় জ্বালানি স্থাপনায় কেএন–২৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে উত্তর কোরীয় নেতা কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী জো ইয়ং ওনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা দুজনেই পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেছেন। সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পুতিনও উত্তর কোরিয়ার সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্ব্যক্ত করেন। ২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়া একটা ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এতে পারস্পরিক প্রতিরক্ষারও ব্যবস্থাও রয়েছে। পুতিন বলেছেন যে, উত্তর কোরিয়ার সঙ্গে শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা এবং একট্‌আ বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে। রাশিয়াকে দেওয়া সামরিক সহায়তা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে চাপের মধ্যে থাকা উত্তর কোরিয়ার জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উৎসও বটে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!