- বি। দে । শ
- নভেম্বর ২৬, ২০২৬
বেলুচিস্তানের মাস্তুং জেলায় সামরিক অভিযান, বাস্তুচ্যুত ৭০ হাজার মানুষ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় সামরিক অভিযানে প্রায় এক ডজন মানুষ নিহত এবং ১০০–র বেশি মানুষ আহত হয়েছেন। চারটি ইউনিয়ন পরিষদের প্রায় ৭০০০০ মানুষ বাস্তুচ্যুত। স্থানীয় বাসিন্দারা জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ করেছেন। এতে বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাশনাল পার্টির নেতা আবদুল মালিক বেলুচ সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সুরক্ষা ও ক্ষতিপূরণের দাবি করেছেন।
বেলুচিস্তানের মান্তুং জেলায় পাকিস্তানি সেনাবাহিনী গোলাবর্ষণ চালায়। এই অভিযানের ফলে চারটি ইউনিয়ন পরিষদের প্রায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের এক প্রতিনিধিদল ন্যাশনাল পার্টির নেতা আব্দুল মালিক বালুচের সঙ্গে সাক্ষাৎ করে এই অভিযানের কথা জানায়। প্রতিনিধিদলে কার্দেগাপ তহসিলের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রতিনিধিরা ছিলেন। তাঁরা অভিযোগ করেন, এলাকার মানুষজনকে ২৪ ঘণ্টার মধ্যে বাড়িঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গুরগিনার কিল্লি পাসুন্দ খান বাজার পুড়ে যাওয়ায় কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আগুনে দোকানপাট, গবাদি পশু, কয়েক ডজন বাড়ি এবং গহনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, কিল্লি গুফতারি এবং কিল্লি খুরাসানির সমস্ত দোকানও পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছে, সামরিক অভিযানের সময় কৃষি প্রকল্পের জন্য বিদ্যুৎ সরবরাহকারী সৌর বিদ্যুৎ ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। যার ফলে কৃষি কার্যক্রম ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তাদের সম্পত্তি ও জীবিকা হারানোর অভিযোগ করেছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণ, অগ্নিসংযোগ এবং জনগণকে ভয় দেখানোর তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাশনাল পার্টির নেতা আব্দুল মালিক বালোচ। তিনি বলেন, ‘জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। পৈতৃক ভিটে থেকে জনগণকে উচ্ছেদ করা একেবারেই গ্রহণযোগ্য নয়। ন্যাশনাল পার্টি এই জোরপূর্বক উচ্ছেদের বিরোধিতা করে।’ তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকরা চরম দুর্ভোগ, ভয় এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনও পদক্ষেপে জনগণের জীবন ও তাদের মৌলিক অধিকার রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’
প্রতিনিধিদল সামরিক অভিযানে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হস্তক্ষেপ করার জন্য আব্দুল মালিক বালোচের কাছে আবেদন জানিয়েছে। বাড়িঘর, দোকানপাট, গবাদি পশু ও অন্যান্য সম্পত্তির ক্ষতির জন্য স্থানীয় লোকজন ক্ষতিপূরণ দাবি করেছেন। প্রতিনিধিদলের অভিযোগ, এলাকার মানুষদের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাদের পৈতৃক বাড়ি ছেড়ে যেতে বলা হচ্ছে, যা পরিবারগুলির মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে।
❤ Support Us







