- বি। দে । শ
- নভেম্বর ২৭, ২০২৬
আমেরিকায় হারিকেনের তাণ্ডব ! বিদ্যুৎহীন ৯ লাখ বাড়ি, বাতিল চারশো উড়ান, স্থগিত ঐতিহ্যবাহী ‘থ্যাঙ্কসগিভিং প্যারেড’
‘থ্যাঙ্কসগিভিং’ দিনটা মার্কিনিদের কাছে আবেগের। আর এই দিনেই কিনা আঘাত হানল হ্যারিকেন। হ্যারিকেনের দাপটে মার্কিন যুক্তরাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত। প্রবল বাতাস, বৃষ্টি এবং বন্যায় বহু এলাকায় জনজীবন বিপর্যস্ত। গাছ ভেঙে পড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। বিমান চলাচলও ক্ষতিগ্রস্ত। প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল, ২০০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল।
প্রবল ঝড়ের আশঙ্কায় নিউইয়র্কের বার্ষিক মেসিস থ্যাঙ্কসগিভিং প্যারেড শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্যারেডের প্রধান আকর্ষণ বিশাল আকারের বেলুনের সমাহার। গত ১০০ বছরে এই প্রথমবার মেসিস প্যারেড স্থগিত করা হলো। এর আগে শেষবার এই প্যারেড বন্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেময় টানা তিন বছর প্যারেড অনুষ্ঠিত হয়নি। আয়োজকরা জানিয়েছেন, এই স্থগিতাদেশে তারা দুঃখিত, কিন্তু অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৯৯৭ সালে প্রবল বাতাসের কারণে প্যারেডে একটা দুর্ঘটনা ঘটেছিল। ১৮ ফুট লম্বা ‘ক্যাট ইন দ্য হ্যাট’ বেলুনট পড়ে ল্যাম্পপোস্টে আঘাত করে, এক ব্যক্তি প্রাণ হারান।
মিসৌরি থেকে নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত এ ঝড় মধ্য–আটলান্টিক এবং উত্তর–পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস বয়ে এনেছে। অন্যদিকে মধ্য–পশ্চিমের কিছু অংশে ভারী তুষারপাত হয়েছে। অনেক উপকূলীয় এলাকায় জলস্তর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম ভার্জিনিয়া। এই রাজ্যে ২ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন। মেরিল্যান্ডে দেড় লাখেরও বেশি জায়গায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। অন্যদিকে সারারাতর তুষারপাতে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মিসৌরির অন্তত ১ লাখ ২৯ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হন।
পেনসিলভেনিয়ায় ৭০ হাজারেরও বেশি এবং নিউ জার্সিতে ৬০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ হারান। অন্যান্য ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে নর্থ ক্যারোলাইনা, ইলিনয় এবং ডেলাওয়্যার। ঝড়ের কারণে পেনসিলভানিয়া এবং নিউ জার্সিকে সংযোগকারী প্রধান সেতু কমোডোর ব্যারি ব্রিজটি বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন। প্রবল ঝড়ের কারণে সেতুর যান চলাচলের লেনের ওপরের ওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্যাপক ক্ষতি হয়। পরিস্থিতি উন্নতি হলে ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম মেরামত করে সেতুটি দ্রুত খুলে দেওয়া হবে। এছাড়া ঝড়ের কারণে বেশ কয়েকটি প্রধান সেতুও বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা জনগণকে রাস্তায় কম চলাচল করতে এবং সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়াতেও প্রভাব পড়েছে। উঁচু ঢেউয়ের কারণে কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। সান ফ্রান্সিসকোতেও ভারী বৃষ্টিপাত হয়েছে।
❤ Support Us








