Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৭, ২০২৬

শাহজাহানের দীক্ষাগুরুর মাজারে ‘বিশ্ব ঐতিহ্য দিবস’ পালন ইতিহাস বিভাগের পড়ুয়াদের

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহজাহানের দীক্ষাগুরুর মাজারে ‘বিশ্ব ঐতিহ্য দিবস’ পালন ইতিহাস বিভাগের পড়ুয়াদের

প্রায় ৩৮০ বছর ধরে সম্প্রীতির নিশান ওড়াচ্ছে মঙ্গলকোটের পীর সুফি সাধক দানেশমন্দর মাজার। সে মাজারের সামনে ‘ওয়ার্ল্ড হেরিটেজ উইক’ পালনের মাধ্যমে এলাকায় স্থানীয় ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণের বার্তা ছড়ানোর কর্মসূচি শুরু করলেন মঙ্গলকোট সরকারি কলেজের ইতিহাস বিভাগের একঝাঁক পড়ুয়া।

প্রত্নসন্ধানী সম্রাট মুনশি মঙ্গলকোটের প্রাচীন ইতিহাস সম্পর্কে অবহিত করেন পড়ুয়াদের। মঙ্গলকোটে  সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত পোঁতেন মোগল সম্রাট শাজাহানের শিক্ষা ও দীক্ষাগুরু আব্দুল হামিদ দানেশমন্দ ওরফে হামিদ বাঙালি ঐতিহ্যের সৌরভ আজও বুক দিয়ে আগলে রেখেছে তামাম মঙ্গলকোট। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের সমস্ত উৎসবেই সে ছবি দেখা যায়। সম্প্রীতি রক্ষায় পুলিশ-প্রশাসনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। মঙ্গলকোটে পীর পাঞ্জাতন বাবার মাজারে চাদর চাপিয়ে কালীপুজোর  সূচনার দস্তুরও শতাধিক বছরের।

সুদূর পারস্য থেকে পায়ে হেঁটে মঙ্গলকোটে এসেছিলেন সুফি আবদুল হামিদ দানেশমন্দ। শের আফগানের সঙ্গে মোগলদের যুদ্ধের সময় বর্ধমানে আসেন শাহজাদা খুররম। যিনি পরে শাহজাহান বাদশা নাম নিয়ে মোগল সম্রাট হন। বর্ধমানে এসে খুররম সুফি আবদুল হামিদ দানেশমন্দের সান্নিধ্যে আসেন। তাঁর জ্ঞান-গরিমা-দর্শনে মোহিত হয়ে তাঁর কাছে দীক্ষাও নেন। কথিত আছে, দিল্লির তখ্ত-এ-তাউস-এ বসার পর গুরুকে শ্রদ্ধা জানাতে দিল্লি থেকে পায়ে হেঁটে মঙ্গলকোটে আসেন শাজাহান।

গুরুর প্রতি এমন শ্রদ্ধাজ্ঞাপন ইতিহাসের দৃষ্টান্ত। আর আব্দুল হামিদ দানেশমন্দ নিজে পার্সি হলেও বাংলা ও বাঙালিকে অন্তর থেকে ভালোবাসতেন। ‘বাঙালি’ হিসেবে নিজের পরিচয় দিতেন। ধর্ম ও সুফিবাদের প্রচারের পাশাপাশি ‘হামিদ বাঙালি’ হিসেবে পরিচিত দানেশমন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। সে ভূমিকার রেশ ধরেই  আজও সম্প্রীতির কেতন ওড়ায় মঙ্গলকোট। মঙ্গলকোটের এ ধরনের আরও ইতিহাস জানার জন্য এলাকায় ঘুরে ঘুরে ক্ষেত্রসমীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন কলেজের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!