- দে । শ
- নভেম্বর ২৬, ২০২৬
ভোটার তালিকায় নাম তুলতে থানায় হাজিরা পূর্বস্থলীতে
ভোটার তালিকায় নাম তুলতে এবার পুলিশের শরণ। ভোর থেকেই পূর্বস্থলী থানার সামনে ভিড়। গোটা থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ভোটার তালিকায় ঠাঁই না পাওয়া বাসিন্দারা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির। দাবি, পঞ্চায়েত, ব্লক, ট্রাইবুনাল থেকে শুরু করে যখন যেখানে কাগজপত্র জমা দিতে বলেছে, তখনই সেখানে দিয়েছি। এখন আবার থানায় জমা দিতে হচ্ছে। প্রশ্ন, আর কত হয়রানির শিকার হতে হবে ? পুলিশ সূত্রের খবর, হাতে গোনা কয়েকজনকে ডাকা হয়েছে। কিন্তু অনেকে ডাক না পাওয়া সত্ত্বেও নিজে থেকেই চলে এসেছেন।
পূর্বস্থলী পঞ্চায়েতের বাসিন্দা শংকরপ্রসাদ মণ্ডল জানান, ‘ব্লকে শুনানির সময় সব নথি দিয়েছি। তার আগে প্রশাসনের কাছে জমা করেছি। ফের থানায় আসতে হল। ভারতীয় নাগরিক হয়েও বারবার এভাবে আসতে হওয়ায় খুবই অসম্মানিত বোধ করছি।’ আবার এই একটামাত্র কাজের জন্য কেরালা থেকে এক বছরে ৪ বার বাড়ি ফিরতে হয়েছে পূর্বস্থলীর বাবুইডাঙা গ্রামের পরিযায়ী শ্রমিক কাজল শেখকে। খানিকটা উষ্ণ হয়েই বললেন, ‘কেরালায় মজুরের কাজ করি। আমার রোজগারে সংসারে চারটে পেট চলে। আর একবার যাতায়াতেই তিন হাজার টাকার কাছাকাছি খরচ। একই কাগজপত্র আর কতবার দেখাতে হবে।’ ২০০২-র ভোটার তালিকায় কাজলের নাম না থাকলেও তার মা-বাবা-ভাইয়ের নাম রয়েছে বলে দাবি। আরও দাবি, ‘আমার নাম অন্যায় করে বাদ দেওয়া হয়েছে।’ পাটুলির মহেশচন্দ্র বিশ্বাসও এদিন থানা লাগোয়া চত্বরে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন। বললেন, ‘সব নথি কালনায় জমা দিয়েছি। বর্ধমানে জমা দিয়েছি। আবার আজকে জমা দিতে এসেছি। আমাদের নিয়ে ছেলেখেলা হচ্ছে।’ পূর্বস্থলীর এক পুলিশ আধিকারিক জানালেন, ‘ট্রাইবুনাল বা নির্বাচন কমিশনে যারা নথি জমা দিয়েছেন, তাদের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া কয়েকজনকে ডেকে সেই নথি যাচাই করা হচ্ছে। আবার অনেকে নতুন নথিও দেখাচ্ছেন। সেসবও যাচাই করা হচ্ছে। সবাইকে তো ডাকা হয়নি।’
❤ Support Us





