Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৬, ২০২৬

শীতকালীন অধিবেশন নিয়ে সংশয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন ? প্রস্তুতি সারার নির্দেশ প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
শীতকালীন অধিবেশন নিয়ে সংশয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন ? প্রস্তুতি সারার নির্দেশ প্রধানমন্ত্রীর

শীতকালীন অধিবেশন কবে বসবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বরং সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনের মেয়াদ বাড়িয়েই কয়েক দিনের জন্য বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দুই থেকে তিন দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন বসতে পারে। সম্ভাব্য দিন ৩ থেকে ৫ ডিসেম্বর। অথবা ৬ ডিসেম্বর এক দিনের জন্যও বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। এর মধ্যেই সংসদের অধিবেশনের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশন শুরুর আগে মন্ত্রীদের বিদেশ সফর এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি।

সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ ফের বসার আগে সমস্ত মন্ত্রককে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ রাখার কথা বলেছেন তিনি। যদিও অধিবেশনের দিনক্ষণ ও মেয়াদ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রিসভার কমিটিই এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, আলাদা করে শীতকালীন অধিবেশন ডাকার বদলে চলতি বর্ষাকালীন অধিবেশনের মেয়াদ বাড়িয়ে কয়েক দিনের জন্য সংসদের কাজ চালানোর পথেই হাঁটতে পারে কেন্দ্র। এর পিছনে রয়েছে সময়ের অঙ্ক। প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন করে পূর্ণাঙ্গ অধিবেশন ডাকতে অন্তত ১৪ দিনের আগাম নোটিস দিতে হয়। কিন্তু চলতি অধিবেশনের মেয়াদ বাড়াতে গেলে সে বাধ্যবাধকতা তুলনায় কম। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্বল্প সময়ের নোটিসে বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।

গত ১৩ আগস্ট সংসদের দুই কক্ষের বর্ষাকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো আনুষ্ঠানিক ভাবে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়নি। সংসদীয় পরিভাষায় অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তির এই প্রক্রিয়াকে বলা হয় ‘প্রোরোগেশন’। অর্থাৎ, অধিবেশন মুলতুবি হলেও তা আনুষ্ঠানিক ভাবে শেষ হয়নি। বুধবার রাত পর্যন্ত বর্ষাকালীন অধিবেশন মুলতুবি হওয়ার ১০৩ দিন পেরিয়ে গিয়েছে। এ পরিস্থিতিতে সরকার নতুন অধিবেশন না ডেকে পুরনো অধিবেশনের মেয়াদ বাড়াতে পারে বলে জল্পনা। লোকসভার কার্যপ্রণালী বিধির ১৫ নম্বর ধারাতেও সেই সুযোগ রয়েছে। ওই বিধি অনুযায়ী, কোনো অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যাওয়ার পরেও সংসদের আনুষ্ঠানিক প্রোরোগেশন না হলে স্পিকার যে কোনো সময় অধিবেশন ডাকতে পারেন। তাই নতুন করে ১৪ দিনের নোটিসের অপেক্ষা না করে ১৫ নম্বর বিধি মেনেই বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবতে পারে সরকার।

তবে অধিবেশন ঘিরে রাজনৈতিক তৎপরতার মূল কারণ দু–টি গুরুত্বপূর্ণ বিল। ‘ডিলিমিটেশন বিল, ২০২৬’ এবং ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬’ পাশ করানোই এখন কেন্দ্রের অন্যতম লক্ষ্য বলে জানা যাচ্ছে। দ্বিতীয় বিলটির মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার প্রস্তাব রয়েছে। তবে সেই সংরক্ষণ কার্যকর করার সঙ্গে যুক্ত করা হয়েছে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের বিষয়টিও। সরকারের কাছে এই বিল পাশ করানো সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। কারণ, সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। ৫৪৩ আসনের লোকসভায় সে সংখ্যা ৩৬১। যদিও বর্তমানে তিনটি আসন ফাঁকা থাকায় সাংসদ রয়েছেন ৫৪০ জন। সূত্রের দাবি, ‘এনডিএ’-র হাতে রয়েছে ৩২০ জন সাংসদের সমর্থন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে বিরোধী শিবিরেরও একাংশের সমর্থন প্রয়োজন হতে পারে সরকারের।

গত ১৭ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশনে এই সংবিধান সংশোধনী বিল প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ করানো সম্ভব হয়নি। তার পর থেকে রাজনৈতিক সমীকরণে কিছু পরিবর্তন ঘটেছে বলে দাবি করা হচ্ছে। বিরোধী শিবিরের ২৬ জন সাংসদ দলবদল করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ। তাঁরা দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন এবং এনডিএ-কে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবর। অন্যদিকে, উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)-র ছ–জন সাংসদ একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিয়েছেন।  তবুও বিল পাশ করানোর মতো প্রয়োজনীয় সংখ্যা এখনো মোদি সরকারের হাতে নেই বলেই দাবি সংশ্লিষ্ট মহলের। ফলে ডিএমকে এবং শরদচন্দ্র পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। লোকসভায় ডিএমকে-র ২২ জন এবং এনসিপি (শরদচন্দ্র পওয়ার)-এর আট জন সাংসদ রয়েছেন। তাঁদের সমর্থন পাওয়া গেলে সরকারের পক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলানো কিছুটা সহজ হতে পারে।

তবে শুধু সংখ্যার অঙ্ক নয়, সংসদের ভিতরে বিরোধীদের প্রতিবাদও সরকারের সামনে বড়ো বাধা হয়ে উঠতে পারে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনও জোরদার হয়েছে। বিরোধীদের আশঙ্কা, ‘এসআইআর’-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়তে পারে। এ বিষয়টি নিয়ে সংসদের ভিতরে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। ফলে অধিবেশন শুরু হলেও স্বাভাবিক কাজকর্ম কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থাকছে। শাসক জোটের এক সদস্যের বক্তব্য, সংসদের কাজকর্ম স্বাভাবিক ভাবে না চললে সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা এবং ভোটাভুটি করা কঠিন হয়ে পড়বে। অর্থাৎ, বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করার পাশাপাশি বিরোধীদের বিক্ষোভ সামলানোও সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ।

এদিকে, লোকসভার আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়েও ভাবনাচিন্তা করছে কেন্দ্র। দেশের সমস্ত রাজ্যের লোকসভা আসনই আনুপাতিক হারে বাড়ানোর কথা বিবেচনা করা হচ্ছে বলে সূত্রের খবর। মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ প্রশমিত করতেই এই প্রস্তাব। ওই রাজ্যগুলির আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস করা হলে লোকসভায় তাদের প্রতিনিধিত্বের অনুপাত কমে যেতে পারে। বিশেষত, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে দক্ষিণের রাজ্যগুলি রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে বলে দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের মধ্যে লোকসভা আসন বণ্টনের যে অনুপাত রয়েছে, তা বজায় রেখেই আসনসংখ্যা বাড়ানো হতে পারে। অর্থাৎ, মোট আসন বাড়লেও রাজ্যগুলির মধ্যে বিদ্যমান আনুপাতিক প্রতিনিধিত্বের কাঠামো অক্ষুণ্ণ রাখার চেষ্টা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।

সংসদের সম্ভাব্য বিশেষ অধিবেশন ঘিরে যখন এই রাজনৈতিক অঙ্ক কষা চলছে, তখন পাঞ্জাবের রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরির প্রস্তুতি চলছে। আগামী ৮ ডিসেম্বর পাঞ্জাবে বিজেপি এবং শিরোমণি অকালি দলের (এসএডি) বড়ো সমাবেশ হওয়ার কথা। ছ–বছরের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে সম্প্রতি ফের জোটবদ্ধ হয়েছে দুই দল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশকে দুই দলের ঐক্যের প্রথম বড়ো শক্তিপ্রদর্শন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ওই সমাবেশের আগে বা পরে সংসদের বিশেষ অধিবেশন ডাকার বিষয়টি চূড়ান্ত করতে পারে কেন্দ্র। শুধু তা-ই নয়, ৮ ডিসেম্বরের সমাবেশের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়োসড়ো রদবদল হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। 

সূত্রের দাবি, জোটসঙ্গী শিরোমণি অকালি দল এবং জনতা দল (ইউনাইটেড)-এর গুরুত্বপূর্ণ নেতাদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। সম্ভাব্য রদবদলের দিনক্ষণ ১৫ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথমার্ধ কেন্দ্রীয় সরকারের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক দিকে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ এবং সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করানোর তাগিদ, অন্যদিকে লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চ্যালেঞ্জ। তার সঙ্গে ‘এসআইআর’ নিয়ে বিরোধীদের প্রতিবাদ এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ। এ পরিস্থিতিতে শীতকালীন অধিবেশনের বদলে বর্ষাকালীন অধিবেশনের মেয়াদ বাড়িয়ে বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনাই আপাতত বেশি বলে মনে করছে রাজনৈতিক মহল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ বসে কি না, এখন সেদিকেই নজর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!