Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৬, ২০২৬

বাংলার রাস্তাতেও নামবে রাফালে ! ২৭ হাজার কোটির সড়ক প্রকল্পের ঘোষণা, নীতীন গড়করির কাছে বিশেষ আবেদন শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলার রাস্তাতেও নামবে রাফালে ! ২৭ হাজার কোটির সড়ক প্রকল্পের ঘোষণা, নীতীন গড়করির কাছে বিশেষ আবেদন শুভেন্দুর

আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল উন্নত সড়ক পরিকাঠামো। দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা—প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উন্নত ও মজবুত সড়কপথ। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে বড়সড় উদ্যোগের কথা ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার কোলাঘাটের এক অনুষ্ঠানে রাজ্যের সড়ক পরিকাঠামোর উন্নয়নে মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের নতুন ও সম্প্রসারিত সড়কগুলির পরিকাঠামো নিয়ে বিশেষ প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, অসমের ডিব্রুগড়ের মোরান বাইপাসের মতো বাংলার কিছু গুরুত্বপূর্ণ রাস্তাও এমনভাবে তৈরি করা হোক, যাতে জরুরি পরিস্থিতিতে সেখানে যুদ্ধবিমান অবতরণ করতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় এই ধরনের পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অসমের ডিব্রুগড়ের মোরান বাইপাসে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব দৃশ্য। সদ্য নির্মিত প্রশস্ত ও মসৃণ জাতীয় সড়কের উপর সফলভাবে অবতরণ করেছিল ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান। সেই দৃশ্য সামনে আসতেই দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। সাধারণ সড়কপথেও যে যুদ্ধবিমান অবতরণ করতে পারে, তা দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই।

তবে এই ব্যবস্থা শুধুমাত্র সড়ক যোগাযোগের উন্নতির জন্য নয়, এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কৌশলগত ও প্রতিরক্ষা সংক্রান্ত পরিকল্পনা। সীমান্তে আচমকা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিমানঘাঁটি ছাড়াও বিকল্প অবতরণস্থল হিসেবে যাতে সড়কপথ ব্যবহার করা যায়, সেই লক্ষ্যেই উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাকে বিশেষভাবে তৈরি করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে সুখোই, রাফালে কিংবা হারকিউলিসের মতো সামরিক বিমান যাতে নিরাপদে অবতরণ করতে পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

কোলাঘাটের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই প্রসঙ্গই তুলে ধরেন শুভেন্দু অধিকারী। নীতীন গড়করির কাছে তাঁর আবেদন, বাংলার নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলির নির্মাণেও যেন একই ধরনের পরিকাঠামোর কথা মাথায় রাখা হয়। বিশেষ করে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি এমনভাবে তৈরি করা হোক, যাতে প্রয়োজনে সেগুলি যুদ্ধবিমানের অবতরণস্থল হিসেবেও ব্যবহার করা সম্ভব হয়।

কারণ, যুদ্ধবিমান অবতরণের জন্য সাধারণ রাস্তার পরিকাঠামো যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন বিশেষভাবে নির্মিত অত্যন্ত মজবুত কংক্রিটের কাঠামো, যা ভারী বিমানের ওজন ও অবতরণের ধাক্কা সামলাতে সক্ষম। সাধারণ সড়কের পাশাপাশি এমন বিশেষ পরিকাঠামো তৈরি করা যথেষ্ট ব্যয়সাপেক্ষ ও প্রযুক্তিগতভাবে জটিল।

উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর, যা সাধারণভাবে ‘চিকেন নেক’ নামে পরিচিত, ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকীর্ণ ভূখণ্ডের একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ এবং উত্তর দিকে চিন সীমান্তের অবস্থান। ফলে এই অঞ্চলের যোগাযোগ ও প্রতিরক্ষা পরিকাঠামো শক্তিশালী করা কেন্দ্রের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

শিলিগুড়ির বাগডোগরা এবং আলিপুরদুয়ারের হাসিমারায় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। সেই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই বাংলার উত্তরাঞ্চলের সড়কগুলিকে আরও শক্তিশালী ও আধুনিক করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠান থেকে শিলান্যাস ও উদ্বোধন মিলিয়ে মোট ২৭ হাজার কোটি টাকার সড়ক প্রকল্পের ঘোষণা করেন নীতীন গড়করি। আগামী পাঁচ বছরে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে বলে আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী যতই প্রকল্পের দাবি জানান না কেন, কেন্দ্রের তরফে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনও ঘাটতি হবে না।

এদিন ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশের ছয় লেনের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পে খরচ হয়েছে ২,১৯৩ কোটি টাকা। পাশাপাশি ফরাক্কায় গঙ্গার উপর নির্মিত চার লেনের সেতুরও উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৫২১ কোটি টাকা। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ২২টি সড়ক প্রকল্পের শিলান্যাস করা হয়।

নতুন ২২টি প্রকল্পে কোন কোন রাস্তা তৈরি ও সম্প্রসারিত হবে ?

ঘোষিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে একাধিক বড় রিং রোড, এক্সপ্রেসওয়ে সংযোগ, সেতু নির্মাণ এবং জাতীয় সড়কের সম্প্রসারণ। প্রকল্পগুলির বিস্তারিত তালিকা নিচে দেওয়া হল।

১. কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে: দুর্গাপুরে এই এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ তৈরি করা হবে।

২. কলকাতা রিং রোড: প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি হবে। এর মাধ্যমে কোনা, বেলঘরিয়া, কল্যাণী-কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ তৈরি হবে।

৩. শিলিগুড়ি রিং রোড: ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে।

৪. হুগলি নদীতে টুইন টানেল: বন্দর এলাকায় ২৪ ঘণ্টা পণ্যবাহী গাড়ি চলাচলের সুবিধা তৈরি করতে হুগলি নদীর তলদেশে টুইন টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

৫. জোকা-নামখানা সড়ক ও ফলতা-বাগনান সেতু: জোকা থেকে নামখানা পর্যন্ত চার লেনের রাস্তা তৈরি হবে। পাশাপাশি হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু নির্মাণ করা হবে।

৬. চাউলখোলা-অলংকারপুর সড়ক: রামনগর বাইপাস-সহ ১১৬ বি জাতীয় সড়কের এই অংশ সম্প্রসারণে বরাদ্দ ৮১২.৫০ কোটি টাকা।

৭. ঠাকুরনগর-নাচিন্দা: ১১৬ বি জাতীয় সড়কের সম্প্রসারণে বরাদ্দ ৪৬৯.৩৫ কোটি টাকা।

৮. নামখানা-বকখালি: ১২ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণে খরচ হবে ২৩৭.৩৭ কোটি টাকা।

৯. ভীমগড়-মল্লারপুর: ১৪ নম্বর জাতীয় সড়কের এই অংশের উন্নয়নে বরাদ্দ ২৫৭ কোটি টাকা।

১০. মল্লারপুর-নলহাটি: ১৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণে বরাদ্দ ১০০.২৯ কোটি টাকা।

১১. সুরুল-মল্লারপুর ও পুরন্দরপুর-রঙাইপুর: ১৪ নম্বর জাতীয় সড়কের উন্নয়ন এবং পুরন্দরপুর-রঙাইপুর অংশের দুই লেনের রাস্তা সম্প্রসারণে বরাদ্দ ১৫১.৩২ কোটি টাকা।

১২. নরঘাটে সেতু নির্মাণ: ১১৬ বি জাতীয় সড়কের উপর সেতু নির্মাণে বরাদ্দ ২৩১.৭১ কোটি টাকা।

১৩. মন্তেশ্বর-দাঁইহাট: মন্তেশ্বর থেকে দাঁইহাট মোড় পর্যন্ত সড়ক সম্প্রসারণে খরচ হবে ১৫১.৯৯ কোটি টাকা।

১৪. বর্ধমান-কাটোয়া: এই সড়কের সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ ১৭২.২৯ কোটি টাকা।

১৫. রঘুনাথপুর-চন্দনকিয়ারি-চাস: গোয়াই নদী চেকপোস্ট পর্যন্ত সড়ক সম্প্রসারণে বরাদ্দ ২৩৫.২৬ কোটি টাকা।

১৬. মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা: বিভিন্ন সড়কের সংযুক্তিকরণ প্রকল্পে বরাদ্দ ১৮৭.৩৩ কোটি টাকা।

১৭. বিষ্ণুপুর-বেলেঘাটা: লাঙলপোতা থেকে কাঁচকল পর্যন্ত সেতু সম্প্রসারণে খরচ হবে ১৫৪.৮৩ কোটি টাকা।

১৮. এসটিকেকে সড়ক: বান্দেবাজ ও গুপ্তিপাড়া থেকে কাটোয়া পর্যন্ত সড়ক সম্প্রসারণে বরাদ্দ ২৯১.৬৪ কোটি টাকা।

১৯. জুবিলি মোড়-রুনাকুড়াঘাট: এই সড়ক সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ ২৩৫.২০ কোটি টাকা।

২০. রঘুনাথপুর-চেলিয়ামা: ট্রাফিক মোড় থেকে পাকুড়ি মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণে খরচ হবে ১৮২.৭১ কোটি টাকা।

২১. আরামবাগে দ্বারকেশ্বর নদীর উপর সেতু: কালীপুর থেকে দৌলতপুরের মধ্যে যোগাযোগ তৈরি করতে নতুন সেতু নির্মাণ করা হবে। প্রকল্পে বরাদ্দ ৩৭৫.৭৮ কোটি টাকা।

২২. বিভিন্ন জাতীয় সড়কে ভেহিকুলার আন্ডারপাস: বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর রুটে ২০টি আন্ডারপাস নির্মাণে বরাদ্দ ৭৬৭ কোটি টাকা। বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা রুটে ২৫টি আন্ডারপাসের জন্য বরাদ্দ ৬৯০ কোটি টাকা। এছাড়া ১৯ নম্বর জাতীয় সড়কের বরওয়াড্ডা-পানাগড় অংশে ১২টি আন্ডারপাস নির্মাণে খরচ হবে ২৭৭ কোটি টাকা। এছাড়াও ১২ নম্বর জাতীয় সড়কের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নে ৭৮ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে।

কোলাঘাটের অনুষ্ঠান থেকে আগামী পাঁচ বছরে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন নীতীন গড়করি। তাঁর আশা, আগামী দিনে রাজ্যের রাস্তাঘাট আমেরিকার মতো উন্নত হবে। কলকাতা থেকে উত্তরবঙ্গ, শিল্পাঞ্চল থেকে উপকূলবর্তী এলাকা—রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেওয়ার লক্ষ্যেই এই বিপুল প্রকল্পের পরিকল্পনা।

তবে শুধু সাধারণ মানুষের যাতায়াত বা পণ্য পরিবহণ নয়, মুখ্যমন্ত্রীর প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলার গুরুত্বপূর্ণ সড়কগুলির একটি অংশ ভবিষ্যতে আপৎকালীন প্রতিরক্ষা পরিকাঠামো হিসেবেও ব্যবহারের সম্ভাবনা তৈরি হতে পারে। অসমের মোরান বাইপাসে রাফালে অবতরণের মতো দৃশ্য কি এবার বাংলার বুকেও দেখা যাবে? শুভেন্দু অধিকারীর আবেদনের পর সেই প্রশ্নই এখন আলোচনায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!