- এই মুহূর্তে দে । শ
- মে ১৫, ২০২৬
নন্দীগ্রামের আসন ছাড়লেন শুভেন্দু, স্পিকারের কাছে জমা দিলেন ইস্তফাপত্র
নির্বাচন কমিশনের নিয়ম মেনে অবশেষে নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । শুক্রবার তিনি নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নতুন স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে পদত্যাগপত্র জমা দেন । ফলে এখন তিনি শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই থাকছেন ।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনও প্রার্থী যদি দু’টি আসন থেকে জয়ী হন, তবে ফল ঘোষণার ১৪ দিনের মধ্যে একটি আসন ছাড়তে হয় । সেই নিয়ম মেনেই নির্ধারিত সময়ের মধ্যে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিলেন শুভেন্দু ।
গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর পাশাপাশি জোড়া আসনে লড়ে জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরও । তিনিও শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগর আসন থেকে ইস্তফা দিয়ে নওদা আসনটি নিজের কাছে রাখেন । পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, রেজিনগর উপনির্বাচনে তাঁর ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করা হবে । তবে বিজেপির তরফে এখনও নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ।
এর আগে বুধবার বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শপথগ্রহণের পর তিনি বলেন, “দু’জায়গার বিধায়ক হিসেবে শপথ নেওয়া যায় না । তাই ভবানীপুর থেকেই শপথ নিলাম । আইন অনুযায়ী নন্দীগ্রাম আসন ছাড়তে হবে ।”
তবে একই সঙ্গে নন্দীগ্রামের মানুষের উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি জানান, “নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেব না যে তাঁদের বিধায়ক শুভেন্দু অধিকারী নন।”
শপথগ্রহণের পর ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানাতে একটি বিশাল রোড শো-ও করেন মুখ্যমন্ত্রী। বিকেলে চেতলা লকগেট থেকে শুরু হওয়া সেই রোড শো ক্যামাক স্ট্রিট পর্যন্ত যায়। রাস্তার দু’ধারে ছিল উপচে পড়া জনসমাগম। বহু মানুষ বাড়ির ছাদ ও ব্যালকনি থেকে তাঁকে শুভেচ্ছা জানান। যাত্রাপথে সমর্থকদের ছোড়া ফুলের উত্তরে গাড়ি থেকে গোলাপের পাপড়ি ছুড়ে শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী।
❤ Support Us





