- এই মুহূর্তে দে । শ
- জুন ৪, ২০২৬
বিধানসভার পর তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের জল্পনা, দল ছাড়তে পারেন ১৮-১৯ সাংসদ ?
রাজ্য বিধানসভার পরিষদীয় দলের পর এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও বড়োসড়ো ভাঙনের জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’-এর পরবর্তী পর্ব শুরু হতে পারে, যেখানে তৃণমূলের একাধিক সাংসদ দল ছাড়ার পথে হাঁটতে পারেন।
প্রথমে প্রায় ১২ জন সাংসদের দলত্যাগের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে খবর সামনে আসে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সে সংখ্যা আরও বাড়তে পারে। সূত্রের দাবি, আরও অন্তত ৬ জন সাংসদ দল ছাড়ার প্রক্রিয়া শুরু করেছেন। ফলে মোট ১৮ থেকে ১৯ জন সাংসদ একযোগে তৃণমূল ছাড়তে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, সম্ভাব্য দলত্যাগীদের মধ্যে ৩ থেকে ৪ জন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। যদিও নিরাপত্তা ও কৌশলগত কারণে এখনই তাঁদের নাম প্রকাশ্যে আনতে চাইছে না সংশ্লিষ্ট নতুন গোষ্ঠী।
খুব শীঘ্রই সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগেই নয়া রাজনৈতিক সমীকরণ বাস্তবায়িত হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলবদল বিরোধী আইনের বাধা এড়াতে সংসদীয় দলের অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। সে হিসাবেই ১৮ বা ১৯ জন সাংসদকে একসঙ্গে নিয়ে এগোনোর পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের দাবি। বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। ঠিক একইভাবে দুই-তৃতীয়াংশ সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সে প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না। এ সংখ্যা ১৮ বা ১৯।
এই পর্বেই ১২ জন সাংসদের দল ভাঙা চূড়ান্ত হওয়ার পর আরও অন্তত ৬ জন তৃণমূল ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ফেলা হচ্ছে বলে খবর। শুধু লোকসভাতেই নয়, ভবিষ্যতে রাজ্যসভাতেও ‘অপারেশন লোটাস’ চালানো হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে আগামী সপ্তাহে বাংলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
❤ Support Us







