Advertisement
  • দে । শ
  • জুন ১৬, ২০২৬

কালীঘাটে অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে পুরকর্মীরা, খতিয়ে দেখা হচ্ছে নির্মাণবিধি

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীঘাটে অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে পুরকর্মীরা, খতিয়ে দেখা হচ্ছে নির্মাণবিধি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে মঙ্গলবার দুপুরে মাপজোক করতে পৌঁছলেন কলকাতা পুরসভার কর্মীরা। দুপুর ১টার কিছু পরে ফিতে ও নকশা হাতে নিয়ে তাঁরা বাড়ির বাইরের অংশে পরিমাপের কাজ শুরু করেন।

সেই সময় অভিষেক বাড়িতে ছিলেন না। সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন। ‘ডিজে বাজানো’ সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁকে এদিন তলব করেছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। একদিকে যখন ভবানী ভবনে সিআইডির জেরার মুখোমুখি হচ্ছিলেন অভিষেক, অন্যদিকে তাঁর কালীঘাটের বাড়ির বাইরে চলছিল পুরসভার পরিমাপের কাজ।

প্রাথমিক সূত্রের খবর, বাড়িটি অনুমোদিত নকশা ও নির্মাণবিধি মেনে তৈরি করা হয়েছে কি না, তা যাচাই করতেই পুরসভার কর্মীরা সেখানে যান। বিশেষ করে ফুটপাতের নির্ধারিত অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির পিছনের দিকের কালো রঙের গেট এবং সীমানা প্রাচীর ফিতে দিয়ে মেপে দেখেন পুরকর্মীরা। পাশাপাশি ফুটপাত থেকে ভবনের দূরত্ব এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ছাড় রাখা হয়েছে কি না, তাও পরীক্ষা করা হয়।

শুধু বাড়ির বাইরের অংশই নয়, সংলগ্ন একটি সেলুনের ভিতরেও গিয়ে পরিমাপের কাজ করেন পুরসভার কর্মীরা। তাঁদের সঙ্গে কিছু নকশা বা বিল্ডিং প্ল্যানও ছিল বলে জানা গিয়েছে। সেই নকশার সঙ্গে বাস্তব নির্মাণের মিল রয়েছে কি না, তাও যাচাই করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। ওই নোটিসের প্রেক্ষিতে পরবর্তীতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ বৈধ এবং নিয়ম মেনেই নির্মিত হয়েছে।
পুরসভার এই পরিমাপ ও পরিদর্শনের পর নির্মাণ সংক্রান্ত কোনও অনিয়মের অভিযোগ সামনে আসে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও প্রশাসনিক পর্যবেক্ষকদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!