- বৈষয়িক
- জুন ১৯, ২০২৬
ইপিএফ গ্রাহকদের জন্য সুখবর, চলতি মাসেই অ্যাকাউন্টে ৮.২৫% সুদের টাকা, মিলেছে কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন
বেসরকারি সংস্থার কর্মীদের জন্য বড় সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এ জমা থাকা অর্থের উপর সুদের টাকা শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর চলতি মাস থেকেই সুদের অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ইপিএফের সুদের হার ৮.২৫ শতাংশই বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনেক কর্মী সুদের হার আরও বাড়ার আশা করেছিলেন, বাস্তবে তা হয়নি। তবে সুদের হার অপরিবর্তিত থাকায় স্বস্তি পেয়েছেন লক্ষ লক্ষ ইপিএফ গ্রাহক।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-র সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) আগেই ৮.২৫ শতাংশ সুদের হার বজায় রাখার সুপারিশ করেছিল। পরে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সেই সুপারিশ অনুমোদন করে অর্থ মন্ত্রকের কাছে পাঠায়। সম্প্রতি অর্থ মন্ত্রকও এতে সম্মতি দিয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে।
সূত্রের খবর, অর্থ মন্ত্রকের অনুমোদনের পর ইপিএফও-কে সাত কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের অর্থ জমা করার নির্দেশ দেওয়া হতে পারে। সেই প্রক্রিয়া চলতি মাসেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ইপিএফ অ্যাকাউন্টে সুদের হিসাব মাসভিত্তিক করা হলেও তা এককালীনভাবে অর্থবর্ষের শেষে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়। ফলে কর্মীরা তাঁদের সঞ্চিত তহবিলে সুদের অঙ্ক যুক্ত হতে দেখতে পাবেন খুব শীঘ্রই।
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষে ইপিএফের সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবর্ষে তা বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়। বর্তমান অর্থবর্ষেও সেই হার অপরিবর্তিত রাখা হয়েছে।
❤ Support Us








