- বৈষয়িক
- নভেম্বর ২৪, ২০২৬
ডিসেম্বরেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের ! খুলবে বিনিয়োগ আর কর্মসংস্থানের নতুন দরজা ?
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে ভারত। এক দিকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েন, অন্য দিকে বিশ্ববাজারে নতুন অংশীদার খোঁজার তাগিদ— এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দিল্লির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘ আলোচনার পরে চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে আগেই। এবার আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তুতি। ভারতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জ্যঁ-এরিক পাকে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব প্রক্রিয়া ঠিকঠাক এগোলে ২৭ সালের মাঝামাঝি নাগাদ তা কার্যকর হতে পারে। চুক্তি বাস্তবায়িত হলে ইউরোপের বৃহৎ বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার যেমন বাড়বে, তেমনই বিনিয়োগ, প্রযুক্তি, পরিষেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শেষ হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। তার পর থেকে চুক্তির আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ইউরোপীয় কমিশন ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর ও চূড়ান্ত অনুমোদনের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের কাছে প্রস্তাব জমা দিয়েছে। সেই সঙ্গে চুক্তির আইনি খসড়া এবং শুল্ক সংক্রান্ত তালিকাও পেশ করা হয়েছে। কাউন্সিলের অনুমোদন মিললে দু–পক্ষ চুক্তিতে আনুষ্ঠানিক ভাবে সই করতে পারবে। তার পরে বিষয়টি যাবে ইউরোপীয় পার্লামেন্টে। পার্লামেন্টের অনুমোদন আর কাউন্সিলের পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ভারতকেও নিজস্ব আইনি ও প্রশাসনিক অনুমোদনের ধাপগুলি পার করতে হবে। এ চুক্তিকে ঘিরে কূটনৈতিক তৎপরতার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রাসেলস সফরের সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর ব্রাসেলসে অবস্থিত। ফলে চুক্তি স্বাক্ষর এবং দুই পক্ষের রাজনৈতিক নেতৃত্বের বৈঠক একই সময়ে হলে তার কূটনৈতিক গুরুত্বও বাড়বে।
চুক্তির সবচেয়ে তাৎপর্য ভারতীয় রফতানির ক্ষেত্রে। প্রস্তাবিত বন্দোবস্ত অনুযায়ী, ভারতীয় পণ্যের রফতানি মূল্যের ৯৯ শতাংশেরও বেশি ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে। অর্থাৎ, ইউরোপের ২৭টি দেশের বাজারে ভারতীয় পণ্যের জন্য শুল্কজনিত বাধা অনেকটাই কমবে। বিশেষ করে বস্ত্র, পোশাক, চামড়াজাত পণ্য, রত্ন ও গয়না, কৃষিজাত পণ্য সহ বিভিন্ন উৎপাদনশিল্পের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিও এর ফলে ইউরোপের বাজারে নিজেদের পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ পাবে।ভারতও চুক্তির আওতায় নিজেদের মোট শুল্ক-সংক্রান্ত পণ্যের ৯২.১ শতাংশকে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের রফতানি করা পণ্যের প্রায় ৯৭.৫ শতাংশ ভারতীয় বাজারে প্রবেশের সুবিধা পেতে পারে। অর্থাৎ, দু–পক্ষের বাজারই পরস্পরের জন্য আরও উন্মুক্ত হবে। তবে চুক্তির প্রভাব কেবল আমদানি-রফতানির শুল্ক কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বাণিজ্যের প্রযুক্তিগত বাধা হ্রাস, শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া সরল করা, পরিষেবা ক্ষেত্রের উন্নয়নের বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে। পরিসংখ্যানও ভারত-ইইউ বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব স্পষ্ট করছে। ২৫ সালে দুই পক্ষের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১১৮ বিলিয়ন ইউরো। পরিষেবা বাণিজ্যের অঙ্কও পৌঁছেছিল প্রায় ৬৭ বিলিয়ন ইউরোতে। পণ্য বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের অন্যতম। পণ্য বাণিজ্যে ভারত ইউরোপীয় ইউনিয়নের নবম বৃহত্তম এবং পরিষেবা বাণিজ্যে ষষ্ঠ বৃহত্তম অংশীদার। ফলে প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে দুই অর্থনীতির পারস্পরিক নির্ভরতা আরও বাড়তে পারে।
এ চুক্তির গুরুত্ব শুধু পণ্য বাণিজ্যেও সীমাবদ্ধ থাকছে না। পরিষেবা ক্ষেত্রেও ভারতীয় পেশাজীবীদের জন্য ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগ বাড়তে পারে। তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা, শিক্ষা, গবেষণা, পেশাগত পরামর্শ সহ অন্যান্য দক্ষতাভিত্তিক ক্ষেত্রে ভারতীয় কর্মীদের প্রবেশের পথ আরও প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের বাজারে পরিষেবা রফতানির সুযোগ বাড়লে ভারতের দক্ষ মানবসম্পদের আন্তর্জাতিক চাহিদাও বাড়তে পারে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি তরুণ পেশাজীবীদের কাছেও এ চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ সম্ভাবনার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে ভারত ও জার্মানির সাম্প্রতিক উদ্যোগেও। জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশের মুখ্যমন্ত্রী ওলাফ লিসের নেতৃত্বে প্রায় ৬০ জনের একটি রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধি দল বর্তমানে ভারতে এসেছে। সোমবার থেকে শুরু হওয়া সফরে দিল্লি, পুণে এবং মুম্বইয়ে একাধিক বৈঠক হওয়ার কথা। প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যের আইনসভার সদস্য এবং বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিরা।
দিল্লিতে জার্মান দূতাবাসের অনুষ্ঠানে যোগ দিয়ে লিস স্পষ্ট জানিয়েছেন, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জার্মানির সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। লিস বলেছেন, ‘এই চুক্তি দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ, বাণিজ্য এবং ব্যবসার সুযোগ তৈরির ক্ষেত্রে বৃহৎ সম্ভাবনা রয়েছে।’ চলতি বছরের শেষেই চুক্তি নিয়ে চূড়ান্ত সমাধানসূত্র বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। তাঁর মতে, লোয়ার স্যাক্সনির যে সমস্ত সংস্থা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী, তারা এ চুক্তির ফলে উপকৃত হবে। একই ভাবে জার্মানিতে ব্যবসার সুযোগ খুঁজছে এমন ভারতীয় সংস্থাগুলির সামনেও নতুন দরজা খুলবে। জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের অন্যতম লোয়ার স্যাক্সনি। উত্তর-পশ্চিম জার্মানিতে অবস্থিত ওই রাজ্যের রাজধানী হ্যানোভার। ৮১ লক্ষেরও বেশি জনসংখ্যার ওই রাজ্য আয়তনের নিরিখে জার্মানির দ্বিতীয় বৃহত্তম। শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা ভক্সওয়াগেনের সদর দফতরও উলফসবুর্গে। ভারতে উৎপাদন, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেও সংস্থাটির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
ভারতের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও বিপুল সম্ভাবনা দেখছে লোয়ার স্যাক্সনি। বিশেষত ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রজন্মের প্রযুক্তির ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী তারা। লিসের বক্তব্য, জার্মান সংস্থাগুলির কাছে ভারত শুধু বড়ো বাজার নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত হয়ে ওঠার মধ্যে ভারত ও জার্মানির মতো দেশের পারস্পরিক সহযোগিতা আরও জরুরি হয়ে পড়েছে বলেও মনে করেন তিনি। লিসের দাবি, ‘বিশ্ব ক্রমশ আরও অনিশ্চিত হয়ে উঠছে। এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য অংশীদারিত্বের গুরুত্ব অনেক বেশি। আমরা একটি নির্ভরযোগ্য সহযোগী হতে চাই।’ তাঁর মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়মভিত্তিক ব্যবস্থা, অবাধ বাণিজ্য এবং মানুষের কল্যাণে প্রযুক্তির ব্যবহার —এরকম বিষয়ে ভারত ও জার্মানির স্বার্থ একই। জানুয়ারিতে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ হওয়াকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করে তিনি জানান, চুক্তিটি কার্যকর হলে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
চুক্তির আর এক গুরুত্বপূর্ণ দিক কর্মসংস্থান। জার্মানিতে দক্ষ কর্মীর চাহিদা এবং ভারতে বিপুল তরুণ জনশক্তির মধ্যে যোগসূত্র তৈরি করতে আগ্রহী লোয়ার স্যাক্সনি। লিসের মতে, ভারতে বহু দক্ষ তরুণ রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই জার্মানিতে কাজের সুযোগ পেতে পারেন। তাঁরা লোয়ার স্যাক্সনির অর্থনীতির অংশ হয়ে উঠলে দুই পক্ষই লাভবান হবে। তাঁর বক্তব্য, ‘দক্ষ তরুণদের লোয়ার স্যাক্সনিতে কাজের সুযোগ করে দেওয়া সম্ভব হলে তা আমাদের অর্থনীতির পক্ষেও ইতিবাচক হবে।’ এ প্রসঙ্গে জার্মানির ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির কথাও উঠে এসেছে। জার্মানিতে এই শিল্পগোষ্ঠী ‘মিটেলস্ট্যান্ড’ নামে পরিচিত। লিসের সফরসঙ্গী প্রতিনিধি দলে এ শিল্পক্ষেত্রের একাধিক প্রতিনিধি রয়েছেন। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ইয়াসপার উইক জানান, দায়িত্ব নেওয়ার প্রায় চার মাসের মধ্যে তাঁর আতিথেয়তায় আসা রাজ্যস্তরের প্রতিনিধিদলগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এ সফর দুই দেশের শিল্প ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।
সোমবার কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রী জয়ন্ত চৌধুরী, বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গেও বৈঠক করেন ওলাফ লিস। দক্ষ কর্মীদের প্রশিক্ষণ, শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে কর্মী আদানপ্রদানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, জার্মানিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ তৈরি করতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে তেলেঙ্গানা সরকার। লোয়ার স্যাক্সনির সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের তরুণদের জন্য জার্মানিতে কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে চাইছে তারা। বিশেষত দক্ষ কর্মীদের যাতায়াত, বৃত্তিমূলক প্রশিক্ষণ আর পরিকল্পিত অভিবাসনের ব্যবস্থা গড়ে তোলার উপরে জোর দেওয়া হচ্ছে। গত এপ্রিল মাসে এই বিষয়ে দু–পক্ষের মধ্যে একটি অভিপ্রায়পত্র বিনিময় হয়েছিল। সোমবার সেই উদ্যোগের অগ্রগতি পর্যালোচনায় একটি বৈঠকও হয়। তেলঙ্গানার শ্রমমন্ত্রী বিবেক ভেঙ্কটস্বামী জানিয়েছেন, জার্মানিতে কর্মী পাঠানোর আগে তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত রাজ্য সরকার। শুধু কাজের দক্ষতা থাকলেই হবে না, জার্মান ভাষা ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হতে হবে প্রার্থীদের। জার্মানির কর্মসংস্কৃতি, সময়ানুবর্তিতা এবং কাজের ক্ষেত্রে নির্ভুলতার বিষয়গুলিও প্রশিক্ষণের অঙ্গ হবে।
❤ Support Us








