- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ২২, ২০২৬
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে নরম সুর কেন্দ্রের, সংসদে আলোচনায় প্রস্তুতি; ফের সরকার – সিজেপি বৈঠক
নিট উজি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলা রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের আবহে অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলছে । কেন্দ্রীয় সরকার একদিকে সংসদে এই ইস্যুতে আলোচনা করতে প্রস্তুতির বার্তা দিয়েছে, অন্যদিকে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি-র প্রতিনিধিদের সঙ্গে ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে । সরকারি সূত্রের দাবি, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতেই এই উদ্যোগ ।
সূত্রের খবর, বুধবার সরকার ও CJP-র মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে । সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফের দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে । আন্দোলনকারীদের আশা, এই বৈঠকে যদি কোনও গ্রহণযোগ্য সমাধানসূত্র বেরিয়ে আসে, তাহলে দীর্ঘদিন ধরে অনশনরত সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
আন্দোলনকারীরা সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন । সেগুলির মধ্যে রয়েছে—
NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ।
জাতীয় স্তরের পরীক্ষা ব্যবস্থায় বড়সড় সংস্কার ।
ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন ও স্বচ্ছ নিরাপত্তা ব্যবস্থা ।
আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ পুনর্বিবেচনা ।
তবে ককরোচ জনতা পার্টি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র মৌখিক আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হবে না। দাবিগুলি বাস্তবায়নের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।
২৫ দিনের অনশনে সোনম ওয়াংচুক
টানা ২৫ দিন ধরে অনশনে রয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক । দীর্ঘ অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয় । পরে আদালতের নির্দেশে গুরুগ্রামের মেডান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে ।
আন্দোলনকারীদের একাংশের আশা, সরকার ও সিজেপি বৈঠক ইতিবাচক হলে সোনম ওয়াংচুক অনশন ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন ।
সংসদে আলোচনায় প্রস্তুত কেন্দ্র
নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বাড়তে থাকা চাপের মুখে কেন্দ্রের অবস্থানেও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এই ঘটনাকে ‘মহাপাপ’ বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । এরপরই সরকার জানিয়েছে, সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে তারা প্রস্তুত ।
এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দিয়েছেন ।
কালো পোশাকে সংসদে বিরোধীদের বিক্ষোভ
অন্যদিকে, নিট কাণ্ডে প্রতিবাদ আরও তীব্র করেছে বিরোধীরা । সংসদ চত্বরে ‘ব্ল্যাক ডে’ পালন করে কংগ্রেস-সহ বিরোধী জোটের সাংসদরা কালো পোশাক পরে বিক্ষোভে সামিল হন । সংসদের মকর দ্বারের সামনে ধর্নায় অংশ নেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খাড়্গে-সহ একাধিক বিরোধী নেতা ।
তাঁদের দাবি, শুধু সংসদে আলোচনা করলেই হবে না; পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করে কেন্দ্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে । একইসঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনরায় তোলেন বিরোধী নেতারা ।
এই বিক্ষোভে কংগ্রেসের পাশাপাশি বিরোধী জোটের একাধিক সাংসদ অংশ নেন । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সৌগত ভট্টাচার্য, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ বিভিন্ন দলের সাংসদরা ।
এখন নজর বৃহস্পতিবারের সরকার–CJP বৈঠকের দিকে । রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের ফলাফলের উপরই নির্ভর করছে আন্দোলনের ভবিষ্যৎ, সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সম্ভাবনা এবং নিট বিতর্কে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ ।
নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ককে ঘিরে শুরু হওয়া আন্দোলন ক্রমশ জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ভিড় আরও বাড়তে শুরু করে । আন্দোলনকারীদের একটাই প্রধান দাবি—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে ইস্তফা । একই সঙ্গে হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও সমাজসৈনিক সোনম ওয়াংচুক। অন্যদিকে, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বে না।
নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধুমাত্র শিক্ষাব্যবস্থার স্বচ্ছতার দাবিতে সীমাবদ্ধ নেই। তা ক্রমশ রাজনৈতিক সংঘাত, প্রশাসনিক ভূমিকা এবং গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারের প্রশ্নে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
❤ Support Us





