Advertisement
  • দে । শ
  • জুলাই ২৩, ২০২৬

দীর্ঘ আইনি জটের প্রভাব ! কাউন্সেলিংয়ে অনুপস্থিত বহু প্রার্থী, সুপারিশপত্র পেয়েও আপার প্রাইমারির চাকরিতে অনীহা

আরম্ভ ওয়েব ডেস্ক
দীর্ঘ আইনি জটের প্রভাব ! কাউন্সেলিংয়ে অনুপস্থিত বহু প্রার্থী, সুপারিশপত্র পেয়েও আপার প্রাইমারির চাকরিতে অনীহা

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হলেও দেখা দিয়েছে নতুন সমস্যা। বহু প্রার্থী কাউন্সেলিংয়ে অনুপস্থিত থাকছেন, আবার অনেকে সুপারিশপত্র (Recommendation Letter) হাতে পেয়েও চাকরিতে যোগ দিতে অনীহা প্রকাশ করেছেন। ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পরও নিয়োগ প্রক্রিয়ার একটি বড় অংশ অনিশ্চয়তার মুখে পড়েছে।

শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ইংরেজি বিষয়ের কাউন্সেলিংয়ে মোট ৮৮ জন প্রার্থীর মধ্যে ২৮ জন উপস্থিত ছিলেন না। বুধবার বিজ্ঞান (বায়োলজি ও পিওর সায়েন্স) বিষয়ের কাউন্সেলিংয়ে ১৪৯ জনের মধ্যে ৪৬ জন অনুপস্থিত ছিলেন, যা মোট প্রার্থীর প্রায় ৩১ শতাংশ। শুধু তাই নয়, কাউন্সেলিংয়ে উপস্থিত হয়ে সুপারিশপত্র পাওয়ার পরও কয়েকজন প্রার্থী স্পষ্ট জানিয়েছেন, তাঁরা চাকরিতে যোগ দেবেন না।

ওয়াকিবহাল মহলের মতে, এই অনীহার পিছনে রয়েছে একাধিক কারণ। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় অনেক প্রার্থী ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষকতা বা অন্য সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। পাশাপাশি, অনেকের অভিযোগ, বাড়ি থেকে অনেক দূরের স্কুলে পোস্টিং হওয়ায় সেখানে যোগ দিতে আগ্রহ হারিয়েছেন তাঁরা। পছন্দসই বা নিকটবর্তী স্কুলে নিয়োগ না মেলায় অনেকেই সুপারিশপত্র পেয়েও চাকরি গ্রহণ করতে চাইছেন না।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নির্দেশে দীর্ঘ আইনি জট কাটিয়ে আপার প্রাইমারির ১,১৭৭ জন প্রার্থীর কাউন্সেলিং চলছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ জুলাই সংস্কৃত, আরবি, হিন্দি ও উর্দু বিষয়ের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই ইতিহাস বিষয়ের কাউন্সেলিং রয়েছে। বাংলা বিষয়ের কাউন্সেলিং হবে ২৭ ও ২৮ জুলাই এবং ভূগোল বিষয়ের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ জুলাই।

এদিকে এখনও ৬৪ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই বাকি বিষয়গুলির কাউন্সেলিংয়ে কতজন প্রার্থী যোগ দেন এবং সুপারিশপত্র পাওয়ার পর শেষ পর্যন্ত চাকরিতে যোগ দেন কি না, সেদিকেই এখন নজর শিক্ষা মহলের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!