Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২৩, ২০২৬

নিট প্রশ্নফাঁস বিতর্ক : পূর্বশর্ত ছাড়া হোক আলোচনা, সংসদে জানাল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
নিট প্রশ্নফাঁস বিতর্ক : পূর্বশর্ত ছাড়া হোক আলোচনা, সংসদে জানাল কেন্দ্র

নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে সংসদে আলোচনার জন্য আগে থেকেই সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার । এবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দিলেন, আলোচনার দিন, সময় ও সময়সীমা বিরোধীরাই ঠিক করতে পারেন । তবে আলোচনার আগে কোনও ধরনের শর্ত বা দাবি মানা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে সরকার ।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার । তিনি জানান, এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে । প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সরকারের কাছে তিন দফা দাবি জানান ।
রাহুলের দাবিগুলির মধ্যে ছিল — কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার্থীদের কাছে সরকারের প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ।

এর মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় বিরোধীদের বিক্ষোভের কারণে বারবার অধিবেশন মুলতুবি হয় । প্রথমে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয় । পরে অধিবেশন শুরু হলে ফের হট্টগোল শুরু হওয়ায় দুপুর ২টো পর্যন্ত তা মুলতুবি করতে হয় ।
দ্বিতীয়বার অধিবেশন স্থগিত হওয়ার আগে কিরেন রিজিজু জানান, লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সরকারপক্ষের আলোচনা হয়েছে । নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদের উভয় কক্ষেই বিস্তারিত আলোচনার জন্য সরকার প্রস্তুত ।

রিজিজু বলেন, সরকার কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলের সাংসদদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে এবং তাঁদের মতামত জানানোর আহ্বান জানিয়েছে । তিনি বলেন, “বিরোধীরা যে দিন, যেভাবে এবং যতক্ষণ সময় ধরে আলোচনা করতে চান, সরকার তাতেই রাজি ।”

তিনি আরও আবেদন জানান, বিরোধীরা যেন নিজেরাই আলোচনার সময়সূচি নির্ধারণ করেন । তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধীরা আলোচনার আগে নানা শর্ত আরোপ করছেন । রিজিজুর বক্তব্য, “ কোনও শর্ত বা অজুহাত দেওয়া হলে মানুষ বুঝতে পারবে যে আসলে আপনারা আলোচনা এড়াতে চাইছেন ।”

নিট প্রশ্নফাঁস ইস্যুতে বুধবারও বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সাংসদরা সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান । বৃহস্পতিবারও একই দাবিতে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকে । তাঁদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ।
অন্যদিকে, পাল্টা বিক্ষোভে নামে শাসকজোট এনডিএ-র সাংসদেরাও । তাঁদের অভিযোগ, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে দেশের যুবসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর রাহুল গান্ধি সমাজমাধ্যমে ছাত্রদের পক্ষে তিনটি দাবি তুলে ধরেন । তাঁর প্রথম দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া । দ্বিতীয়ত, পরীক্ষার্থীদের কাছে সরকারের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তৃতীয়ত, ছাত্রদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ।

এদিকে, সংসদে সরকারের অবস্থান স্পষ্ট করে রিজিজু বলেন, নিট প্রশ্নফাঁস নিয়ে অবিলম্বে দেশজুড়ে আলোচনা হওয়া প্রয়োজন। শুধু নিট নয়, যেসব রাজ্যে বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে, সেগুলি নিয়েও আলোচনা হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি । তাঁর আবেদন, এই বিষয়টিকে যেন রাজনৈতিক সংঘাতের পরিবর্তে ছাত্রদের ভবিষ্যতের স্বার্থে দেখা হয় ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!