- দে । শ
- আগস্ট ৭, ২০২৬
সাড়ে পাঁচ বছরে ৭৭ দেশে প্রধানমন্ত্রীর সফর, বিদেশ যাত্রায় খরচ ৫৫৭ কোটিরও বেশি । সংসদে তথ্য পেশ কেন্দ্রের
২০২১ সালের শুরু থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ৭৭টি দেশে সরকারি সফর করেছেন। এই বিদেশ সফরগুলিতে সরকারের মোট খরচ হয়েছে ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।
সিপিএম সাংসদ ভি শিবদাসন রাজ্যসভায় জানতে চেয়েছিলেন, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কত টাকা খরচ হয়েছে। তিনি হোটেলে থাকা, যাতায়াত, অনুষ্ঠান আয়োজন-সহ বিভিন্ন খাতে ব্যয়ের বিস্তারিত তথ্য জানতে চান। এর উত্তরে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর ৭৭টি বিদেশ সফরে মোট ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
বিদেশ প্রতিমন্ত্রী তাঁর ৩৫ পাতার লিখিত জবাবে জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মউ) ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বছরভিত্তিক প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচের হিসেব
* ২০২১ সালে খরচ হয়েছে ৩৬ কোটি ১০ লক্ষ টাকা।
* ২০২২ সালে খরচ হয়েছে ৫৫ কোটি ৮০ লক্ষ টাকা।
* ২০২৩ সালে খরচ হয়েছে ৯৩ কোটি ৬০ লক্ষ টাকা।
* ২০২৪ সালে খরচ হয়েছে ১০৯ কোটি ৫০ লক্ষ টাকা।
* ২০২৫ সালে খরচ হয়েছে ১৮৭ কোটি ৮০ লক্ষ টাকা।
* ২০২৬ সালের জুলাই পর্যন্ত খরচ হয়েছে ৭৪ কোটি ৫০ লক্ষ টাকা।
বিদেশ প্রতিমন্ত্রী আরও জানান, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে ভারতে ৩৮১.৮ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৬ লক্ষ ৩৭ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) এসেছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিদেশ সফরগুলির মাধ্যমে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মার্চ মাসে কেন্দ্র সংসদে জানিয়েছিল, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৮টি দেশে সফর করেছিলেন। সেই সময় ওই সফরগুলির মোট খরচের পরিমাণ ছিল প্রায় ২৫৮ কোটি টাকা।
❤ Support Us







