- দে । শ
- সেপ্টেম্বর ৩, ২০২৬
অতিবৃষ্টিতে ফরাক্কার কাছে রেললাইনে ধস, থমকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন
টানা অতিবৃষ্টির জেরে ফরাক্কার কাছে রেললাইনে ধস নামায় ব্যাহত হল উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা। তিলডাঙা এবং নিউ ফরাক্কা স্টেশনের মাঝামাঝি এলাকায় বৃহস্পতিবার সকালে ডাউন লাইনের ধারে মাটি সরে গিয়ে লাইনের একাংশ বসে যায়। পরিস্থিতি বিবেচনা করে ঝুঁকি না নিয়ে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গের দিকে যাওয়া একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। লোকাল ট্রেন পরিষেবাও এর প্রভাবে থমকে যায়।
এই প্রতিবেদন প্রকাশের সময় ফরাক্কার বল্লারপুরে দাঁড়িয়ে ছিল দার্জিলিং মেল। তার পিছনে দাঁড়িয়ে ছিল ইন্টারসিটি এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ফলে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেরামতির কাজ সম্পূর্ণ সন্তোষজনক না হওয়া পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এদিকে, গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের মাত্রা কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি চলবে। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে অতিবৃষ্টির কারণে রেল পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থার উপর ফের প্রভাব পড়ার আশঙ্কা থাকছে।
❤ Support Us







