Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৩, ২০২৬

২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সক্রিয় ইডি, কলকাতা-হাওড়া-সহ ১১ জায়গায় তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সক্রিয় ইডি, কলকাতা-হাওড়া-সহ ১১ জায়গায় তল্লাশি

চিত্র সংগৃহিত

২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার রাজ্য-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা ও হাওড়া-সহ অন্তত ১১টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড-সহ আরও কয়েকটি জায়গাতেও তদন্তকারীরা তল্লাশি চালান।

ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য একটি সংস্থা প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল। অভিযোগ, ঋণ হিসেবে পাওয়া বিপুল পরিমাণ অর্থ বিদ্যুৎকেন্দ্রের কাজে ব্যবহার না করে পরবর্তীতে বিভিন্ন সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়। এই অর্থ লেনদেনের মধ্যেই আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগ সামনে আসে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের সূত্র ধরে অভিযুক্ত সংস্থার কয়েক জন ডিরেক্টর ও আধিকারিকের বাড়ি এবং সংশ্লিষ্ট একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার হাওড়ার বালির কেপি কুমার স্ট্রিটের একটি আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটেও হানা দেন ইডির আধিকারিকেরা। সেখানে আগরওয়াল পরিবারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

তদন্তকারীরা সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং বিভিন্ন সংস্থার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন বলে ইডি সূত্রে খবর। ২৯০ কোটি টাকার ঋণের অর্থ কী ভাবে এবং কোন কোন সংস্থার অ্যাকাউন্টে সরানো হয়েছিল, সেই আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড-সহ দেশের আরও কয়েকটি জায়গায় একই মামলার সূত্রে ইডির অভিযান চলেছে। তল্লাশি শেষে তদন্তে আরও কী তথ্য উঠে আসে এবং এই আর্থিক তছরুপের ঘটনায় আর কারা জড়িত, তা নিয়েই এখন নজর তদন্তকারীদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!