- দে । শ
- সেপ্টেম্বর ৩, ২০২৬
রামমন্দির ট্রাস্টের প্রথম ‘সিইও’ বায়ুসেনার অবসরপ্রাপ্ত কর্তা জিতেন্দ্র মিশ্র
অযোধ্যার রামমন্দির পরিচালনায় এ বার আরও পেশাদার প্রশাসনিক কাঠামো তৈরি করতে প্রথম বার পূর্ণ সময়ের ‘সিইও’ নিয়োগ করল ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট। ট্রাস্টের প্রথম ‘সিইও’ হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে। বুধবার দুপুরে অযোধ্যায় ট্রাস্টের বৈঠকে তাঁর নিয়োগ চূড়ান্ত করা হয় বলে জানা গিয়েছে।
রামমন্দিরের প্রণামী চুরি ও দান-অনুদানের হিসাব নিয়ে বিতর্কের পর থেকেই মন্দির পরিচালনায় পূর্ণ সময়ের একজন ‘সিইও’ নিয়োগের উদ্যোগ শুরু হয়েছিল। সে লক্ষ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বে তিন সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভিকে চতুর্বেদী এবং শিল্পপতি সুরেশ হাওয়ারে। ‘সিইও’ পদের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। ৬ জুলাই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর মোট ৫,৫৮৫টি আবেদনপত্র দফায় দফায় যাচাই করা হয়। প্রাথমিক বাছাইয়ের পর ১১১ জনকে শর্টলিস্ট করা হয়। পরবর্তী পর্যায়ে আরও যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীকে অযোধ্যায় মুখোমুখি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।
বাছাই প্রক্রিয়ার শেষ পর্যায়ে তিন সদস্যের কমিটি গত সোমবার গভীর রাতে অযোধ্যায় পৌঁছয়। সূত্রের খবর, কমিটির সদস্যরা ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাসের কাছে ‘শর্টলিস্ট’ করা তিন জনের নাম-সহ একটি মুখবন্ধ খাম জমা দেন। এরপর বুধবার দুপুরে ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠক বসে। সেখানেই ওই তিন জনের মধ্যে থেকে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা জিতেন্দ্র মিশ্রকে রামমন্দিরের প্রথম ‘সিইও’ হিসেবে বেছে নেওয়া হয় বলে জানা যাচ্ছে।
জিতেন্দ্র মিশ্রর দীর্ঘ সামরিক জীবনের অভিজ্ঞতাই তাঁর নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিমানের পাইলট হিসেবে ১৯৮৬ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন তিনি। কর্মজীবনে বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ কমান্ডিং পদে দায়িত্ব সামলেছেন। ২০২৫ সালে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বায়ুসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের দায়িত্বেও ছিলেন তিনি। ৩৮ বছরেরও বেশি সময় ভারতীয় বায়ুসেনায় কাজ করার পর চলতি বছরের মে মাসে অবসর নেন জিতেন্দ্র মিশ্র। দীর্ঘ সামরিক কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। অবসর নেওয়ার কয়েক মাসের মধ্যেই এ বার অযোধ্যার রামমন্দির ট্রাস্টের প্রশাসনিক দায়িত্বে আসছেন তিনি।
উল্লেখ্য, গত জুন মাসে রামমন্দিরের দানবাক্স ও অনুদানের টাকা, সোনা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গরমিলের অভিযোগ প্রকাশ্যে আসে। সে বিতর্কের পর মন্দিরের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা সামনে আসে। এর পরেই পূর্ণ সময়ের ‘সিইও’ নিয়োগের সিদ্ধান্ত নেয় রামমন্দির ট্রাস্ট। নতুন ‘সিইও’ হিসেবে জিতেন্দ্র মিশ্রর দায়িত্ব হবে রামমন্দিরের প্রশাসনিক কার্যক্রম, ভক্তদের পরিষেবা এবং ট্রাস্টের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের তদারকি করা। ফলে মন্দিরের দৈনন্দিন পরিচালনা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থাপনা—একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
❤ Support Us






