Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৪, ২০২৬

রাজস্থানে ভারত-পাক সীমান্তে রেললাইনে বিস্ফোরণ ! নাশকতার আশঙ্কায় বাড়ল নিরাপত্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজস্থানে ভারত-পাক সীমান্তে রেললাইনে বিস্ফোরণ ! নাশকতার আশঙ্কায় বাড়ল নিরাপত্তা

রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রেললাইনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের জেরে রেললাইন ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে নাশকতার আশঙ্কা করা হলেও ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন। ঘটনার পর থেকেই গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অনুপগড়-সুরতগড় রেলপথে এই বিস্ফোরণ ঘটে। উল্লেখযোগ্য বিষয় হল, সংশ্লিষ্ট যাত্রীবাহী ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার কিছুক্ষণ পরেই বিস্ফোরণটি ঘটে। ফলে সম্ভাব্য কোনো নাশকতার পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠন বা অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন নিরাপত্তা সংস্থার আধিকারিক এবং রেলকর্তারা। শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি বিস্ফোরণের প্রকৃতি, কারণ এবং এর পিছনে কোনও পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরেই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার হরিশংকর জানিয়েছেন, তিনি নিজে পুলিশ দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে রেল বিভাগের আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। তাঁর কথায়, ফরেনসিক বিশেষজ্ঞ এবং বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছনোর পথে রয়েছে। ওই দলগুলি পৌঁছে নমুনা পরীক্ষা করার পরেই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি আদৌ বিস্ফোরণ, নাকি অন্য কোনও কারণে রেললাইনের ক্ষতি হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে। পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, এর আগে বাজেয়াপ্ত হওয়া আরডিএক্সের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ করেছে রেল কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে দু’টি যাত্রীবাহী ট্রেন। সব মিলিয়ে, সীমান্তবর্তী এলাকায় রেললাইনে এই বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাশকতার সম্ভাবনা-সহ সব দিকই খতিয়ে দেখছে প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!