- দে । শ
- নভেম্বর ১৬, ২০২৬
মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ ! গ্রেফতার দলেরই মণ্ডল সহ-সভাপতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির এক মণ্ডল সহ-সভাপতি। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির এক নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিজিৎ করণ নামে ওই নেতাকে। তিনি বিজেপির নন্দকুমার-১ মণ্ডলের সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়া, বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রলোভন দেখানো এবং ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রায় ৬ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ করণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথা নন্দকুমার পঞ্চায়েত সমিতির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে প্রথমে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেন অভিজিৎ। পরে সেই টাকার অঙ্ক বেড়ে ১২ লক্ষ টাকা হয় বলে দাবি করেছেন অভিযোগকারী। এমনকি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপির অন্যতম শীর্ষনেতা সুনীল বনশলের সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থাও করেছিলেন অভিজিৎ। কিন্তু টাকা দেওয়ার পরও প্রতিশ্রুতি পূরণ হয়নি এবং সেই টাকা এখনও ফেরত পাননি বলে অভিযোগ রিপুঞ্জয়ের।
রিপুঞ্জয়ের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ব্যবহার করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন অভিজিৎ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সর্বত্রই এই ধরনের প্রতারণার জাল ছড়িয়েছিলেন বলে অভিযোগ। পাশাপাশি, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ঠিকাদারকে কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও টাকা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ করেছেন বিজেপির ওই নেতা।
এই বিষয়ে রিপুঞ্জয় প্রামাণিকের বক্তব্য, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি চাকরিতে মেধাকেই একমাত্র মাপকাঠি হিসেবে ধার্য করা হয়েছে। অথচ, তাঁর নাম ভাঙিয়ে আমাদের ওই নেতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন। আমাকে বিধানসভা ভোটে প্রার্থী করার লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছেন। দলের অন্যতম শীর্ষনেতা সুনীল বনশলের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। তার পর আমার কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছেন। সেই টাকা এখনও ফেরত পাইনি।”
বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে নন্দকুমার থানায় অভিজিৎ করণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্তে নেমে শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে পূর্ব মেদিনীপুরের সিজেএম আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে পুলিশি হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত অভিজিৎ করণ। তাঁর দাবি, অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ নেই। তবে ঠিক কীভাবে এবং কার কার কাছ থেকে টাকা তোলা হয়েছিল, এই অভিযোগের পিছনে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
❤ Support Us





