- দে । শ
- নভেম্বর ১৭, ২০২৬
কলকাতা মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্নকে শো-কজ, অভিভাবকদেরও ইমেল কর্তৃপক্ষের
চোরবাগান কাণ্ডে আহতদের চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রকাশ্যে মুখ খোলার পরই বিপাকে কলকাতা মেডিক্যাল কলেজের আট জন ইন্টার্ন। ঘটনার রাতে সাংবাদিক বৈঠক করে হাসপাতালের ওষুধের মজুত এবং আহতদের অন্য হাসপাতালে স্থানান্তর নিয়ে প্রশ্ন তোলার জেরে তাঁদের শো-কজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। শো-কজ-এর তালিকায় রয়েছেন সৌম্যদীপ দে, আয়ুষ ঝা এবং অজিঙ্কা কুমার বর্মা-সহ মোট আট জন ইন্টার্ন। শুধু তাঁদের কাছেই নয়, অধ্যক্ষের দফতরের তরফে সংশ্লিষ্ট ইন্টার্নদের অভিভাবকদের কাছেও ইমেল পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, শো-কজ-এর চিঠিতে মূলত দু’টি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার দিন ওই আট জন ইন্টার্নের ডিউটি থাকলেও তাঁরা নিজেদের নির্ধারিত কাজ না করে সাংবাদিক বৈঠকে অংশ নিয়েছিলেন। পাশাপাশি, সাংবাদিক বৈঠকে হাসপাতালের ওষুধের মজুত নিয়ে তাঁরা যে দাবি করেছিলেন এবং কয়েকটি জরুরি ওষুধ হাসপাতালে নেই বলে জানিয়েছিলেন, সেই তথ্যও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। কেন তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব চাওয়া হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপুজোর প্রথম সপ্তমীর দিন, অর্থাৎ ১৭ অক্টোবর, চোরবাগানের একটি পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। ঘটনায় আহতদের প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। পরে রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের একটি সরকারি মেডিক্যাল কলেজ থেকে বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় বিতর্ক।
সেই রাতেই কলকাতা মেডিক্যাল কলেজের একদল জুনিয়র চিকিৎসক ও ইন্টার্ন সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল থেকে আহতদের কেন বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল? একই সঙ্গে হাসপাতালে রক্তক্ষরণ বন্ধ করার প্রয়োজনীয় ওষুধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে বলেও অভিযোগ করেন ইন্টার্ন সৌম্যদীপ দে-সহ অন্যরা। তাঁদের এই বক্তব্য ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিষয়টি পৌঁছে যায় স্বাস্থ্য ভবন পর্যন্ত।
এর পর নবমীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন, ঘটনার দিন নির্ধারিত কাজের সময়ে জুনিয়র চিকিৎসকেরা ওয়ার্ডে উপস্থিত না থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন কি না, তা খতিয়ে দেখতে। সেই নির্দেশের পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। স্বাস্থ্য দফতরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ মজুত ছিল বলেই জানিয়েছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেই রিপোর্টের ভিত্তিতেই এ বার আট ইন্টার্নকে শো-কজ় করা হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত ইন্টার্নদের একাংশ। তাঁদের পাল্টা দাবি, সাংবাদিক বৈঠকে যাওয়ার আগে তাঁরা নিজেদের দায়িত্ব পালন করেছেন এবং নির্ধারিত ডিউটি শেষ করেই বাইরে গিয়েছিলেন। শো-কজ়ের তালিকায় নাম থাকা এক জুনিয়র চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনার দিন তাঁদের ডিউটি আগেই শেষ হয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি (পিজিটি)-দের বিষয়টি জানিয়ে তাঁরা হাসপাতালের বাইরে গিয়েছিলেন। পরে ঘটনার খবর পেয়ে আবার হাসপাতালে ফিরে আসেন।
তালিকায় থাকা অন্য এক ইন্টার্নের দাবি, ঘটনার দিন তাঁর ‘ওটি ডে’ ছিল। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাঁর ডিউটি শেষ হয়ে যায়। এর পর পিজিটি-র অনুমতি নিয়েই তিনি সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন। তা হলে কীসের ভিত্তিতে তাঁর নাম শো-কজ়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
যদিও আপাতত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছেন না অভিযুক্ত ইন্টার্নেরা। সূত্রের খবর, নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সময়ে তাঁরা সম্মিলিত ভাবে নিজেদের বক্তব্য জানাতে পারেন।
এ দিকে শো-কজ় প্রসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজের এক আধিকারিক জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই সংশ্লিষ্ট ছাত্রদের কাছে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয়েছে। তাঁর বক্তব্য, জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)-র নির্দেশিকা মেনে কেন ওই আট জনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। ইন্টার্নদের জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।
ওষুধের অভাব সংক্রান্ত অভিযোগ নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা দাবি, স্বাস্থ্য ভবনের পাশাপাশি তাঁরাও বিষয়টি খতিয়ে দেখেছেন। তাঁদের দাবি, সাংবাদিক বৈঠকে ইন্টার্নেরা হাসপাতালে ওষুধের অপ্রতুলতা নিয়ে যে অভিযোগ করেছিলেন, তার সত্যতা পাওয়া যায়নি।
চোরবাগান কাণ্ডে আহতদের স্থানান্তর, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা, ওষুধের মজুত এবং জুনিয়র চিকিৎসকদের ভূমিকা—সব মিলিয়ে বিতর্কের আবহে এখন নতুন করে সামনে এসেছে আট ইন্টার্নের শো-কজ়ের ঘটনা। তবে ডিউটি চলাকালীন সাংবাদিক বৈঠক হয়েছিল কি না, এবং হাসপাতালের ওষুধ নিয়ে ইন্টার্নদের অভিযোগ কতটা সঠিক ছিল, তার চূড়ান্ত নিষ্পত্তি নির্ভর করছে তাঁদের জবাব ও পরবর্তী তদন্তের উপর।
❤ Support Us






