Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৬

কেরালার ‘কুম্ভমেলা’ ঘিরে দুই সাধুশিবিরে সংঘাত ! আয়োজনের অধিকার, ইতিহাস-ঐতিহ্য-পরিবেশ রক্ষা ঘিরে তুঙ্গে বিতর্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
কেরালার ‘কুম্ভমেলা’ ঘিরে দুই সাধুশিবিরে সংঘাত ! আয়োজনের অধিকার, ইতিহাস-ঐতিহ্য-পরিবেশ রক্ষা ঘিরে তুঙ্গে বিতর্ক

২০১৬ সালে কয়েক দশকের বিরতির পর ‘পুনরুজ্জীবিত’ হয়েছিল কেরালার শতাব্দীপ্রাচীন ‘মহামাঘম উৎসব’। গত বছর প্রয়াগরাজের কুম্ভমেলার আদলে আয়োজনের পর বিপুল সাড়া মেলে। কিন্তু সে উৎসবের পরিচালনার অধিকার কার হাতে থাকবে, তা নিয়েই এ বার সংঘাত শুরু হয়েছে সাধুদের দুই গোষ্ঠীর মধ্যে। অন্যদিকে, ইতিহাসবিদদের একাংশের অভিযোগ, কেরালার বহুত্ববাদী রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িত ‘মামাঙ্কম উৎসব’-কে নির্দিষ্ট ধর্মীয় সমাবেশের চেহারা দিয়ে নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে।

এই মুহূর্তে ‘মহামাঘম উৎসব’-এর আয়োজন ঘিরে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। ২৭ সালের ধর্মীয় সমাবেশের দায়িত্ব কারা নেবে, তা নিয়ে দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন সন্ন্যাসীরা। একদিকে রয়েছেন বারাণসীর শ্রী পঞ্চ দশনাম জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী। অন্যদিকে, কেরালা মার্গদর্শক মণ্ডলের সঙ্গে যুক্ত এক দল সন্ন্যাসী। দু–পক্ষই পৃথক ভাবে উৎসব আয়োজনের ঘোষণা করেছে। মালাপ্পুরম জেলার তিরুনাভায়ায় ভারতপুঝা নদীর তীরে আগামী ১৫ জানুয়ারি থেকে ৫১ দিন ধরে উৎসবের আয়োজনের কথা ঘোষণা করেছেন আনন্দবনম ভারতী। অন্যদিকে, মার্গদর্শক মণ্ডলের সঙ্গে যুক্ত সন্ন্যাসীরা ২৮ দিনের পৃথক অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তাঁদের আয়োজিত অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসাবে থাকছেন মাতা অমৃতানন্দময়ী। আয়োজক কমিটির সভাপতি করা হয়েছে ‘মেট্রো ম্যান’ হিসাবে পরিচিত ই শ্রীধরনকে। ফলে আগামী বছরের ‘মহামাঘম’ ঘিরে সংঘাতের আশঙ্কা প্রবল।

ভারতপুঝা নদীর তীরে নাভামুকুন্দ মন্দিরের কাছে শতাব্দীপ্রাচীন এই ধর্মীয় সমাবেশের আয়োজন হয় ১২ বছর অন্তর। কয়েক দশক বন্ধ থাকার পর ২০১৬ সালে ফের শুরু হয়েছিল উৎসব। তবে গত বছর পর্যন্ত তা মূলত স্থানীয় স্তরের আয়োজন হিসাবেই পরিচিত ছিল। কয়েক হাজার ভক্তের সমাগম হত। কিন্তু ২৬ সালের ‘মহামাঘম’ আগের পরিচিতি বদলে দেয়। প্রয়াগরাজের কুম্ভমেলার আদলে উৎসবের আয়োজন করেন আনন্দবনম ভারতী। কেরলা-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ যোগ দেন সেখানে। প্রতিদিনই দর্শনার্থীদের সংখ্যা কয়েক দশ হাজারে পৌঁছেছিল। গত বছরের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘নীলা আরতি’। ভারতপুঝা নদীর অন্য নাম ‘নীলা’। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির অনুকরণে নদীর তীরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিত ও গেরুয়া বসন পরিহিত সাধুরা সেই আরতি করেন। নাগা সাধু ও অঘোরী সাধুদের উপস্থিতিও উৎসবের আকর্ষণ বাড়িয়েছিল। এই আয়োজনের সাফল্যের পর কেরলায় আনন্দবনমের পরিচিতি ও প্রভাব বৃদ্ধি পায়। 

২৭ সালের উৎসবের জন্য ইতিমধ্যেই পৃথক আয়োজক কমিটি গঠন করেছে দু–পক্ষ। প্রয়োজনীয় সরকারি অনুমতি চেয়ে মালাপ্পুরম জেলা প্রশাসন এবং রাজস্ব দফতরের কাছেও আবেদন জানানো হয়েছে। কেরলা মার্গদর্শক মণ্ডলের সভাপতি স্বামী চিদানন্দপুরী জানিয়েছেন, ‘মহামাঘম’-এর আয়োজনের ক্ষেত্রে তাঁদের সংগঠনই প্রধান ভূমিকা পালন করবে। তাঁর বক্তব্য, নদীর দু–পাড়ের মানুষকে সঙ্গে নিয়েই অনুষ্ঠান করা হবে। কেরলার সব সন্ন্যাসী ও বিশিষ্ট আচার্যদের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে। চিদানন্দপুরীর অভিযোগ, জুনা আখড়া কেরালার সন্ন্যাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। তাই ওই সংগঠনের ব্যানারে ‘মহামাঘম’ আয়োজন করার অধিকার আনন্দবনম ভারতীর নেই। তাঁর দাবি, ‘আনন্দবনম জুনা আখড়ার নামেই উৎসব আয়োজন করতে চান। একাধিক বার আলোচনা হলেও তিনি নিজের অবস্থান বদলাতে রাজি হননি।’

আনন্দবনম ভারতীর দাবি, নির্ধারিত সূচি মেনেই জুনা আখড়া ‘মহামাঘম’-এর আয়োজন করবে। তাঁর বক্তব্য, গত বছরও দু–টি কমিটি ছিল। নদীর তীর যথেষ্ট বিস্তৃত হওয়ায় দু–টি কমিটির পক্ষেই পৃথক ভাবে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব। চিদানন্দপুরী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নন বলেও মন্তব্য করেছেন তিনি। আনন্দবনমের মতে, ‘মার্গদর্শক মণ্ডলের সঙ্গে সমস্ত সন্ন্যাসী নেই। তাঁদের পাশে রয়েছেন কেবল একাংশ। ২৬ সালে যে কর্মসূচিগুলি হয়েছিল, সেগুলিই এ বারও আয়োজন করবে জুনা আখড়া।’ জেলা প্রশাসন সূত্রে খবর, দুই কমিটিকেই সাত দিনের একটি অভিন্ন অনুষ্ঠানে সম্মত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু কোনো পক্ষই এখনো পৃথক আয়োজনের অবস্থান থেকে সরে আসেনি। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দু–পক্ষের বক্তব্য শোনার অপেক্ষা করা হচ্ছে। গত বছরও সরকারি অনুমতি পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সূচি মেনেই নির্বিঘ্নে উৎসব হয়।

অন্যদিকে, ‘মহামাঘম’-কে ঘিরে এ সংঘাতের পাশাপাশি আরও একটি বিতর্ক সামনে এসেছে। কেরালার শতাব্দীপ্রাচীন ‘মামাঙ্কম’ উৎসবকে ‘কেরালার কুম্ভমেলা’ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা নিয়েই প্রশ্ন তুলছেন ইতিহাসবিদদের একাংশ। তাঁদের বক্তব্য, ‘মামাঙ্কম’-এর ইতিহাস কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মধ্যযুগীয় কেরালার রাজনীতি, সামরিক সংঘাত, বাণিজ্য আর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সহাবস্থানের ইতিহাস। সেই বহুমাত্রিক অতীতকে বাদ দিয়ে উৎসবটিকে নিছক ধর্মীয় সমাবেশ হিসাবে তুলে ধরার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। গবেষকরা জানিয়েছেন, অতীতে ‘মামাঙ্কম’-এর আয়োজন হত ১২ বছর অন্তর তিরুনাভায়ায় ভারতপুঝা নদীর তীরে। মধ্যযুগে মালাবারের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল এ উৎসব। সেখানে শুধু ধর্মীয় আচার পালন নয়, আঞ্চলিক শাসকেরা নিজেদের ক্ষমতা ও আধিপত্যও প্রদর্শন করতেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বণিক আর যোদ্ধাদের উপস্থিতিতে উৎসবটি হয়ে উঠেছিল রাজনৈতিক ও সামাজিক সমাবেশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

প্রথম দিকে চেরা পেরুমালরা এ উৎসবের সভাপতিত্ব করতেন। দ্বাদশ শতকের কাছাকাছি সময়ে চেরা সাম্রাজ্যের পতনের পর উৎসবের রক্ষাকর্তা বা ‘রক্ষাপুরুষ’ হওয়ার অধিকার রাজনৈতিক আধিপত্যের প্রতীক হয়ে ওঠে। সে অধিকার ছিল উত্তর-মধ্য কেরলার বল্লুভানাড়ুর শাসক বল্লুভাকোনাথিরির হাতে। পরে কোঝিকোড়ের সামোরিন জোর করে সে অধিকার দখল করেন। এর পর প্রায়ই ‘মামাঙ্কম’-এর সমাবেশে বল্লুভানাড়ুর আত্মঘাতী যোদ্ধারা সামোরিনকে হত্যার চেষ্টা করতেন। তাঁদের আক্রমণে নদীর তীর রক্তাক্ত হয়ে উঠত। ১৭৫৫ সালে শেষ বার ‘মামাঙ্কম’ অনুষ্ঠিত হয়েছিল। ১৭৬৬ সালে হায়দর আলির নেতৃত্বে মহীশূরের মালাবার আক্রমণকে উৎসব বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হয়।  ইতিহাসবিদদের মতে, প্রাচীন কাল থেকেই ‘মামাঙ্কম’-এর চরিত্র ছিল বহুমাত্রিক। ধর্মীয় আচার থাকলেও তা রাজনীতি ও ক্ষমতার লড়াই থেকে বিচ্ছিন্ন ছিল না। উৎসবের সভাপতিত্বকারী শাসক নীলাপাডু থারা নামে একটি মঞ্চে বসতেন। সেখানে উপস্থিত আঞ্চলিক প্রধান, যোদ্ধা, বণিক এবং ব্রাহ্মণ্য অভিজাতদের সামনে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতেন তিনি। এই ইতিহাসের মধ্যেই রয়েছে মুসলমান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উপস্থিতি।

ইতিহাসবিদ কে এন গণেশের দাবি, সামোরিনের আনুষ্ঠানিক মঞ্চ নীলাপাডু থারায় মুসলমান বণিক কোঝিকোডু কোয়ার জন্য নির্দিষ্ট জায়গা ছিল। সামোরিনের সমতুল্য মর্যাদা ছিল তাঁর। উৎসবের বিভিন্ন আচার-অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন। গণেশের বক্তব্য, ‘মামাঙ্কম’-এর সময় কেরালায় কুম্ভমেলার মতো আয়োজন কোনোদিনই হয়নি। প্রয়াগরাজের কুম্ভমেলা, তিরুনাভায়ার ‘মহামাঘম’-এর মধ্যে কৃত্রিম সম্পর্ক তৈরি করার চেষ্টা চলছে। তাঁর মতে, এর পিছনে রয়েছে সংকীর্ণ ধর্মীয় রাজনীতি। ইতিহাসের লেখক ও গবেষক শিবি থেক্কেইলেরও অভিযোগ, ‘মামাঙ্কম’কে কেবলই ধর্মীয় উৎসবে পরিণত করার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, বল্লুভাকোনাথিরি ও সামোরিন, দু–পক্ষেই ভিন্নধর্মের যোদ্ধারা ছিলেন। বণিকদের মধ্যেও মুসলমানদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। পাশাপাশি বিভিন্ন অব্রাহ্মণ্য সম্প্রদায়ের অবদানও এ উৎসবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু বর্তমানে সে ইতিহাসকে আড়াল করে কেবল ব্রাহ্মণ্য উপাদানগুলির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, সংকীর্ণ ধর্মীয় রাজনীতির কারণে মালাপ্পুরমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে। উত্তর ভারতের কুম্ভমেলার সঙ্গে যুক্ত হিংসার সংস্কৃতিও এ অঞ্চলে নিয়ে আসার চেষ্টা চলছে বলে তাঁর দাবি।

তবে ইতিহাসবিদ ডক্টর ভি ভি হরিদাসের মত কিছুটা আলাদা। তাঁর মতে, ‘মামাঙ্কম’ আদতে নদীকেন্দ্রিক ধর্মীয় উৎসব। অতীতে এটি ‘মামাকম’, ‘মামাকা ভেলা’ এবং ‘মামাঘা উৎসব’ নামেও পরিচিত ছিল। ১৬৮৩ সাল থেকে পাওয়া নথিতে ৩০ দিনব্যাপী এই উৎসবের বিবরণ রয়েছে। সেসব নথিতে ‘মামাঙ্কম’ নয়, ‘মামাকম’ শব্দটির ব্যবহার দেখা যায়। হরিদাসের মতে, এ উৎসবকে ‘মাঘ মহোৎসব’ বলার মধ্যে ভুল নেই। উত্তর ভারতের কুম্ভমেলার সঙ্গে এর কিছু মিলও রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিষয়টি বিতর্কের জন্ম দিচ্ছে। ইতিহাসবিদ রাজন গুরুক্কাল অবশ্য কুম্ভমেলা ও মামাঙ্কমের মধ্যে মৌলিক পার্থক্যের কথা বলেছেন। তাঁর ব্যাখ্যা, কুম্ভমেলার সময় নির্ধারিত হয় বৃহস্পতি ও সূর্যের নির্দিষ্ট রাশিগত অবস্থানের ভিত্তিতে। অন্যদিকে, ‘মামাঙ্কম’-এর সময় নির্ধারিত হতো নক্ষত্রের অবস্থান অনুযায়ী। ফলে দু–টি উৎসবের জ্যোতির্বিদ্যাগত ভিত্তি এক নয়। তাঁর মতে, কেরালায় কুম্ভমেলার কোনো প্রাচীন ঐতিহ্যের প্রমাণ নেই।

২০১৬ সালে মামাঙ্কমের পুনরুজ্জীবনের চেষ্টা শুরু হয়েছিল। উৎসব ঘিরে প্রশাসনের সঙ্গে আয়োজকদের বিরোধও নতুন নয়। গত বছর অনুষ্ঠান শুরুর আগে নদী সংরক্ষণ আইন লঙ্ঘন ও জনসুরক্ষার প্রশ্ন তুলে রাজস্ব দফতর আয়োজকদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরে মালাপ্পুরমের জেলাশাসকের সঙ্গে আলোচনায় সে জট কাটে। অন্যদিকে, তামিলনাড়ু পুলিশও তিরুনাভায়ামুখী রথযাত্রার অভ্যর্থনার জন্য পরিকল্পিত অনুষ্ঠানের অনুমতি দেয়নি। আয়োজকদের একাংশ এ ঘটনাগুলিকে বিরোধীদের তৈরি করা বাধা হিসাবে তুলে ধরেছিলেন।  স্বামী আনন্দবনমের অভিযোগ ছিল, কেরালার বাম সরকার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দিচ্ছে। বিজেপির একাংশের নেতারাও অভিযোগ করেন, উত্তরপ্রদেশের কুম্ভমেলার মতো কেরলার এ উৎসবে শাসক ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা সহযোগিতা করেননি। যদিও বাস্তবে উৎসবের ভিড় সামলাতে কয়েকশো পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। স্থানীয় স্বশাসন দফতরের অধীন ‘হরিতা কর্ম সেনা’ বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। ‘কেরলা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন’ও উৎসবস্থল পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু করেছিল। এখন অবশ্য রাজ্যের ক্ষমতায় কংগ্রেস।

বৃহৎ এই সমাবেশ ঘিরে পরিবেশগত উদ্বেগও দেখা দিয়েছে। কেরলার দ্বিতীয় দীর্ঘতম নদী ভারতপুঝা। কিন্তু গ্রীষ্মের আগেই নদীর জলপ্রবাহ কমে যায়। পালাক্কাড, ত্রিশূর ও মালাপ্পুরম জেলার বহু মানুষ এই নদীর উপর নির্ভরশীল। ৪৪৪টি পানীয় জল প্রকল্পের সঙ্গে যুক্ত ভারতপুঝা নদীতে বছরে মাত্র তিন থেকে চার মাস স্বাভাবিক জলপ্রবাহ থাকে।  বালি তোলা, নির্মাণকাজ, কৃষিকাজ, গৃহস্থালির বর্জ্য এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের কারণে নদীর দূষণও বাড়ছে। নদীর উপর একাধিক চেক ড্যাম নির্মাণের ফলে জলসঙ্কটের সমস্যা আরও জটিল হয়েছে বলে পরিবেশকর্মীদের একাংশের মত। এর আগে, কেরলা বিধানসভার পরিবেশ বিষয়ক কমিটিও ভারতপুঝা নদীর পরিবেশগত অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ভারতপুঝা সংরক্ষণের কাজে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস অব ভারতপুঝা’র সদস্য বিনোদের আশঙ্কা, বড়ো মাপের ধর্মীয় সমাবেশ নদীর বাস্তুতন্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে পরিবেশগত উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ আনন্দবনম ভারতী। তাঁর বক্তব্য, প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের উপাসনাই ভারতীয় ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য। তিনি বলেন, ‘যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, তখনই হঠাৎ পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়। ভুল উদ্দেশ্য নিয়েই এমন আপত্তি তোলা হচ্ছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!