- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৭, ২০২৬
দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয় ! মৃত তিন মাসের শিশু-সহ দুই, ধ্বংসস্তূপে নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা
রাজধানী দিল্লিতে ফের বাড়ি ভেঙে প্রাণহানির ঘটনা। মঙ্গলবার সকালে পূর্ব দিল্লির শাহদরা জেলার জ্বালানগর এলাকায় আচমকাই ভেঙে পড়ল একটি পুরনো দোতলা বাড়ি। এ ঘটনায় তিন মাসের এক শিশু-সহ দু–জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিলেন অন্তত আট জন। তাঁদের সকলকেই আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। তবে ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দিল্লি দমকল বাহিনী, পুলিশ।
দমকল বিভাগের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ১৩ মিনিট নাগাদ বাড়ি ভেঙে পড়ার খবর আসে। তার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। ভেঙে পড়া বাড়ির কংক্রিটের চাঙড়, ইটের টুকরো ও লোহার রডের নীচে চাপা পড়েছিলেন বাসিন্দারা। বেশ কয়েক জনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন এক ব্যক্তি এবং এক শিশু। শিশুটির বয়স মাত্র তিন মাস। অন্য মৃতের বয়স ২৭ বছর। তাঁর নাম লাড্ডু ওরফে দেবাংশ।
উত্তর দিল্লি পুরসভার পুরপ্রধান পঙ্কজ লুথরা জানিয়েছেন, বিবেক বিহার থানার অধীনে জ্বালানগর শ্মশানের ঠিক পাশেই ছিল বাড়িটি। বাড়িটির বয়স প্রায় ৪০ থেকে ৫০ বছর। দীর্ঘদিনের পুরনো বাড়িটির কাঠামোগত দুর্বলতার কারণেই এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধারকাজে যাতে নতুন করে কোনো বিপত্তি না ঘটে, সে জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন কর্মীরা। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে চলছে তল্লাশি।
উল্লেখযোগ্য ভাবে, গত কয়েক মাসে দিল্লির বিভিন্ন এলাকায় একের পর এক বাড়ি ও বাণিজ্যিক ভবন ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। প্রতিটি দুর্ঘটনার পরেই পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ, নির্মাণের গুণমান এবং বেআইনি ভাবে ভবন সম্প্রসারণের বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছে। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে বহু পুরনো বাড়িতে এখনো মানুষ বসবাস করেন। সেই বাড়িগুলির কাঠামো কতটা নিরাপদ, নিয়মিত পরীক্ষা করা হয় কি না, তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল বাড়ি ভেঙে পড়ে। পেইং গেস্ট আবাসন হিসাবে ব্যবহৃত ওই বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় পাঁচ পড়ুয়া-সহ মোট সাত জনের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি কলেজের কাছেই ছিল বাড়িটি। পরে তদন্তে জানা যায়, পুরনো বাড়িটির উপর কোনও অনুমোদিত নির্মাণ পরিকল্পনা ছাড়াই বেআইনি ভাবে সম্প্রসারণ করা হয়েছিল। বাড়িটি পাঁচতলা পর্যন্ত বাড়ানো হয়েছিল বলে তদন্তে উঠে আসে।
এর পর গত ৫ নভেম্বর পুরনো দিল্লির হাউজ কাজি এলাকায় ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি। সে ঘটনায় ছ–জনের মৃত্যু হয়। আবার গত ১৫ নভেম্বর পাহাড়গঞ্জে একটি নির্মীয়মাণ হোটেলের একাংশ ভেঙে পড়ে। ওই ঘটনায় আহত হন বেশ কয়েক জন। পরপর এই ধরনের দুর্ঘটনায় রাজধানীর নির্মাণ ও আবাসন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিবেক বিহারের দুর্ঘটনা সেই উদ্বেগকেই আরও বাড়িয়ে দিল। বিশেষত, ৪০ থেকে ৫০ বছরের পুরনো একটি বাড়িতে এত জনের বসবাস এবং তার কাঠামোগত নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা, নিয়মিত কাঠামোগত পরীক্ষা এবং বেআইনি নির্মাণ রুখতে প্রশাসনের নজরদারি কতটা কার্যকর, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আপাতত উদ্ধারকাজ শেষ করে ধ্বংসস্তূপ সরানো, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণই প্রশাসনের সামনে প্রধান কাজ।
❤ Support Us






