Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৬

বই বিক্রিতে পুলিশি বাধার অভিযোগ, কলেজ স্ট্রিটে অবরোধে এসএফআই

আরম্ভ ওয়েব ডেস্ক
বই বিক্রিতে পুলিশি বাধার অভিযোগ, কলেজ স্ট্রিটে অবরোধে এসএফআই

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্থায়ী বইয়ের স্টল বসিয়ে সংগ্রামী বইপত্র বিক্রি করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ তুলল বাম ছাত্র সংগঠন এসএফআই। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলেজ স্ট্রিটে অবরোধ ও বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্য ও পড়ুয়ারা। তাঁদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিটের একাংশ। পুলিশের তরফে বারবার রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও বেলা প্রায় ১২টা পর্যন্ত অবস্থান থেকে সরতে চাননি বিক্ষোভকারীরা।

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। এসএফআই সদস্যদের অভিযোগ, প্রতি বছরের মতো এ বারও নভেম্বর মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্থায়ী স্টল তৈরি করে ‘সংগ্রামী বইপত্র’ বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। গত চার বছর ধরে নিয়মিত এই কর্মসূচি পালন করে আসছেন সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, এর আগে কখনও এই কর্মসূচি ঘিরে কোনও সমস্যা বা বাধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু এ বার স্টল তৈরির কাজ শুরু করতে গেলেই পুলিশ এসে বাধা দেয়।

পুলিশের তরফে জানানো হয়, ফুটপাত আটকে কোনও বইয়ের দোকান বা অস্থায়ী স্টল করা যাবে না। এর জন্য প্রয়োজনীয় অনুমতি নেই বলেও জানানো হয় পড়ুয়াদের। যদিও এসএফআইয়ের দাবি, এই কর্মসূচির জন্য তাঁরা জোড়াসাঁকো থানা এবং কলকাতা পুরসভার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলেন। গত চার বছর যেভাবে কর্মসূচি হয়েছে, এ বারও ঠিক একইভাবে বই বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের দাবি, ‘সংগ্রামী বইপত্র’ নামে এই কর্মসূচি গত পাঁচ বছর ধরে চলে আসছে। মূলত সাধারণ পড়ুয়ারাই উদ্যোগ নিয়ে এই কর্মসূচি পালন করেন। সংগঠনের অভিযোগ, রাজ্যে পরিবর্তনের পর বই বিক্রির মতো একটি কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে। তাঁদের প্রশ্ন, শুধুমাত্র বই বিক্রির আয়োজন করতে গিয়ে কেন এমন পুলিশি বাধার মুখে পড়তে হবে?

এসএফআইয়ের এক ছাত্রের কথায়, “আমরা তো বই বিক্রি করার কথাই বলেছিলাম, অন্য কিছু তো নয়। তার পরও এত পুলিশি দমনপীড়নের কারণটাই বুঝতে পারছি না।”

সংগঠনের আরও অভিযোগ, সোমবার সন্ধ্যায় লালবাজার পুলিশ হেডকোয়ার্টার থেকে তাঁদের বই বিক্রির কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার কলেজ স্ট্রিটে রাস্তায় নেমে অবরোধ শুরু করেন এসএফআই সদস্যরা।

বই বিক্রির অনুমতি থাকা সত্ত্বেও কেন স্টল বসাতে বাধা দেওয়া হল, সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও দীর্ঘক্ষণ অবরোধ চালিয়ে যান তাঁরা। এর ফলে কলেজ স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায় যান চলাচল ও স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!