- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৮, ২০২৬
বাংলায় বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা? শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার
পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে কি এবার এগিয়ে আসছে অস্ট্রেলিয়া? রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্প ও বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। সে আবহেই এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন। বুধবার সকালে বিধাননগরে বিজেপির রাজ্য দফতরে উপস্থিত হন তিনি। তাঁকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য। এরপর দু-জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এ বৈঠক ঘিরেই বাংলায় অস্ট্রেলিয়ার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও শিল্পমহলে জল্পনা শুরু হয়েছে।
বৈঠক শেষে পশ্চিমবঙ্গের উন্নয়নে অস্ট্রেলিয়ার তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফিলিপ গ্রিন। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাঙালিদের অবদানেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের ভূমিকা নিয়েও দু-জনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠককে ফলপ্রসূ বলেও উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার।
বিজেপির অভিযোগ, দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বাম আমলে শিল্পের অবক্ষয় এবং পরবর্তী তৃণমূল সরকারের আমলেও বড় শিল্প বিনিয়োগের অভাব নিয়ে বারবার সরব হয়েছে গেরুয়া শিবির। তবে ক্ষমতার পালাবদলের পর রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি এবং বেকারত্ব কমানোর লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা তুলে ধরছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যও শিল্প ও কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের দাবি।
এক্ষেত্রে সিঙ্গুরের শিল্পায়ন প্রসঙ্গও নতুন করে সামনে এসেছে। বাম আমলে সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা তৈরির উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে বিতর্কের জেরে টাটা গোষ্ঠী বাংলা ছেড়ে চলে যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই জমিতে উল্লেখযোগ্য শিল্প গড়ে ওঠেনি। এবার সিঙ্গুরে ফের শিল্প স্থাপনের সম্ভাবনা তৈরি করার পাশাপাশি টাটা গোষ্ঠীকে বাংলায় ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে বলে বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য।
এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে শমীকের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর। তবে এই বৈঠকে নির্দিষ্ট কোনো বিনিয়োগ চুক্তি বা প্রকল্পের ঘোষণা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে অস্ট্রেলিয়ার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও বাস্তবে তা কতটা এগোয়, সেটাই এখন দেখার।
❤ Support Us






