Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৮, ২০২৬

মানুষ, প্রকৃতি, সুর : জুবিনের জন্মদিনে স্মৃতির উদ্‌যাপন, না দায়বদ্ধতার পরীক্ষা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
মানুষ, প্রকৃতি, সুর : জুবিনের জন্মদিনে স্মৃতির উদ্‌যাপন, না দায়বদ্ধতার পরীক্ষা ?

গানের মধ্যে দিয়ে অসম, পশ্চিমবঙ্গ তো বটেই, দেশের সর্বত্র, ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর কণ্ঠে কখনো প্রেম, কখনো বিরহ, কখনো বিদ্রোহ, কখনো আবার নিজের মাটির প্রতি গভীর টান খুঁজে পেয়েছেন শ্রোতারা। কিন্তু জুবিন গর্গের পরিচয় কি শুধুই সঙ্গীতশিল্পী? অসমের মানুষের কাছে উত্তরটা বরাবরই অন্য রকম। তিনি ছিলেন তাঁদের সুখ-দুঃখের সঙ্গী, সামাজিক আন্দোলনের পরিচিত মুখ, পরিবেশ রক্ষার দাবিতে সরব এক শিল্পী। কখনো গাছ কাটার প্রতিবাদে রাস্তায় নেমেছেন, কখনো বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, কখনো আবার অতিমারির সময়ে চিকিৎসাকেন্দ্র তৈরির জন্য নিজের সম্পত্তি সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ১৮ নভেম্বর তাঁর ৫৪তম জন্মবার্ষিকীতে তাই শুধু গান কিংবা স্মৃতিচারণ নয়, নতুন করে আলোচনায় তাঁর সামাজিক ও পরিবেশ সংক্রান্ত উদ্যোগগুলিও।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিনের। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল অসম-সহ গোটা দেশে। তাঁর মৃত্যুর পরেও তাঁকে ঘিরে মানুষের আবেগ কমেনি। তাঁর গান, শেষযাত্রায় মানুষের ঢল, মৃত্যুর প্রকৃত কারণ জানার দাবি — সব মিলিয়ে অসমের জনজীবনে এখনো প্রাসঙ্গিক জুবিন। তবে সঙ্গীতের বাইরেও যে এক বৃহত্তর সামাজিক উত্তরাধিকার তিনি রেখে গিয়েছেন, তা কতটা সংরক্ষিত হচ্ছে, আজ সে প্রশ্নও উঠছে। তাঁর পরিবারের তরফে ট্রাস্ট গঠনের উদ্যোগ, ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এর কাজ, বিভিন্ন পরিবেশ সংগঠনের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি — সবই জুবিনের উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা। কিন্তু উদ্যোগের ঘোষণা আর দীর্ঘমেয়াদি কাজের মধ্যে যে ফারাক রয়েছে, তা মেটানোই এখন বড়ো চ্যালেঞ্জ।

জুবিনের মৃত্যুর পর তাঁর সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেয় পরিবার। ২০২৬ সালের জানুয়ারিতে তাঁর স্ত্রী গরিমা গর্গ এবং বোন পালমি বরঠাকুর জুবিনের নামে ট্রাস্ট গঠনের পরিকল্পনার কথা জানান। সে উদ্যোগের অংশ হিসাবেই গুয়াহাটির খারঘুলিতে পরিবারের সম্পত্তি ট্রাস্টের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত প্রতিষ্ঠানটির কাজ মূলত তিনটি শাখায় ভাগ করার পরিকল্পনা রয়েছে। জুবিনের প্রতিষ্ঠিত ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’ সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে। তাঁর প্রয়াত বোন জঙ্কি বরঠাকুরের নামে ‘অভিনয়: জঙ্কি বরঠাকুর পারফর্মিং আর্টস অ্যাকাডেমি’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে অভিনয়-সহ বিভিন্ন পারফর্মিং আর্টসের চর্চা এবং নবীন প্রতিভাদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে। পাশাপাশি একটি পৃথক গবেষণা বিভাগ জুবিনের জীবন, সঙ্গীত, সৃজনশীল কাজ এবং সাংস্কৃতিক অবদান নথিবদ্ধ ও সংরক্ষণের দায়িত্ব নেবে।

প্রকৃতি সংরক্ষণ, নতুন শিল্পীদের সহায়তা, সমাজকল্যাণ এবং জুবিনের সৃষ্টিকর্মের মেধাস্বত্ব সংরক্ষণও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। জুবিন ফ্যান ক্লাবের সদস্য এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদেরও এই কাজের সঙ্গে যুক্ত করার কথা জানিয়েছে পরিবার। অর্থাৎ, ব্যক্তিগত উদ্যোগে সাহায্য করার যে পরিসর জুবিন তৈরি করেছিলেন, তাকে একটি স্থায়ী সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। তবে এই উদ্যোগের বাস্তব সাফল্য নির্ভর করবে নিয়মিত কর্মসূচি, আর্থিক স্বচ্ছতা আর কাজের ধারাবাহিকতার উপর। শুধু স্মৃতির আবেগ দিয়ে দীর্ঘদিন কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। তার জন্য প্রয়োজন নির্দিষ্ট কর্মপরিকল্পনা, অর্থের জোগান এবং কাজের মূল্যায়ন। সম্প্রতি ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এর পাশে দাঁড়িয়েছে অসমের নাট্যজগৎও। ৯ নভেম্বর গুয়াহাটির একটি নাট্যোৎসবে ‘ঈশ্বর পুত্র’ নাটকের প্রদর্শনী থেকে পাওয়া ৫১ হাজার টাকা ফাউন্ডেশনকে অনুদান দেয় ‘হেঙ্গুল থিয়েটার’। ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে ওই অর্থ তুলে দেওয়া হয়। নাট্যদলের বক্তব্য, পেশাগত জীবনের বাইরেও যিনি মানুষের জন্য কাজ করেছেন, তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যেতেই এ উদ্যোগ।শিল্পী, খেলোয়াড়, পড়ুয়া, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কাজে যুক্ত রয়েছে ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’।

জুবিনের পরিবেশ সচেতনতার অন্যতম পরিচিত উদাহরণ গুয়াহাটির দিঘলিপুখুরি। শহরের ঐতিহাসিক জলাশয়টির চারপাশে উড়ালপুল নির্মাণের জন্য শতাব্দীপ্রাচীন গাছ কাটার প্রস্তাব উঠতেই তার বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। শুধু সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানানো নয়, সাধারণ মানুষের আন্দোলনের সঙ্গেও নিজেকে যুক্ত করেছিলেন গায়ক। তাঁর সে অবস্থান পরিবেশ সংরক্ষণের প্রশ্নকে নতুন মাত্রা দিয়েছিল। শহরের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি না তুলেও প্রশ্ন করা যায়, সে উন্নয়নের জন্য কি পুরনো গাছ, প্রাকৃতিক ভারসাম্য বিসর্জন দেওয়া জরুরি? নগরায়ণের নামে গাছ কাটা, জলাশয়ের চরিত্র বদলে দেওয়া এবং জীববৈচিত্র্যকে উপেক্ষা করার যে প্রবণতা, তার বিরুদ্ধেই কার্যত প্রশ্ন তুলেছিলেন জুবিন। তাঁর মৃত্যুর পরেও দিঘলিপুখুরিকে ঘিরে বিতর্কের অবসান হয়নি। ২০২৫ সালের অক্টোবরে উড়ালপুল নির্মাণ ও গাছগুলির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অসমের পূর্ত দফতরের দাবি ছিল, সংশ্লিষ্ট এলাকার ৭৬টি গাছ কেটে ফেলার পরিবর্তে অন্যত্র প্রতিস্থাপন করা হয়েছে। তার মধ্যে ৩৪টি গাছ ‘অসম টেক্সটাইল ইনস্টিটিউট’-এর ক্যাম্পাসে, ৪২টি ব্রহ্মপুত্রের কাছে লাচিত ঘাটে সরানো হয়েছে। সরকারি আধিকারিকদের বক্তব্য, প্রতিস্থাপনের পর গাছগুলি বেঁচে রয়েছে।

পরিবেশকর্মীদের একাংশের প্রশ্ন, গাছ অন্যত্র সরিয়ে দিলেই কি একটি এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় থাকে? পুরনো গাছের সঙ্গে একটি এলাকার বাস্তুতন্ত্র, পাখি ও অন্যান্য প্রাণীর বাসস্থান এবং স্থানীয় পরিবেশের দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হয়। সে গাছ অন্যত্র প্রতিস্থাপন করলে আগের পরিবেশ ফিরিয়ে আনা যায় কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাঁদের। উড়ালপুলের সম্প্রসারণ ঐতিহাসিক জলাশয় এবং তার চারপাশের পরিবেশের উপর কী প্রভাব ফেলবে, সে প্রশ্নও উঠেছে। প্রতিস্থাপিত গাছগুলি কয়েক মাস বা কয়েক বছর পরে কতটা সুস্থ থাকবে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশকর্মীরা। ফলে জুবিনের জন্মদিনে দিঘলিপুখুরির প্রসঙ্গ শুধু স্মৃতিচারণের বিষয় নয়, বরং অসমের নগর পরিকল্পনা ও পরিবেশ নীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও বটে। তাঁর পরিবেশ আন্দোলনের প্রকৃত উত্তরাধিকার রক্ষা করতে হলে শুধু তাঁর নামে গাছ লাগালেই হবে না, শহরের উন্নয়ন প্রকল্পগুলির উপরেও ধারাবাহিক নাগরিক নজরদারি প্রয়োজন।

প্রকৃতির প্রতি জুবিনের টান শুধু শহরের গাছপালায় সীমাবদ্ধ ছিল না। পশুপাখির প্রতিও তাঁর গভীর মমতা ছিল। পথকুকুর, বিড়ালের দেখভাল করতেন তিনি। পশুকল্যাণে অবদানের স্বীকৃতি হিসাবে ২০১৮ সালে ‘পেটা ইন্ডিয়া’র তরফে তাঁকে ‘হিরো টু অ্যানিম্যালস’ সম্মান দেওয়া হয়। তাঁর মৃত্যুর পর ‘কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র’-এর তরফেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়। ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর ‘বিশ্ব গণ্ডার দিবস’-এ বোকাখাত থেকে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পর্যন্ত সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি পশুপাখিদের খাদ্যের উৎস হিসাবে ৫২টি ফলের গাছ লাগানো হয়। জুবিনের স্মৃতিকে বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত করার চেষ্টা ছিল সে উদ্যোগ।

এর পরেও বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। ২০২৬ সালের ৫ জুন পরিবেশ দিবসে চেপনাপাড়ায় ১০ হাজার স্থানীয় প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। ‘মানস মাওজিগেন্দ্রি ইকোট্যুরিজম সোসাইটি’র উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নেন ৩০০-রও বেশি মানুষ। অসম বন দফতর, অসম পুলিশ, সশস্ত্র সীমা বল ও  একাধিক স্থানীয় সংগঠনও সহযোগিতা করে। ২৬ সালের সেপ্টেম্বর মাসে অসম জাতীয় পরিষদও ‘এ ট্রি ইন জুবিনস নেম’ কর্মসূচির অধীনে রাজ্য জুড়ে এক লক্ষ চারাগাছ লাগানোর পরিকল্পনা ঘোষণা করে। জুবিন সপ্তাহ পালনের সূচনা হয় ‘নাহর দিবস’ এবং বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে। জুবিনের স্মৃতিতে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিন্তু পরিবেশকর্মীদের কাছে বৃক্ষরোপণ মানেই পরিবেশ সংরক্ষণের সম্পূর্ণ কাজ নয়। গাছ লাগানোর পর তার পরিচর্যা, বেঁচে থাকার হার, স্থানীয় জীববৈচিত্র্যের উপর প্রভাব, বনাঞ্চল রক্ষায় স্থানীয় মানুষের অংশগ্রহণ — সবই সমান গুরুত্বপূর্ণ। ফলে জুবিনের নামে কতগুলি গাছ লাগানো হলো, তার চেয়েও বড়ো প্রশ্ন,  গাছগুলি আগামী দিনে কেমন থাকছে।

মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে জুবিনের ভূমিকা আরও একবার সামনে এসেছিল ২০২১ সালে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে। অসমে তখন সংক্রমণ দ্রুত বাড়ছে। হাসপাতালগুলির উপর চাপ বাড়ছে ক্রমশ। এমন পরিস্থিতিতে গুয়াহাটির কাহিলিপাড়ায় নিজেদের দোতলা ভবন কোভিড চিকিৎসাকেন্দ্রে পরিণত করার জন্য রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন জুবিন ও তাঁর স্ত্রী। জুবিন এবং তাঁর সহযোগীদের মালিকানাধীন ওই ভবনে প্রায় ৩০টি শয্যার ব্যবস্থা করা সম্ভব ছিল। সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা পরিকাঠামোর উপর চাপের মধ্যে সে প্রস্তাব বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। সামাজিক দায়িত্ববোধকে শুধু আর্থিক অনুদান কিংবা প্রকাশ্যে সহমর্মিতা জানানোর মধ্যে সীমাবদ্ধ রাখেননি জুবিন। নিজের হাতে থাকা সম্পত্তি মানুষের চিকিৎসার প্রয়োজনে ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। অতিমারির মতো সংকটে সাধারণ পরিবারের অসহায়তার বিষয়টি যে তিনি উপলব্ধি করেছিলেন, সে উদ্যোগ তারই পরিচয় দেয়।

অসমের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের জন্য পোশাক, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের আবেদন জানানোর ক্ষেত্রেও সক্রিয় ছিলেন জুবিন। প্রতি বছর বন্যার কবলে পড়ে অসমের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, ফসল, গবাদি পশু হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন বহু মানুষ। বন্যার পর পুনর্বাসন, চিকিৎসা এবং জীবিকা ফিরে পাওয়ার লড়াই এখনও রাজ্যের অন্যতম সমস্যা।  জুবিনের মৃত্যুর পর তাঁর নামের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি এ ধরনের জরুরি পরিস্থিতিতে কতটা ধারাবাহিক ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যক্তিগত উদ্যোগের জায়গা থেকে স্থায়ী সামাজিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে কি না, তার উপরেই নির্ভর করবে তাঁর মানবিক কাজের উত্তরাধিকার।

জুবিনের জীবন ও কাজকে শুধু সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর সামাজিক প্রেক্ষিতে বোঝার উদ্যোগও শুরু হয়েছে। তার নাম ‘জেডজি কনশাসনেস’। এ ধারণার মূল কথা, জুবিনকে শুধু জনপ্রিয় গায়ক হিসাবে নয়, তাঁর সামাজিক মূল্যবোধ, মানবিকতা আর জনজীবনে ভূমিকার নিরিখেও বিচার করা। ১৬ ও ১৭ নভেম্বর ‘অসম রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যাল’য়ে ‘জুবিন গর্গ ফাউন্ডেশন’-এর সহযোগিতায় দু-দিনের একটি আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে শিক্ষাবিদ, শিল্পী, সংস্কৃতিকর্মী ও ফাউন্ডেশনের প্রতিনিধিরা অংশ নেন। সঙ্গীত, সমাজ, মানবিকতা এবং পরিবেশ সচেতনতার ক্ষেত্রে জুবিনের অবদান নিয়ে আলোচনা হয়। সাংস্কৃতিক সমন্বয়, সামাজিক পরিবর্তন, যুবসমাজ, সংবাদমাধ্যম, পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং শিক্ষাক্রমে তাঁর ভাবনাকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। পাশাপাশি ‘লাইফ থ্রু দ্য লেন্স: দ্য ডাইমেনশনস অফ জুবিন গর্গ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে তাঁর ব্যক্তিত্বের বিভিন্ন দিকের পাশাপাশি আলোকচিত্রের প্রতি তাঁর আগ্রহও তুলে ধরা হয়।

এ উদ্যোগের মধ্য দিয়ে জুবিনের ভাবনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে সেমিনার বা আলোচনা কতটা বাস্তব সামাজিক উদ্যোগে পরিণত হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। একজন শিল্পীর জনপ্রিয়তা কি দীর্ঘস্থায়ী নাগরিক আন্দোলনের ভিত্তি হতে পারে? তাঁর আদর্শ কি মানুষকে বৈষম্য, পরিবেশ ধ্বংস, সামাজিক অসাম্যের বিরুদ্ধে আরও বেশি করে প্রশ্ন তুলতে উৎসাহিত করবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ‘জেডজি কনশাসনেস’কে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জননীতির পরিসরে নিয়ে যেতে হবে। কারণ, জুবিন গর্গের জনজীবন বরাবরই প্রচলিত ধারণার বাইরে ছিল। একজন সফল গায়ক বা সুরকারের যে নির্দিষ্ট পরিসরে থাকার কথা, নিজেকে তার মধ্যে আটকে রাখেননি তিনি। নিজের বিশ্বাসের জায়গা থেকে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে কথা বলেছেন।

তাঁর গান অসমের বিভিন্ন প্রজন্ম, ভাষা, সম্প্রদায়ের মানুষকে একসূত্রে গেঁথেছে। সেই জনপ্রিয়তাকে সামাজিক কাজেও ব্যবহার করেছিলেন তিনি। ফলে তাঁর মৃত্যুর পর যে বিপুল জনাবেগ তৈরি হয়েছে, তা শুধু একজন শিল্পীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, অসমের সমাজ ও সংস্কৃতির সঙ্গে তাঁর গভীর সম্পর্কেরও পরিচয়। ফলে, স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কিংবা স্মৃতিসৌধ নির্মাণের বাইরে গিয়ে সে আদর্শকে দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করতে হবে।  প্রস্তাবিত ট্রাস্টকে নিয়মিত ভাবে শিল্পী ও আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের পাশে দাঁড়াতে হবে। পরিবেশ সংগঠনগুলিকে নিশ্চিত করতে হবে, জুবিনের স্মৃতিতে লাগানো গাছগুলি বেঁচে থাকছে। বন্যপ্রাণী সংরক্ষণকে মাঝেমধ্যে আয়োজিত কর্মসূচির পরিবর্তে ধারাবাহিক দায়িত্ব হিসাবে নিতে হবে। একই ভাবে মানবিক সহায়তার ক্ষেত্রেও এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বিপর্যয়ের সময়ে মানুষকে সাহায্য করার জন্য কোনো ব্যক্তিগত উদ্যোগের অপেক্ষায় থাকতে না হয়। এ ক্ষেত্রে রাজ্য সরকার, নাগরিক সমাজেরও দায়িত্ব রয়েছে। পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা কিংবা নবীন শিল্পীদের পাশে দাঁড়ানোর মতো বিষয় কোনো জনপ্রিয় ব্যক্তির স্মৃতি বা ব্যক্তিগত উদারতার উপর নির্ভর করে থাকতে পারে না। এর জন্য প্রয়োজন কার্যকর সরকারি নীতি, পর্যাপ্ত অর্থ বরাদ্দ আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

জুবিনের ৫৪তম জন্মবার্ষিকীতে অসমের মানুষ আবারও ফিরে যাবেন তাঁর গানের কাছে। কোথাও বাজবে ‘মায়াবিনী’, কোথাও তাঁর বিহুর গান, কোথাও আবার তাঁর সুরে ভেসে আসবে প্রেম কিংবা বিরহের স্মৃতি। তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা হয়তো শুধু গান শোনা কিংবা জন্মদিন পালনেই সীমাবদ্ধ থাকতে পারে না। যে মানুষটি গাছ বাঁচানোর জন্য সরব হয়েছিলেন, তাঁর স্মৃতিতে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। যে শিল্পী বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর নামে তৈরি প্রতিষ্ঠানগুলিকেও সে কাজ চালিয়ে যেতে হবে। জুবিন আর নেই। গাছ কাটার প্রতিবাদে, মানুষের বিপদের সময়ে কিংবা কোনও নতুন শিল্পীর লড়াইয়ে পাশে দাঁড়াতে আর তাঁর কণ্ঠস্বর শোনা যাবে না। কিন্তু তিনি যে প্রশ্নগুলি তুলে গিয়েছেন, সেগুলির উত্তর দেওয়ার দায়িত্ব রয়ে গিয়েছে অসমের মানুষেরই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!