- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৮, ২০২৬
‘এসআরএফটিআই’-এ অশান্তি নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট ২৭ নভেম্বর, পড়ুয়াদের পাশে ৫১৯ বিশিষ্টজন, চাপে কর্তৃপক্ষ
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) অশান্তি ঘিরে জট কাটার কোনো লক্ষণ এখনো নেই। একদিকে গত ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবরের ক্যাম্পাসে সংঘটিত দুটি পৃথক ঘটনার তদন্তে নেমেছে প্রতিষ্ঠানের তথ্যানুসন্ধান কমিটি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে প্রথম ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়ার কথা। অন্যদিকে, পড়ুয়াদের বহিষ্কার, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ এবং অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও শিল্পীদের একাংশ। ৫১৯ জনের স্বাক্ষরিত এক খোলা চিঠিতে অবিলম্বে ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর দাবি জানানো হয়েছে। উপাচার্য, পরিচালন পর্ষদের সভাপতি এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে পাঁচ দফা দাবি তুলেছেন তাঁরা।
বুধবার প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ‘এসআরএফটিআই’ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবরের ঘটনাগুলির তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানের মূল প্রেক্ষাগৃহে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অক্টোবরেই একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি বা তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে ৪ অক্টোবর ক্যাম্পাসে ঘটে যাওয়া আর একটি ঘটনার তদন্তের দায়িত্বও ওই কমিটির উপর দেওয়া হয়। দুই ঘটনার নেপথ্যের পরিস্থিতি, অভিযোগ এবং সংশ্লিষ্ট সমস্ত দিক খতিয়ে দেখছে কমিটি। প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রবীণ আধিকারিকদের নিয়ে গঠিত এই কমিটিকে তদন্তের প্রয়োজনে প্রাতিষ্ঠানিক নথি, ভিডিয়ো ফুটেজ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ ও পর্যালোচনার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ নথি ও তথ্যপ্রমাণ যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৭ নভেম্বরের মধ্যে ২৭ সেপ্টেম্বরের ঘটনার তদন্ত রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা পড়ার কথা। ৪ অক্টোবরের ঘটনা নিয়ে তদন্ত শেষ হলে পৃথক রিপোর্ট জমা দেওয়া হবে। পরে দুটি রিপোর্টই পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় পাঠানো হবে।
উপাচার্য সন্তোষ অজমেরা জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলিকে হালকা ভাবে দেখছে না প্রতিষ্ঠান। প্রকৃত ঘটনা উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের জন্য নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে ‘এসআরএফটিআই’ দায়বদ্ধ বলেও জানিয়েছেন তিনি। তদন্ত প্রক্রিয়া যাতে তথ্যপ্রমাণের ভিত্তিতে শেষ করা যায়, সে জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। তদন্তের পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অস্থিরতায় বহিরাগতদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ‘এসআরএফটিআই’ কর্তৃপক্ষ। প্রাক্তনী সংসদের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখা এবং পড়ুয়াদের আন্দোলনে হস্তক্ষেপের চেষ্টা করার অভিযোগে অনির্বাণ দত্ত নামে এক ব্যক্তির কাছে নথিপত্র চাওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর তাঁকে একটি স্পষ্টীকরণ নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তরফে জানতে চাওয়া হয়েছে, প্রাক্তনী সংসদের সহ-সভাপতি পদে অনির্বাণ দত্তের নিয়োগ বা নির্বাচনের প্রমাণ কী? সংসদের সংবিধান, উপবিধি, নিবন্ধনের নথি, সর্বশেষ নির্বাচনের বিবরণ, বর্তমান পদাধিকারীদের তালিকা এবং কার্যনির্বাহী কমিটির কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। সংগঠনের নামে প্রকাশ্যে বক্তব্য রাখা, বিভিন্ন বিষয়ে প্রতিনিধিত্ব করা কিংবা জনশুনানির মতো কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে সংসদের কোনো আনুষ্ঠানিক অনুমোদন রয়েছে কি না, তা-ও স্পষ্ট করতে বলা হয়েছে। অন্যদিকে, প্রাক্তনী মহলের একাংশের দাবি, কোনোরকম স্বীকৃত ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো ছাড়া এক জনের পক্ষে গোটা প্রাক্তনী সমাজের প্রতিনিধিত্ব করা সম্ভব নয়। সমস্ত ব্যাচ ও বিভাগের প্রাক্তনীদের মতামত এবং অনুমোদন ছাড়া সংগঠনের নামে কোনও বক্তব্য বা কর্মসূচি গ্রহণযোগ্য হতে পারে না বলেও তাঁদের আপত্তি। সংশ্লিষ্ট প্রাক্তনী সংসদটি বর্তমানে নিষ্ক্রিয় বলে দাবি করেছেন ওই অংশের প্রাক্তনীরা। ‘এসআরএফটিআই’ কর্তৃপক্ষের বক্তব্য, যথাযথ প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়া কেউ নিজেকে প্রাক্তনী সংসদের প্রতিনিধি হিসাবে তুলে ধরলে তা সংগঠনের অবস্থান সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে। একই সঙ্গে প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট অনুমতি থাকা প্রয়োজন। সন্তোষজনক নথি জমা না পড়লে ওই ব্যক্তির প্রতিনিধিত্বের সঙ্গে প্রতিষ্ঠান নিজেদের সম্পর্ক অস্বীকার করে প্রয়োজনীয় স্পষ্টীকরণ জারি করতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে হাতে থাকা নথির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ‘এসআরএফটিআই’য়ের চলমান অচলাবস্থা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, শিক্ষাবিদ ও শিল্পীদের একাংশ। পড়ুয়াদের বহিষ্কার, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে ৫১৯ জনের স্বাক্ষরিত একটি খোলা চিঠি পাঠানো হয়েছে প্রতিষ্ঠানের শীর্ষ কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। নন্দিতা দাস, আনন্দ পটবর্ধন, পায়েল কাপাডিয়া, শৌনক সেন, অনির, তনুজা চন্দ্র, ইন্দ্রনীল রায়চৌধুরী, জিও বেবি, অনিন্দ্য সেনগুপ্ত এবং সুপ্রিয় সেন-সহ চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্ব ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগতদের হামলার অভিযোগের পরেও সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্তের পরিবর্তে প্রতিবাদী পড়ুয়াদের বিরুদ্ধেই শোকজ নোটিস ও বহিষ্কারের মতো পদক্ষেপ করা হয়েছে। পড়ুয়াদের পাশে দাঁড়ানো শিক্ষক এবং ‘রিসোর্স পার্সন’দেরও প্রশাসনিক শাস্তির মুখে পড়তে হয়েছে। কয়েক জনকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে ২৭ সেপ্টেম্বরের ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, সেদিন ‘এসআরএফটিআই’য়ের মূল প্রেক্ষাগৃহে একটি রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার প্রতিবাদ করেছিলেন পড়ুয়াদের একাংশ। অভিযোগ, এর পরেই ক্যাম্পাসের ভিতরে তাঁদের ধাওয়া করে মারধর করেন বহিরাগতেরা। ঘটনায় কয়েক জন পড়ুয়া গুরুতর জখম হন। তাঁদের অস্ত্রোপচারও করাতে হয়। আক্রান্ত হন শিক্ষকেরাও। এর পর ৪ অক্টোবর ফের পড়ুয়াদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। চিঠির স্বাক্ষরকারীদের বক্তব্য, বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রতিবাদী পড়ুয়াদের শোকজ করা এবং বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে পড়ুয়াদের পাশে দাঁড়ানো শিক্ষক ও রিসোর্স পার্সনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্তমানে হস্টেল ও মেস বন্ধ। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের শিক্ষাবর্ষ, সেমেস্টার এবং ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
খোলা চিঠিতে মোট পাঁচ দফা দাবি জানানো হয়েছে। প্রথমত, অবিলম্বে ক্যাম্পাস, হস্টেল ও মেস খুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু করতে হবে। অচলাবস্থার কারণে পড়ুয়াদের সেমেস্টার বা শিক্ষাগত ক্রেডিট যাতে নষ্ট না হয়, তার জন্য নির্দিষ্ট সময়সীমা মেনে বিকল্প অ্যাকাডেমিক পরিকল্পনা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, পড়ুয়াদের বিরুদ্ধে জারি করা বহিষ্কারের নির্দেশ ও শোকজ় নোটিস প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে শিক্ষক ও রিসোর্স পার্সনদের বরখাস্তের সিদ্ধান্তও ফিরিয়ে নিতে হবে। তৃতীয়ত, ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবরের হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত সংগঠন ও ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণে কড়া বিধি চালু করতে হবে। চতুর্থত, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং পরিচালন পর্ষদের উদ্যোগে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি বৈঠক ডাকতে হবে। নিরপেক্ষ মধ্যস্থতাকারীর উপস্থিতিতে সেখানে কর্তৃপক্ষ, পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের প্রতিনিধিদের নিয়ে আলোচনার ব্যবস্থা করতে হবে। পঞ্চমত, গোটা পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানের প্রশাসনিক ভূমিকা পর্যালোচনা করতে হবে। পড়ুয়া ও শিক্ষকদের অভিযোগ জানানোর জন্য স্বচ্ছ, নিরপেক্ষ এবং কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
চিঠিতে স্বাক্ষরকারীরা মনে করিয়ে দিয়েছেন, ভয়ভীতি ও অনিশ্চয়তার পরিবেশে কোনো চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে সুস্থ শিক্ষাচর্চা এবং সৃজনশীলতার বিকাশ সম্ভব নয়। পড়ুয়াদের প্রশ্ন করার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো প্রয়োজন। এদিকে, প্রশাসনিক অচলাবস্থার মধ্যেই পাঁচ জন বহিষ্কৃত পড়ুয়ার কাছে পুলিশের সমন পৌঁছেছে বলে জানা গিয়েছে। প্রতিষ্ঠানের তরফে গত ২৫ অক্টোবর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করেছে বলে খবর। ফলে এক দিকে তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষা, অন্য দিকে পড়ুয়াদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ এবং চলচ্চিত্র মহলের ক্রমবর্ধমান প্রতিবাদ — সব মিলিয়ে এসআরএফটিআইয়ের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
❤ Support Us





