- দে । শ
- নভেম্বর ২৬, ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে পদক্ষেপ রাজ্য সরকারের ! মডেল স্কুলে অন্য স্কুলের শিক্ষক পাঠানোর নির্দেশিকা জারি
শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের একাধিক সরকারি মডেল স্কুল ও নিউ ইন্টিগ্রেটেড স্কুল। কোথাও বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব, আবার কোথাও পর্যাপ্ত শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠনপাঠন। এই পরিস্থিতিতে স্কুলগুলির শিক্ষার মান বজায় রাখতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আপাতত শিক্ষক ঘাটতি মেটাতে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের সরকারি মডেল স্কুলগুলিতে সাময়িকভাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার, ২৫ নভেম্বর এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুলশিক্ষা দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ করে পঠনপাঠন স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কোন স্কুলে কতজন এবং কোন বিষয়ের শিক্ষক প্রয়োজন, তা খতিয়ে দেখে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুল থেকে উপযুক্ত শিক্ষক বেছে পাঠানোর ব্যবস্থা করবেন তাঁরা।
তবে এই অস্থায়ী শিক্ষক বদলির ক্ষেত্রে বেশ কিছু বিষয় স্পষ্ট করে দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর। নির্দেশিকা অনুযায়ী, অন্য স্কুলে সাময়িকভাবে দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ট শিক্ষকদের মূল স্কুল অপরিবর্তিত থাকবে। তাঁদের চাকরির শর্ত, বেতন এবং অন্যান্য পরিষেবাগত নিয়মেও কোনও পরিবর্তন হবে না। এমনকী, শিক্ষকরা যে স্কুলে অস্থায়ীভাবে কাজ করবেন, সেই স্কুল নয়, তাঁদের মূল স্কুল থেকেই বেতন দেওয়া হবে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষক মহলে শুরু হয়েছে মতবিরোধ। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, সাময়িকভাবে অন্য স্কুল থেকে শিক্ষক এনে সমস্যার সমাধান না করে স্থায়ী নিয়োগের মাধ্যমেই সমস্ত পড়ুয়ার শিক্ষার অধিকার নিশ্চিত করা উচিত। শিক্ষক সংগঠনগুলির একাংশও দ্রুত শূন্যপদ পূরণের দাবি জানিয়েছে।
অন্যদিকে, রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিক্ষক সংগঠন এবিআরএসএম। সংগঠনের সাধারণ সম্পাদক বাপি প্রামাণিকের মতে, মডেল স্কুলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বিশেষ পরিকল্পনা ও ভাবনা রয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত স্কুলগুলিতে পঠনপাঠন সচল রাখতে এই ধরনের সাময়িক ব্যবস্থা প্রয়োজনীয়। এর ফলে শিক্ষক সংকটের কারণে পড়াশোনা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা সম্ভব হবে এবং শেষ পর্যন্ত উপকৃত হবে পড়ুয়ারাই।
সব মিলিয়ে, সরকারি মডেল স্কুলগুলিতে শিক্ষক সংকট কাটাতে আপাতত অস্থায়ী শিক্ষক পাঠানোর পথেই হাঁটল রাজ্য সরকার। তবে এই ব্যবস্থা কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবে শিক্ষক বণ্টন এবং স্কুলগুলির শূন্যপদ পূরণের অগ্রগতির উপর।
❤ Support Us






