- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৭, ২০২৬
ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ! স্পিকারকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাই কোর্টের
বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে। শুক্রবার দুপুর ৩টেয় মামলার রায় ঘোষণা করেন বিচারপতি কৃষ্ণ রাও। গত ৩ জুন বিধানসভার স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সে সিদ্ধান্তকেই এ দিন খারিজ করে দিল উচ্চ আদালত। এর আগে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়েছিল। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মামলাটি পুনরায় শুনানির জন্য সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠায়। গত শনিবার এই মামলার শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও।
বিধানসভা নির্বাচনে এ বার ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সে নিরিখে বিধানসভায় তারাই প্রধান বিরোধী দল। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছিলেন। এ সিদ্ধান্তের কথা জানিয়ে গত ৯ মে বিধানসভার স্পিকারকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। কিন্তু অভিযোগ, সেই চিঠির ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপ করেননি। পরবর্তী সময়ে ওই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। এর পর দলবিরোধী কার্যকলাপের অভিযোগে গত ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। অভিযোগ, বহিষ্কারের পর ৩ জুন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে নতুন একটি চিঠি দেন। সে চিঠির ভিত্তিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার।
স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। মামলাটির শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। গত ১৬ নভেম্বর শুনানির সময় বিচারপতি জানতে চান, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সংবিধান এবং দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়েছিল কি না। স্পিকারের কাছে দলের তরফে চিঠি পৌঁছনোর পর বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত বৈঠকের সিদ্ধান্ত বা রেজ়োলিউশন চাওয়ার প্রয়োজন ছিল কি না, সেই প্রশ্নও ওঠে আদালতে। যদিও সেগুলি ছিল বিচারপতির পর্যবেক্ষণ, চূড়ান্ত রায় নয়। তবে মামলার গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে আদালতের এই পর্যবেক্ষণগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।
এর আগের শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও প্রশ্ন তুলেছিলেন, ৭৮ জন বিধায়কের দাবি উপেক্ষা করে কেন ৫৪ বা ৫৬ জন বিধায়কের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হল? বিরোধী পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না কি? কোনও রাজনৈতিক দলের নিজস্ব সংবিধান এবং সিদ্ধান্তকে কি এ ভাবে উপেক্ষা করতে পারেন বিধানসভার স্পিকার? সেই শুনানিতে প্রথমে রাজ্যের আইনজীবী সূর্যনীল দাস স্পিকারের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে চেয়েছিলেন। তখন বিচারপতি প্রশ্ন করেন, ‘এখন কি আপনারা ঘাটতি পূরণের উপায় খুঁজছেন?’ এরপর স্পিকারের হয়ে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য তাঁর কাছে থাকা তথ্যের ভিত্তিতে গোটা ঘটনাক্রম আদালতের সামনে তুলে ধরেন।
রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ১৫ মে স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রথীন্দ্র বসু। তার আগে স্পিকার নিযুক্ত না থাকায় বিধানসভার সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। স্পিকারকে পাশ কাটিয়ে বিরোধী দলনেতা নির্বাচন করা যায় না বলেও রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়। আরও জানানো হয়, ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন স্পিকার। ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে তারিখে স্বাক্ষরিত একটি রেজ়োলিউশন পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে বিরোধী পক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হয় এবং এফআইআর দায়ের হয়। তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি।
গত ১৮ অগস্ট এই মামলায় রায় দিয়েছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ে আদালত স্পষ্ট জানিয়েছিল, বিধানসভার স্পিকার কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও দায়িত্ব পালনের সময় তাঁকে নিরপেক্ষ এবং পক্ষপাতহীন থাকতে হবে। তাঁর রাজনৈতিক পরিচয় কোনওভাবেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে না। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, বিরোধী দলনেতা কিংবা মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিধায়কদের সংখ্যার নিরিখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত এবং সাংগঠনিক অবস্থানকেও বিবেচনায় রাখতে হবে।
❤ Support Us






