- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৭, ২০২৬
সব রাজ্যেই লোকসভা আসন বাড়বে ৫০ শতাংশ, ২৫ বছর বহাল থাকবে অনুপাত! দক্ষিণের আপত্তি সামলে বিল পাশের তোড়জোড় কেন্দ্রের
লোকসভায় আসনসংখ্যা বৃদ্ধি ও নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাস ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপড়েনে নতুন মোড়। দক্ষিণের রাজ্যগুলির আপত্তি সামাল দিয়ে সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে এ বার নতুন কৌশল নিল কেন্দ্র। প্রতিটি রাজ্যে লোকসভার আসন সমান অনুপাতে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে শুক্রবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুধু তা-ই নয়, আসনসংখ্যা বৃদ্ধির পর রাজ্যগুলির মধ্যে লোকসভায় প্রতিনিধিত্বের যে আনুপাতিক হিসাব থাকবে, আগামী ২৫ বছর, অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত তা অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও হয়েছে। ফলে লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বেড়ে ৮৫০ হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ডিলিমিটেশন নিয়ে দক্ষিণের রাজ্যগুলির দীর্ঘদিনের আপত্তির জায়গাটিতে কার্যত সিলমোহর দিল কেন্দ্র। আর এ সিদ্ধান্তের ফলে বিল পাশ করাতে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সমর্থন পাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে গেল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে। ঘটনাচক্রে, এদিন সকালেই লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ আসনের অংশীদারিত্ব অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছিলেন স্ট্যালিন। তাঁর বক্তব্য ছিল, লোকসভার মোট আসনসংখ্যা বাড়ানো নিয়ে আপত্তি নেই। কিন্তু আসন বাড়ানোর অজুহাতে কোনো রাজ্যের বর্তমান আনুপাতিক প্রতিনিধিত্ব কমানো চলবে না। একই সঙ্গে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত রাজ্যগুলির মধ্যে সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত আরও ২৫ বছর বহাল রাখার দাবিও জানিয়েছিলেন তিনি। কেন্দ্রের নতুন প্রস্তাবের সঙ্গে স্ট্যালিনের দাবির যথেষ্ট মিল রয়েছে। ফলে ডিএমকের ২২ জন লোকসভা সাংসদের সমর্থন আদায়ের পথ প্রশস্ত হলো বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব শুরু হচ্ছে। লোকসভায় অধিবেশন শুরু হবে সোমবার। রাজ্যসভা বসবে ২ ডিসেম্বর। অধিবেশন চলার কথা ৩ ডিসেম্বর পর্যন্ত। এ অধিবেশনেই লোকসভার আসন বৃদ্ধি, ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার উদ্দেশ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল নতুন করে পেশ করতে পারে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছিলেন, অত্যাবশ্যকীয় সরকারি কাজকর্ম সম্পন্ন করতেই সংসদের অধিবেশন পুনরায় ডাকা হয়েছে। তবে রাজনৈতিক মহলের ধারণা, ডিলিমিটেশন বিল পাশ করানোর প্রস্তুতি নিয়েই বিশেষ অধিবেশন ডেকেছে সরকার।
৭১-এর জনগণনা থেকে ২০৫১, কেন এমন সিদ্ধান্ত?
ডিলিমিটেশন নিয়ে দক্ষিণের রাজ্যগুলির আপত্তির কেন্দ্রে রয়েছে জনসংখ্যার হিসাব। এত দিন পর্যন্ত স্থির ছিল, ২৬ সালের পর প্রথম জনগণনার ভিত্তিতে লোকসভা ও বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের সাংবিধানিক সময়সীমা নির্ধারণ করা হবে। অর্থাৎ, নতুন জনগণনার তথ্য সামনে এলে জনসংখ্যার ভিত্তিতে রাজ্যগুলির আসনসংখ্যা পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারত। কিন্তু কেন্দ্রের নতুন সিদ্ধান্তে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত রাজ্যওয়াড়ি আসন বণ্টনের অনুপাতের উপর স্থগিতাদেশের মেয়াদ আরও ২৫ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসনের আনুপাতিক হিসাব বদলাবে না।
এ সিদ্ধান্তের পিছনে রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের জনসংখ্যা বৃদ্ধির হারের ফারাক। গত কয়েক দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণে দক্ষিণের রাজ্যগুলি তুলনামূলক ভাবে বেশি সাফল্য পেয়েছে। অন্যদিকে, উত্তর ভারতের একাধিক রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। ফলে নতুন জনগণনার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের রাজ্যগুলির আসনসংখ্যা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বিপরীতে, দক্ষিণের রাজ্যগুলির আশঙ্কা ছিল, সংসদে তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব কমে যেতে পারে। তামিলনাড়ু, কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোর বক্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য পাওয়ার জন্য কোনো রাজ্যকে রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে বঞ্চিত করা যায় না। শুধু জনসংখ্যার অঙ্ক দিয়ে সংসদে রাজ্যগুলির গুরুত্ব নির্ধারণ করা হলে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্য নষ্ট করতে পারে। এ যুক্তিতেই ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরোধিতা করে আসছিল দক্ষিণের দলগুলি।
কেন্দ্রের নতুন প্রস্তাবে প্রতিটি রাজ্যে সমান হারে ৫০ শতাংশ আসন বৃদ্ধির কথা বলা হয়েছে। পাশাপাশি, রাজ্যগুলির মধ্যে বর্তমান আসন বণ্টনের অনুপাতও বহাল রাখা হবে। অর্থাৎ, যে রাজ্যের লোকসভায় যত শতাংশ আসনের অংশীদারিত্ব রয়েছে, আসন বৃদ্ধির পরেও সে অনুপাত বজায় থাকবে। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত এই অনুপাত ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের ফলে দক্ষিণের রাজ্যগুলির অন্যতম প্রধান আপত্তির জায়গাটি আপাতত মিটতে পারে। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে লোকসভার আসনসংখ্যা ৫৪৩ নির্ধারিত হয়েছিল। তার পর থেকে জনসংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন হলেও আসনসংখ্যা বৃদ্ধির বিষয়টি স্থগিত ছিল। এ বার সেই স্থিতাবস্থা ভেঙে লোকসভার আসনসংখ্যা ৮৫০ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। তবে এই প্রস্তাবের ফলে সব রাজ্যের আসন বাড়লেও রাজনৈতিক শক্তির অনুপাত কী ভাবে প্রভাবিত হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
ডিএমকের সমর্থন নিশ্চিত?
ডিলিমিটেশন বিল পাশ করানোর ক্ষেত্রে ডিএমকের অবস্থান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা কেন্দ্রের অজানা নয়। তামিলনাড়ুর রাজনীতিতে ডিলিমিটেশন বরাবরই স্পর্শকাতর বিষয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিধানসভায় ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরোধিতা করে একটি প্রস্তাব এনেছিলেন। সেখানে বলা হয়েছিল, ২৬ সালের পর নতুন জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা উচিত নয়। অনিবার্য কারণে আসনসংখ্যা বাড়াতে হলেও রাজ্যের ভিতরে ও সংসদের দুই কক্ষে বর্তমান আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রাখতে হবে। শুক্রবার স্ট্যালিন ফের নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর দাবি, লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ আসনের অংশীদারিত্ব কোনো অবস্থাতেই কমানো চলবে না। ৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত রাজ্যগুলির মধ্যে সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাতও আগামী ২৫ বছর অপরিবর্তিত রাখতে হবে। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, তামিলনাড়ুর স্বার্থের প্রশ্নে কোনো আপস করবে না ডিএমকে। দলের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি।
তবে ডিএমকের অন্দরেই কেন্দ্রের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর। দলের দুই শীর্ষ নেতা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, বিজেপির আনা প্রতিটি প্রস্তাবের বিরোধিতা করার প্রয়োজন নেই। তামিলনাড়ুর স্বার্থ সুরক্ষিত থাকলে কোনো কোনো বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করা যেতে পারে। তাঁদের বক্তব্য, আসনসংখ্যা বাড়ানো নিয়ে আপত্তি নেই, কিন্তু রাজ্যের বর্তমান অংশীদারিত্বের অনুপাত অক্ষুণ্ণ রাখতে হবে। ডিএমকে সূত্রের দাবি, কেন্দ্রের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাজনৈতিক বিরোধিতার অর্থ প্রতিটি বিষয়ে একই ভাবে বিরোধিতা করা নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এর মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দাবি, বিলের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিজেপি ইতিমধ্যেই ডিএমকে-র সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছেছে। যদিও বিজয়ের এ দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ সামনে আসেনি। ডিএমকে বা বিজেপি—কোনো পক্ষের তরফেও এমন সমঝোতার কথা স্বীকার করা হয়নি।
অন্যদিকে, তামিলনাড়ুর বর্তমান আসন-অনুপাত বজায় রাখার শর্তে বিলটিকে সমর্থনের বিষয়ে দলের একাংশের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানা যাচ্ছে। এখানে আরও একটি রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের সঙ্গে ডিএমকের সম্পর্কের অবনতি হয়েছে। কংগ্রেস জোট ছেড়ে টিভিকে-র সঙ্গে হাত মিলিয়ে সরকারে যোগ দিয়েছে। ফলে ইন্ডিয়া জোটের শরিক হলেও কংগ্রেসের সঙ্গে ডিএমকের দূরত্ব বেড়েছে। এ পরিস্থিতিতে ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে কী অবস্থান নেয়, তা জাতীয় রাজনীতিতেও বিশেষ তাৎপর্য বহন করছে।
শরদ পওয়ারের এনসিপিও কি সমর্থনের পথে?
ডিএমকের পাশাপাশি শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদ পওয়ার)-এর সমর্থন আদায়ের চেষ্টাও চালাচ্ছে কেন্দ্র। লোকসভায় এই দলের আট জন সাংসদ রয়েছেন। সূত্রের খবর, প্রতিটি রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর দাবি মেনে নেওয়ায় বিলটির নীতিগত সমর্থনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে দলটি। শরদ পওয়ারের দলের তরফে অবশ্য আরও কয়েকটি দাবি রয়েছে। মহিলাদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ আসন সংরক্ষণের দাবি জানিয়েছে তারা। পাশাপাশি, ডিলিমিটেশন কমিশনে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বলেছে। ফলে কেন্দ্রের নতুন প্রস্তাব তাদের সব দাবি পূরণ করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বিলের চূড়ান্ত রূপ এবং সরকারের আশ্বাসের উপরেই নিজেদের অবস্থান নির্ভর করবে বলে ইঙ্গিত দিয়েছে দলটি। শুক্রবার এনসিপি (এসপি)-র তরফে সাংসদদের অধিবেশনে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে। তাতে অবশ্য বিলের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। দলের সাংসদ সুপ্রিয়া সুলে-সহ নেতৃত্বের তরফে ইঙ্গিত মিলেছে, সব রাজ্যে সমান হারে আসন বাড়ানো হলে বিলের নীতিগত সমর্থনে আপত্তি নেই। এ পরিস্থিতিতে শরদ পওয়ারের দলের আট সাংসদের অবস্থানও সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
১৩১তম সংবিধান সংশোধনী বিল নিয়ে আগের ধাক্কা
মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রশ্নে অবশ্য কেন্দ্রের এ উদ্যোগ প্রথম নয়। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর লোকসভায় এবং ২১ সেপ্টেম্বর রাজ্যসভায় বিরোধী দলগুলির সহযোগিতায় মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছিল মোদি সরকার। সংবিধানের ১০৬তম সংশোধনী বিল, যার সরকারি নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’, অনুযায়ী লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। কিন্তু সেই সংরক্ষণ কার্যকর করার বিষয়টি ডিলিমিটেশন আর জনগণনার সঙ্গে যুক্ত থাকায় এখনো বাস্তবায়িত হয়নি। বর্তমান ৫৪৩ আসনের লোকসভাতেই এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা সম্ভব ছিল বলে দাবি করে আসছে বিরোধীরা। তিন বছর পেরিয়ে গেলেও মহিলা সংরক্ষণ কার্যকর না হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছে কংগ্রেস।
এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার আসন বৃদ্ধি এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার উদ্দেশ্যে তিনটি বিল পেশ করেছিলেন। প্রথমটি ছিল ১৩১তম সংবিধান সংশোধনী বিল। এর মাধ্যমে লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পাশাপাশি লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব ছিল। দ্বিতীয়টি ছিল লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিল। তৃতীয়টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আসন বৃদ্ধির জন্য আইন সংশোধনী বিল। কিন্তু গত ১৭ এপ্রিল লোকসভায় প্রথম বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ফলে পরবর্তী দু’টি বিল নিয়ে আর ভোটাভুটির পথে হাঁটেনি সরকার। এ বার নতুন সংশোধনী নিয়ে ফের সংসদে ফিরতে চাইছে কেন্দ্র।
লোকসভায় সংখ্যার অঙ্কে কোথায় দাঁড়িয়ে সরকার?
সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সাধারণ বিলের মতো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়। সংসদের প্রতিটি কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। লোকসভায় বর্তমানে তিনটি আসন খালি রয়েছে। কার্যকর সদস্যসংখ্যা ৫৪০। সব সদস্য ভোটাভুটিতে অংশ নিলে বিল পাশ করাতে ৩৬০ জনের সমর্থন প্রয়োজন হবে। এপ্রিল মাসে যখন বিলটি পেশ করা হয়েছিল, তখন ৫২৮ জন সাংসদ ভোট দিয়েছিলেন। সেই ক্ষেত্রে প্রয়োজন ছিল ৩৫২টি ভোট। কিন্তু সরকার পেয়েছিল ২৯৮টি। ফলে ৫৪ ভোটের ব্যবধানে বিলটি পরাজিত হয়। তার পর থেকে লোকসভার রাজনৈতিক সমীকরণে কিছু পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দেওয়া ২০ জন সাংসদ এবং উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) ছেড়ে বেরিয়ে আসা ছ-জন সাংসদের সমর্থন এনডিএ-র দিকে গিয়েছে বলে দাবি শাসক শিবিরের। এই হিসাব ধরলে এনডিএ-র সমর্থন বেড়ে প্রায় ৩২৪ হতে পারে। এর সঙ্গে ডিএমকের ২২ জন সাংসদ বিলের পক্ষে ভোট দিলে সংখ্যাটি দাঁড়াবে ৩৪৬। অর্থাৎ, তাতেও প্রয়োজনীয় ৩৬০ ভোটের জন্য আরও ১৪ জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে। শরদ পওয়ারের এনসিপি (এসপি)-র আট জন সাংসদও সরকারকে সমর্থন করলে সেই ঘাটতি আরও কমবে। ওয়াইএসআর কংগ্রেসের সাংসদদের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে সংসদের ভোটাভুটিতে আরও একটি সম্ভাবনার অঙ্ক সামনে এসেছে। ডিএমকে এবং এনসিপি (এসপি)-র সাংসদরা সরাসরি বিলের পক্ষে ভোট না দিয়ে যদি ভোটদানে বিরত থাকেন, তা হলেও সরকারের পক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সহজ হতে পারে। কারণ, সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নির্ধারিত হয় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের ভিত্তিতে। ফলে ভোটদানে বিরত থাকলে প্রয়োজনীয় সমর্থনের সংখ্যাও কমে আসবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সমীকরণ কাজে লাগাতে পারলে সরকারকে সরাসরি সমর্থন না করেও ডিএমকে বা এনসিপি (এসপি) কার্যত বিল পাশের পথ সুগম করে দিতে পারে। এনডিএ-র পক্ষে ইতিমধ্যেই তৃণমূল থেকে বেরিয়ে আসা ২০ জন সাংসদের সমর্থন রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে তাঁদের দলত্যাগ সংক্রান্ত অযোগ্যতার আবেদন এখনো নিষ্পত্তি হয়নি। তৃণমূলের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ প্রশ্ন তুলেছেন, লোকসভার স্পিকার এখনও তাঁদের অযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় ওই সাংসদরা কী ভাবে ভোট দিতে পারেন? তাঁর অভিযোগ, ছ-মাস ধরে বিষয়টি ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশও কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে ওই সাংসদদের ভোটের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
২০৫১ পর্যন্ত আসন পুনর্বিন্যাস স্থগিত, লাভ কার?
কেন্দ্রের প্রস্তাবে প্রতিটি রাজ্যে সমান হারে আসন বৃদ্ধির কথা বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এর ফলে বিজেপির নির্বাচনী শক্তি বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষত হিন্দি বলয়ের রাজ্যগুলিতে লোকসভার আসনসংখ্যা বাড়লে বিজেপির রাজনৈতিক প্রভাব আরও বাড়তে পারে বলে তাঁদের মত। যদিও আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রাখার প্রস্তাব কার্যকর হলে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান ভারসাম্য অক্ষুণ্ণ থাকার কথা। তবে ৫০ শতাংশ আসন বৃদ্ধির পর নতুন কেন্দ্রগুলির সীমানা কী ভাবে নির্ধারিত হবে, কোন এলাকার সঙ্গে কোন এলাকা যুক্ত হবে এবং নতুন আসনগুলিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চরিত্র কী দাঁড়াবে, তা এখনো স্পষ্ট নয়। ডিলিমিটেশন কমিশনের ভূমিকা, তার গঠন এবং বিরোধীদের প্রতিনিধিত্বের প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
কেন্দ্রের দাবি, মহিলা সংরক্ষণ কার্যকর করতে এবং সংসদীয় প্রতিনিধিত্বের পরিসর বাড়াতেই এই উদ্যোগ। বিরোধীদের একাংশের অভিযোগ, মহিলা সংরক্ষণের মতো সর্বসম্মত একটি বিষয়কে ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে সরকার। কংগ্রেসের বক্তব্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই বর্তমান ৫৪৩টি আসনের মধ্যে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষণ কার্যকর করা হোক। সেই সংরক্ষণের আওতায় তফসিলি জাতি ও জনজাতির মহিলাদের জন্যও আসন সংরক্ষণের দাবি জানিয়েছে তারা।
বিরোধী ঐক্য গড়তে খাড়গের বৈঠক, মধ্যস্থতায় মমতা?
কেন্দ্রের নতুন উদ্যোগের মোকাবিলায় বিরোধী শিবিরও নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে শনিবার সকাল সাড়ে ১১টায় নিজের বাসভবন ১০ রাজাজি মার্গে বিরোধী দলগুলির সংসদীয় নেতাদের বৈঠক ডেকেছেন। ইন্ডিয়া জোটের শরিকদের পাশাপাশি ডিএমকে, আম আদমি পার্টি এবং বিজু জনতা দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জোটের বাইরে থাকা দলগুলি এই বৈঠকে যোগ দেয় কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের তরফে ডিএমকের সঙ্গে যোগাযোগের দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএমকে প্রধান স্ট্যালিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক ভাল। ইন্ডিয়া জোটের অন্যতম প্রবীণ নেত্রী হিসেবেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। সূত্রের খবর, মমতার মাধ্যমে ডিএমকের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, সংবিধানের স্বার্থে সব বিরোধী দলের সঙ্গে কথা বলা হচ্ছে।
শুক্রবার কংগ্রেস লোকসভার সাংসদদের জন্য তিন লাইনের হুইপ জারি করেছে। ২৯ নভেম্বর সকাল ১০টার মধ্যে সকলকে দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলের সংসদীয় কৌশল নির্ধারণী কমিটির বৈঠকও ডাকা হয়েছে সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে। এর পরে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনা হওয়ার কথা। অন্যদিকে, সমাজবাদী পার্টিও নিজেদের সাংসদদের সতর্ক করেছে। দলের এক নেতার অভিযোগ, বিজেপি কয়েক সপ্তাহ ধরে সমাজবাদী পার্টির সাংসদদের সঙ্গে যোগাযোগ করে নানা ধরনের প্রস্তাব দিচ্ছে। যদিও নিজেদের সাংসদদের উপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। বিলের বিরোধিতায় হুইপ জারি করা হবে বলেও জানিয়েছেন সমাজবাদী পার্টি নেতৃত্ব। কংগ্রেসের দাবি, সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের সঙ্গে মহিলা সংরক্ষণের সরাসরি সম্পর্ক নেই। তাদের মতে, ডিলিমিটেশনকে সামনে রেখেই রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে কেন্দ্র। প্রধানমন্ত্রীকে নিশানা করে কংগ্রেসের বক্তব্য, চাপে থাকা সরকারের মরিয়া পদক্ষেপের মোকাবিলা করা হবে দৃঢ়তার সঙ্গে।
সব মিলিয়ে, ডিলিমিটেশন ঘিরে সংসদের বিশেষ অধিবেশনের আগে জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। একদিকে, দক্ষিণের রাজ্যগুলির আপত্তি প্রশমিত করে ডিএমকে ও শরদ পওয়ারের দলের সমর্থন আদায়ের চেষ্টা করছে কেন্দ্র। অন্যদিকে, বিরোধীদের লক্ষ্য সংসদে একজোট থেকে বিলের বিরোধিতা করা। মহিলা সংরক্ষণের প্রশ্ন, রাজ্যগুলির মধ্যে প্রতিনিধিত্বের ভারসাম্য এবং লোকসভার আসন বৃদ্ধির রাজনৈতিক প্রভাব — তিনটি বিষয়ই এখন জড়িয়ে গিয়েছে একই বিতর্কে। শেষ পর্যন্ত ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে কোন পক্ষ সংখ্যার অঙ্কে এগিয়ে থাকে, তার উপরই নির্ভর করবে মোদি সরকারের এই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলের ভবিষ্যৎ।
❤ Support Us






