Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৭, ২০২৬

দু-বার সূচি বদলের পর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা কমিশনের! এসআইআরে বাদ পড়াদের নথি যাচাইয়ে পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
দু-বার সূচি বদলের পর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা কমিশনের! এসআইআরে বাদ পড়াদের নথি যাচাইয়ে পুলিশ

দু-বার সূচি বদলের পর অবশেষে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। এদিকে, এসআইআরে নাম বাদ পড়া ভোটারদের নথি যাচাইয়ে নেমেছে রাজ্য পুলিশ। সব মিলিয়ে বাংলার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যেই পুলিশ কেন ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের কাছ থেকে নথি চাইছে, সে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও।

নির্বাচন কমিশনের নির্ধারিত নতুন সূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রের আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। তার পর ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকে ২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটাররা তালিকায় নাম সংক্রান্ত দাবি, আপত্তি এবং সংশোধনের আবেদন জানাতে পারবেন। জমা পড়া সমস্ত আবেদন ও আপত্তির নিষ্পত্তির জন্য ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা ধার্য করেছে কমিশন। এর পর ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের কাজ শুরু হওয়ার কথা ছিল। প্রথমে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছিল। কিন্তু অনিবার্য পরিস্থিতির কথা জানিয়ে সেই সূচি পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ফের পরিবর্তন আসে কর্মসূচিতে। অবশেষে নতুন সময়সূচি ঘোষণায় আপাতত কাটল ভোটার তালিকা প্রকাশ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা।

ভোটার তালিকার নতুন সূচি ঘোষণার পাশাপাশি এসআইআরে নাম বাদ পড়া ভোটারদের নিয়ে অন্য একটি বিতর্কও ক্রমশ জোরালো হচ্ছে। যাঁদের আবেদন আপিল ট্রাইবুনালে বিচারাধীন, তাঁদের বাড়িতে গিয়ে পুলিশ আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, জন্মের শংসাপত্র, জমির নথি-সহ বিভিন্ন কাগজপত্র চাইছে বলে অভিযোগ উঠেছে। আগামী ২৯ নভেম্বরের মধ্যে নথি জমা দেওয়ার কথাও বলা হচ্ছে বলে শুক্রবার সুপ্রিম কোর্টে অভিযোগ করেন মামলাকারীদের আইনজীবীরা। ঘটনার সূত্রপাত রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে। গত ২৩ নভেম্বর রাজ্যের সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের ওই নির্দেশিকা পাঠানো হয়। তাতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই নথি সংগ্রহ ও যাচাইয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, মাত্র সাত দিনের মধ্যে রাজ্য জুড়ে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কিন্তু কেন এই কাজ পুলিশকে করতে হবে, তার কোনো বিস্তারিত ব্যাখ্যা নির্দেশিকায় দেওয়া হয়নি। সেখানে শুধু উল্লেখ রয়েছে, ভিডিও কনফারেন্সে দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ করতে হবে। ফলে ওই বৈঠকে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছিল, তার কোনো লিখিত নথি বা রেকর্ডিং রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসনিক সূত্রের খবর, জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকদের কাছ থেকে যাচাই তালিকায় থাকা ভোটারদের নাম ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এই কাজ শুরু করেছে পুলিশ। কোথাও পুলিশকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছেন, কোথাও আবার সংশ্লিষ্ট ব্যক্তিদের থানায় ডেকে পাঠানো হচ্ছে। তবে এই পদক্ষেপের উদ্দেশ্য নিয়েই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। একাংশের মতে, ট্রাইবুনালের শুনানির আগে প্রয়োজনীয় নথি যাচাই করে রাখতেই এই উদ্যোগ। অন্য অংশের আশঙ্কা, এর মাধ্যমে ভোটারদের নাগরিকত্ব বা পরিচয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার একটি সমান্তরাল ব্যবস্থা তৈরি হতে পারে।

শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে বাংলার ভোটার তালিকা সংক্রান্ত মামলার শুনানিতে পুলিশের এই ভূমিকা নিয়ে সরব হন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন ও প্রশান্ত ভূষণ। তাঁদের বক্তব্য, যাঁদের নাম এসআইআরে বাদ পড়েছে এবং যাঁরা নাম ফেরানোর জন্য আপিল ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁদেরই বাড়িতে গিয়ে পুলিশ নথি চাইছে। অথচ এই কাজের জন্য নির্বাচন কমিশনের কোনও নির্দেশ নেই বলে কমিশনের তরফেই জানানো হয়েছে। শঙ্করনারায়ণনের প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশে যে ট্রাইবুনাল প্রক্রিয়া চলছে, তার মধ্যে পুলিশের এ ভাবে হস্তক্ষেপের প্রয়োজন কোথায়? তাঁর অভিযোগ, আবেদনকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নথি জমা দিতে বলা হচ্ছে। আদালতের নির্দেশে চলা প্রক্রিয়ার সমান্তরালে পুলিশের এই তৎপরতা যথেষ্ট উদ্বেগজনক বলেও জানান তিনি। একই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। সমাজমাধ্যমে সেই চিঠির বিষয়বস্তু প্রকাশ করে তিনি দাবি করেন, রাজ্যের একাধিক জেলায় ট্রাইবুনালে বিচারাধীন আবেদনকারীদের বাড়িতে গিয়ে পুলিশ আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, জন্মের শংসাপত্র, জমির নথি এবং ২০০২ সালের ভোটার তালিকায় থাকা ক্রমিক নম্বর চাইছে।

সামিরুলের আরও অভিযোগ, নথি চাওয়ার জন্য যে ফর্ম ব্যবহার করা হচ্ছে, তাতে কোনো সরকারি সিল বা দফতরের লেটারহেড নেই। গ্রামবাসীরা কেন এই নথি চাওয়া হচ্ছে, কিংবা কোনো সরকারি নির্দেশ রয়েছে কি না, জানতে চাইলেও পুলিশ স্পষ্ট উত্তর দিতে পারছে না। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের তরফেও এ ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট জানতে চায়, ট্রাইবুনালে বিচারাধীন আবেদনগুলির সঙ্গে পুলিশের নথি সংগ্রহের সম্পর্ক কী? আইনজীবীরা জানান, যাঁদের আবেদন ট্রাইবুনালে রয়েছে, মূলত তাঁদের কাছ থেকেই নথি চাওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। প্রয়োজনে পৃথক আবেদনও করা যেতে পারে বলে জানানো হয়েছে।

এ দিনের শুনানিতে শুধু পুলিশের ভূমিকা নয়, ট্রাইবুনালের শুনানির অগ্রাধিকার নিয়েও নতুন দাবি উঠেছে। গত ২৩ নভেম্বর সুপ্রিম কোর্ট কলকাতা পুরসভার ভোটারদের নাম ফেরানোর আবেদন অগ্রাধিকারের ভিত্তিতে শুনতে বলেছিল। কিন্তু হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং পুরসভার ক্ষেত্রে একই নির্দেশ নেই। অথচ ওই পুরসভাগুলিতেও নির্বাচন আসন্ন। তাই সেখানকার বাদ পড়া ভোটারদের আবেদনও অগ্রাধিকারের ভিত্তিতে শোনার আর্জি জানান আইনজীবীরা। প্রশান্ত ভূষণের দাবি, কলকাতা পুরসভা এলাকায় ভোটার তালিকায় নাম ফেরানোর জন্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার আবেদন জমা পড়েছে। অন্য ছ’টি পুরসভা মিলিয়ে এই সংখ্যাটা প্রায় ৭৫ হাজার। ফলে শুধু কলকাতার আবেদনগুলিকে অগ্রাধিকার দিলে বাকি পুরসভাগুলির ভোটাররা সমস্যায় পড়তে পারেন।

এ প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণ করেন, যাঁদের বৈধ ভারতীয় পাসপোর্ট রয়েছে, তাঁদের আবেদন নিষ্পত্তিতে ট্রাইবুনালের খুব বেশি সময় লাগার কথা নয়। দ্রুত আবেদনগুলির নিষ্পত্তি এবং আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই আপাতত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিচ্ছে আদালত। গত ২৩ নভেম্বর শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, ট্রাইবুনালে জমা পড়া আবেদনগুলিকে দু’টি ভাগে ভাগ করতে হবে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্তির আবেদন আগে শুনতে হবে। অন্যদিকে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্তি বা বহাল রাখার বিরুদ্ধে জমা পড়া আপত্তিগুলি আপাতত পরে শোনার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের আদালতে পেশ করা তথ্য অনুযায়ী, বাংলায় মোট ৩৮.৩১ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে প্রায় ২২ লক্ষ আবেদন বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর জন্য। বাকি প্রায় ১৬.১০ লক্ষ আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বহাল রাখার বিরোধিতায়।

পুলিশের এই নথি সংগ্রহের উদ্যোগ ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করাই পুলিশের মূল দায়িত্ব। ভোটারদের তথ্য যাচাই করার জন্য নির্বাচন কমিশনের বুথস্তরের আধিকারিক বা বিএলও রয়েছেন। তা হলে পুলিশ কেন এই কাজে নামছে, নির্বাচন কমিশন কি তাদের এমন কোনও নির্দেশ দিয়েছে? অন্যদিকে, বিজেপির কয়েক জন বিধায়ক সমাজমাধ্যমে যাচাই তালিকায় নাম থাকা ব্যক্তিদের প্রয়োজনীয় নথি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!