- দে । শ
- জুন ১৭, ২০২৫
তৃণমূল কর্মীকে কুপিয়ে, গুলি করে খুন, চাঞ্চল্য বসিরহাটে
ভরা বাজারে কয়েক’শ লোকের সামনে চায়ের দোকানে তৃণমূলের সক্রীয় কর্মীকে কুপিয়ে, গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের গোটরা পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানায়, নিহত ওই যুবকের নাম আনোয়ার আলি গাজি (২৪)। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট ১ ব্লকের গোটরা পঞ্চায়েতের ঘোনা গ্রামে। সোমবার রাত সাড়ে ৯ টা নাগাদ একদল দুস্কৃতী তার ওপর চড়াও হয়ে কুপিয়ে, গুলি করে খুন করে। ঘোনা বাজারে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আনোয়ার আলি। দোকানে স্থানীয় বুথের পঞ্চায়েত সদস্য সাদ্দাম হোসেনও গাজি ছিলেন। এমন সময় জনা ১৫ দুস্কৃতী হেঁটে এসে আনোয়ারকে মারতে মারতে রাস্তার ওপর এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। তার মৃত্যু নিশ্চিত করতে গুলি করে দুস্কৃতীরা চম্পট দেয়। দুস্কৃতীরা চলে গেলে স্থানীয় মানুষ আনোয়ার হোসেন উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। নিহত যুবকের পরিবারের তরফে ৮ জনের নামে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সাদ্দাম হোসেন গাজি বলেন, ‘নিহত আনোয়ার হোসেন গাজি আমাদের দলের একজন সক্রীয় কর্মী। রাত সাড়ে ৯ টা নাগাদ চায়ের দোকানে ভেতরে বসে চা খাচ্ছিলাম। আনোয়ার বাইরে একটা বাইকের ওপর বসে ছিল। সেই সময় হঠাৎ তার ওপর আক্রমণ। পরপর ৩ টে গুলির শব্দ শুনতে পাই। চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এসে দেখি আনোয়ার পড়ে আছে।’ তবে এই ঘটনার পেছনে এলাকার পুরনো শত্রুতা রয়েছে বলে স্থানীয় মানুষের ধারনা। বছর খানেক আগে এলাকার একটি খেলার মাঠ দখলে বাধা দেওয়ায় ঘটনায় আনোয়ারের সঙ্গে বিবাদ চলছিল পাড়ার কয়েকজনের সঙ্গে। তারাই টাকা দিয়ে এই খুন ঘটিয়েছে। বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি বলেন, ‘এই খুনের ঘটনায় কোন রাজনৈতিক যোগ আমরা দেখছি না।’ তিনি বলেন, ‘এলাকায় আনোয়ারের একটা প্রতিবাদী ভাবমূর্তি ছিল। জোর করে খেলার মাঠ দখলের বাধা দেওয়া নিয়ে তাকে দুস্কৃতীরা শাসিয়েছিল শুনেছি। আমরা প্রশাসনকে জানিয়েও ছিলাম। তার মধ্যে ঘটনাটা ঘটে গেল, খুবই মর্মান্তিক। আমরা পুলিশকে অপরাধীদের খুঁজে বার করে দৃষ্টান্ত মূলক সাজার দাবি করেছি।’ গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করছে। ধৃতদের নাম,সাবির আলি গাজি, রবিউল সর্দার ওরফে টিটো, বাকিবিল্লা বৈদ্য, ফিরোজ গাজি। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
❤ Support Us






