- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ২১, ২০২৩
‘আভিজাত্য’-র তকমা চ্যুত শাহরুখ, অমিতাভ, কোহলি। তালিকায় মমতা, রাহুল ও যোগী। সংশয়ে নেট দুনিয়া
টুইটারের নয়া নিয়মের জাঁতাকলে পড়ে আভিজাত্য হারালেন শাহরুখ, অমিতাভ,দেব, জিৎ, বিরাট কোহলিরা। বাদ যাননি রাজনীতিবিদরাও। তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ ও রাহুল গান্ধীর মতো স্বনাম ধন্য নেতারা। নিজেদের প্রিয় মানুষের প্রোফাইলে আচমকা এ পরিবর্তনে হতবাক নেট নাগরিকরা।
সমাজের গণ্যমান্য ও প্রথিতযশা ব্যক্তি অথবা সংস্থার নামের পাশে নীল প্রতীক রাখা টুইটারের প্রচলিত রীতি। নিজেদের অ্যাকাউন্টকে ভেরিফায়েড প্রমাণ করতে এ প্রতীক অনেকে ব্যবহার করেন। কিন্তু শুক্রবার থেকে তাঁদের নামের পাশে সেই ব্লু টিকের দেখা আর পাওয়া যাচ্ছে না। যা দেখে কার প্রোফাইল আসল অথবা নকল তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রতীক হারানোর তালিকায় অভিনেতা রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, উদ্যোগপতি ও সাংবাদিকদের অনেকেই রয়েছেন।
মাইক্রোব্লগিং সাইট সূত্রে জানা যাচ্ছে, নীল প্রতীক রাখতে হলে ভারতীয় মুদ্রায় এখন থেকে খরচ করতে হবে বছরে ৯ হাজার ৪০০ টাকা। যাঁরা দিতে পারবেন, তাঁরাই । আর টাকা খরচ না করলে, কেউ যত বড়ো বিখ্যাত ব্যক্তিত্বই হন না কেন, তাঁকে ব্লু টিক দেবে না টুইটার। একই নিয়ম প্রযোজ্য বড়ো বড়ো সংস্থার ক্ষেত্রে। তবে তাদের ব্যয় করতে হবে অনেক বেশি, প্রায় ৮২ হাজার টাকা।
২০০৯ সালে টুইটার এই ব্লু টিক সিস্টেম চালু করেছিল। বিখ্যাত ব্যক্তিত্বদের আলাদা করে চিহ্নিত করা এবং ভুয়ো খবর বা তথ্য পরিবেশন আটকানো ছিল মূল উদ্দেশ্য। বিনামূল্যেই মিলত এ প্রতীক। কিন্তু গত বছর মার্কিন ধনকুবের এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর এ ব্যবস্থা তুলে দেন। তিনি ঘোষণা করেন, মাসে মাসে টাকা দিলে তবেই অ্যাকাউন্ট ভেরিফায়েড হবে। ব্লু টিক বা অধুনা যে সোনালি বা রুপোলি টিক চালু হয়েছে সেগুলোর ক্ষেত্রেও পেইড করবার ব্যবস্থা চালু করা হয়েছে। মোটা অঙ্কের টাকা না দেওয়াতেই শুক্রবার থেকে নীল প্রতীকহীন হলেন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক নামজাদারা।
❤ Support Us






