Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৩, ২০২২

ক্ষমতায় ফিরলে গরু পিছু মাসিক ৯০০ টাকা ভাতা ! উত্তরপ্রদেশে ভোট টানতে মরিয়া যোগী

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষমতায় ফিরলে  গরু পিছু মাসিক ৯০০ টাকা ভাতা ! উত্তরপ্রদেশে ভোট টানতে মরিয়া যোগী

উত্তরপ্রদেশে ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেলন—যাঁরা গরুদের রক্ষা করেন, গরু হত্যা করেন না তাঁরাই আমাদের ভোট দিন। ২০১৭ সালের আগে এই বিশাল রাজ্য গুণ্ডাদের দ্বারা শাসিত হত। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার অযোধ্যা জেলার মিলকিপুর সংরক্ষিত বিধানসভা কেন্দ্র এবং বিকাপুর আসনের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করছিলেন আদিত্যনাথ।

রাজ্যে বিজেপি আবার ক্ষমতায় এলে গরু এবং অন্যান্য গবাদি পশুর নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, যে কৃষকরা গরু পালন করেন তাঁর গরু প্রতি মাসে ৯০০ টাকার স্টাইপেন্ড পাবেন । বিজেপি সরকার কোনও অবস্থাতেই গরুর নিরাপত্তার সঙ্গে আপস করবে না। এরপরই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে কটাক্ষ করে যোগীর অভিযোগ, ‘বাবুয়া’ অখিলেশ এখনও অযোধ্যার মন্দিরে যাননি৷ আমরা অযোধ্যার পাঁচটি আসনের সবক’টিতে জিতব, রাজ্যে ৩২৫ টি আসন জিতে শক্তিশালী সরকার গঠন করব’ ।

দিন কয়েক আগে  বক্তৃতারত নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়— ‘১০ মার্চ ফলপ্রকাশের পর উত্তরপ্রদেশ সরকার পরিত্যক্ত গবাদি পশুদের নিয়ে পরিকল্পনা রূপায়ণ শুরু করে দেবে। এই সমস্যা থেকে মুক্তির পথ আমরা পেয়ে গিয়েছি।’ যদিও কী সেই পথ, তা খোলসা হয়নি প্রধানমন্ত্রীর ভাষনে। স্পষ্ট করেননি আদিত্যনাথও।

উত্তরপ্রদেশে এ বারের ভোটে অন্যতম বড় ইস্যু পরিত্যক্ত গবাদি পশু। ২০১৯ সালে আদিত্যনাথের সরকার পরিত্যক্ত গরুর আশ্রয়স্থল তৈরির জন্য রাজ্য বাজেটে অর্থের সংস্থান করেছিল। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল আশ্রয়স্থল তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে। কিন্তু বছর তিনেক পেরিয়ে গেলেও, পরিত্যক্ত গবাদি পশুদের নিয়ে কৃষকদের মাথাব্যথা কমেনি। এ বার অভিনব কায়দায় সেই সমস্যার কথাই তাঁরা তুলে ধরলেন বিদায়ী মুখ্যমন্ত্রীর সামনে।

বারাবাঁকির কৃষকদের একাংশ। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের জনসভার আগে, সভা ময়দানে ছেড়ে দিলেন বয়স্ক গবাদি পশুদের। সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল, ঘুরছে নেটমাধ্যমে। যদিও এ নিয়ে প্রশাসন বা আদিত্যনাথের সরাসরি কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি।

এ রাজ্যে  বন্ধ কষাইখানা। এর ফলে বয়স্ক গবাদি পশুদের নিয়ে সমস্যায় কৃষকরা। কারণ, বয়স্ক গবাদি পশুকে গোয়ালে বসিয়ে খাওয়ানোর মতো আর্থিক সংস্থান বেশির ভাগ কৃষকেরই নেই। তাই কাজে অক্ষম গরু, মোষকে রাস্তায় ছেড়ে দেওয়াই ইদানীং রেওয়াজ উত্তরপ্রদেশে। কিন্তু তাতেও সমস্যা বিস্তর। পরিত্যক্ত গরু রাস্তায় ঘুরতে ঘুরতে ঢুকে পড়ে চাষের খেতে। নষ্ট হয় কৃষকের বহু পরিশ্রমের ফসল। বুড়ো গরু যাতে ফসলের ক্ষতি না করতে পারে, সে জন্য রাত জেগে খেত পাহারার পাশাপাশি খেত ঘিরতে কাটাতারের বেড়া পর্যন্ত দিতে বাধ্য হয়েছেন উত্তরপ্রদেশের বহু কৃষক। ভোট প্রচারে আদিত্যনাথ আসছেন শুনেই তাঁরা জনসভার মাঠে ছেড়ে দিয়েছিলেন পরিত্যক্ত গবাদি পশুদের। গোটা মাঠ জুড়ে চড়ে বেরালো তারা। এই ভিডিয়ো টুইট করেছেন এসপি (সমাজবাদী পার্টি) বিধান পরিষদ সদস্য রাজেশ যাদব। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

যদিও এ নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি আদিত্যনাথ। এদিকে কংগ্রেস এই ইস্যুকে কেন্দ্র করে আক্রমণ শানিয়েছে। এখন দেখার, এরপর যোগী কিংবা উত্তরপ্রদেশের কোনও বিজেপি নেতা এই নিয়ে সরাসরি মুখ খোলেন কিনা।

 


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!