- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৭, ২০২৪
বিজেপি–র বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ, মহিলাদের জন্য বাংলাকে দেশের সবথেকে নিরাপদ রাজ্য বললেন মমতা
সন্দেশখালি নিয়ে গুজব ছড়াচ্ছে বিজেপি। মহিলাদের জন্য বাংলা সবচেয়ে নিরাপদ রাজ্য। এমনই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নারী দিবস উদযাপন উপলক্ষ্যে তৃণমুল মহিলা কংগ্রেসের বিশেষ মিছিল শেষে ধর্মতলায় একথা বলেন তিনি।
“…I challenge BJP and say that Bengal is the only place where women are safe…”, says West Bengal CM Mamata Banerjee while addressing TMC Mahila Wing Rally in Kolkata pic.twitter.com/wIrArT1yFg
— IANS (@ians_india) March 7, 2024
লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের মন জয় করতেই নারী দিবসে বিশেষ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। দুপুরে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়। কলেজ স্কোয়ার, ওয়েলিংটন হয়ে মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয়। মমতা ব্যানার্জি ছাড়াও অভিষেক ব্যানার্জি, উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দও মিছিলে হাঁটেন। সন্দেশখালির মহিলারাও মিছিলে যোগ দিয়েছিলেন।
এদিন অভিজিৎ গাঙ্গুলির বিজেপি–তে যোগ দেওয়ার প্রসঙ্গে মমতা বলেন, ‘লোকসভা নির্বাচনে যেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, আমরা ওকে হারাব।’ অভিজিৎ গাঙ্গুলির রায়ের মাধ্যমে রাজ্য জুড়ে হাজার হাজার যুবকের চাকরি গেছে। এই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘তরুণরা আপনাকে ক্ষমা করবে না। আপনার সমস্ত রায় প্রশ্নের অধীন। আমরা আপনার পরাজয় নিশ্চিত করব।’
সন্দেশখালির মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলা সম্পর্কে গুজব ছড়ানোর জন্য বিজেপি–কে অভিযুক্ত করেছেন। এবং জোর দিয়ে বলেন, রাজ্য মহিলাদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ স্থান। এদিন মিছিল শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু লোক সন্দেশখালি সম্পর্কে ভুয়ো তথ্য ছড়াচ্ছে। বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নিয়ে গুজব রটাচ্ছে। অথচ বিজেপি শাসিত রাজ্যে যখন মহিলাদের ওপর নির্যাতন হয় তখন তারা নীরব থাকে। আমি বিজেপি–কে চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ রাজ্য।’
❤ Support Us






