Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র পা | র্স | পে | ক্টি | ভ
  • মার্চ ২৬, ২০২৩

রঙের বাইরে মায়াবী বাস্তব

বাহার উদ্দিন
রঙের বাইরে মায়াবী বাস্তব

মলয় চন্দন সাহার জন্ম ১৯৬১ সালে। ১৯৮৩ তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, ৮৩-৮৭ পর্যন্ত আর্ট কলেজের ছাত্র। তারপর থেকে সীমান্তহীন চিত্র শিল্পের সফল কারিগর। ক্যানভাসে রঙের প্রকট ব্যবহার নেই, সংযত তাঁর রেখার শক্তিময় উচ্চারণ। অবয়ব, দেহাংশ খানিকটা আবছা, রহস্যময়, তির্যক এবং অন্তর্ভেদী। সাদামাটা রূপের ভিতর ছড়িয়ে থাকে নিগুঢ় প্রতীক অথবা বিস্ময়কর বাক প্রতিমা। এটাই তাঁর অঙ্কনরীতি আর চিত্রকর্মের স্বাতন্ত্র্য।

শৈশবে, বালক বয়সে, উদীয়মান যৌবনে ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে, বামপন্থীদের উত্থান পর্বে যে রক্তক্ষয় পারিপার্শ্বিককে দেখেছেন, সচেতন দিকপাল চিত্রীদের সামাজিক দায়বদ্ধতা ছুঁয়েছিল সমূহের ভাবাবেগ আর যুক্তিকে, তার বৈপরীত্য লক্ষ্যণীয় হয়ে ওঠে মলয়ের চিত্রাঙ্কনে। যেখানে ক্যানভাসের নির্বাক, বিস্মিত ফিগার অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে, দেখে যায় বাস্তবের ভাঙনকে–আর ভাঙনের ভেতরে ও বাইরে মলয় নির্মাণ করে যান বাস্তবতার আড়ালের মায়াময়তাকে। এখানেই তিনি জয়নূল আবেদিন, সোমনাথ হোড়, দেবব্রত মুখোপাধ্যায় কিংবা প্রকাশ কর্মকারের ব্যক্তি প্রতিভা থেকে আলাদা। বড়ো শিল্পী মানেই চিত্রাঙ্কনের দক্ষতা। এক্ষেত্রে মলয় তাঁর পূর্বসূরীদের দক্ষ অনুগামী এবং সমসাময়িকদের ভিড়ে তাঁর উত্তরণ অন্যরকম।

দেশের নানা প্রান্তে তাঁর একক প্রদর্শনী হয়েছে, দেশ-বিদেশের বহু সংস্থায়, ‘প্রাইভেট’ কালেকশনে তাঁর ছবি সংগৃহীত। আমাদের ধারণা, মলয়ের ড্রয়িংধর্মী ক্যানভাস তাঁকে নিঃসময়ের শিল্পীর মর্যাদায় সম্মানিত করবে। সমস্ত রঙের বাইরে (বিয়ণ্ড অল্‌ কালারস) সিরিজের শিল্পসম্মত সংযমী চিত্রমালা প্রেরণা জোগাবে তরুণ আঁকিয়েদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!