Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৪

বায়ো থেকে ‘‌কংগ্রেস’‌ শব্দ বাদ নকুল নাথের, বিজেপি–তে যাচ্ছেন কমল নাথ?‌

আরম্ভ ওয়েব ডেস্ক
বায়ো থেকে ‘‌কংগ্রেস’‌ শব্দ বাদ নকুল নাথের, বিজেপি–তে যাচ্ছেন কমল নাথ?‌

লোকসভা ভোটের মুখে আবার কি কংগ্রেসের ঘর ভাঙতে চলেছে?‌ রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগেই কংগ্রেস থেকে বিজেপি–তে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। এবার সেই পথেই হাঁটতে চলেছেন কংগ্রেসের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের কমল নাথ।
মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর বয়স্ক কমল নাথকে সরিয়ে জিতু পাটোয়ারিকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। রাহুল গান্ধী চান, দলে তারুণ্যকে প্রাধান্য দিতে। সেই্জন্যই জিতু পাটোয়ারিকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া। বিধানসভায় জিততে না পেরে কমল নাথ চেয়েছিলেন রাজ্যসভায় যেতে। কিন্তু তিনি রাজ্যসভারও টিকিট পাননি। এতেই অভিমান হয়েছে কমল নাথের। কিছুদিন ধরেই জল্পনা চলছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি–তে যোগ দিতে পারেন। বিজেপি–র পক্ষ থেকে কমল নাথেক সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। আজ দিল্লি গিয়েছেন কমল নাথ। শোনা যাচ্ছে, আজ তিনি বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন।
কমল নাথের দল ত্যাগের জল্পনা আরও উসকে দিয়েছেন তাঁর ছেলে নকুল নাথ। সোশ্যাল মিডিয়ায় নিজের বায়ো থেকে ‘‌কংগ্রেস’‌ শব্দটা উড়িয়ে দিয়েছেন। এছাড়া নকুল নাথ ঘনিষ্ঠ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দীনেশ আহিরওয়ার, রাকেশ কাটারের মতো বেশ কয়েকজন নেতা বিজেপি–তে যোগ দিয়েছেন। কমল নাথের বিজেপি–তে যোগ দেওয়া প্রসঙ্গে মধ্যপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি ভিডি শর্মা বলেন, ‘‌অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ অন্যান্য কংগ্রেস নেতারা। আমরা দরজা খোলা রেখেছি। কারণ কংগ্রেসে এমন লোক রয়েছে যারা মনে করে যে কংগ্রেস ভগবান রামকে বয়কট করে ভুল করেছে। যারা ব্যথিত, বিচলিত, তাদের সুযোগ পাওয়া উচিত। কমল নাথদের হৃদয়ে যদি ব্যথা থাকে, তবে তাদেরও স্বাগত জানাব।’‌
এই মাসের শুরুতে মধ্যপ্রদেশের একমাত্র লোকসভা কংগ্রেস সাংসদ নকুল নাথ নিজেকে ছিন্দওয়ারা লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে  কোনও নাম ঘোষণা করা হয়নি। ছিন্দওয়ারা দীর্ঘদিন ধরে কমল নাথের শক্ত ঘাঁটি। তিনি টানা ৯ বার এই আসনটি ধরে রেখেছিলেন। ২০১৯ সালের নির্বাচনে রাজ্যের অন্য ২৮টি আসনে বিজেপির জয় সত্ত্বেও নকুল নাথ ছিন্দওয়াড়া ধরে রেখেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!