- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৯, ২০২৩
অনুমতি ছাড়াই শহরে বিজেপির মিছিল। ২১ জুলাই রাজ্যের বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিলেন শুভেন্দু
পুলিশের অনুমতি ছিল না, তবে ভিড় দেখে কি পুলিশ সিদ্ধান্ত নেয়, মিছিল আটকাবে না? এই প্রশ্ন উস্কে দিয়েই পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় বিজেপির মহা মিছিল। মিছিলে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সেজে একজন ছিলেন। ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, রাহুল সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।
এই মিছিল শুরুর আগে কলেজ স্কোয়ারে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের উদ্দেশে বলেন, “শুধু কলকাতায় নয়, জেলায় জেলায় যারা ভোট দিতে পারেনি, তাঁদের নিয়ে বিডিও অফিস ঘেরাও করার কর্মসূচি নিতে হবে।” শুভেন্দুর পর বলতে উঠে সুকান্ত মজুমদার বলেন, “২১ জুলাই সারা রাজ্যের সব ব্লকের বিডিও অফিস অভিযান হবে।”
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আগামী সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বড় দুর্নীতি ফাঁস করব। কি ভাবে ওয়েবেল থেকে আই-প্যাককে চেক দেওয়া হয়েছে সেই তথ্য সামনে আনব, মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিতে যুক্ত।” শুভেন্দু এদিন বেঙ্গালুরুর জোটের বৈঠককে কটাক্ষ করে বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে চুরি করবেন, তাঁর সাথে আছেন ইয়েচুরি।”শুভেন্দু বলেন, “ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় চুরি হয়েছে। তৃণমূল,বিডিও,পুলিশ মিলে এই চুরি করেছে। জোটের নাম ইন্ডিয়া যদি মানুষ বিশ্বাস করত তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও মানুষ বিশ্বাস করত, কেন না সেই নামেও ইন্ডিয়া ছিল। আসলে ২০২৪ এ মোদিজি বনাম চোরেদের লড়াই, ৪০০ আসন নিয়ে নরেন্দ্র মোদি আবার ক্ষমতায় আসছে।”
এদিকে বিজেপি এদিনের মিছিল শুরুর আগে দাবি করে, পঞ্চায়েত ভোটে তাদের ১১ জন মারা গেঋেন, আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী,সাড়ে ছ’শো কর্মী হাসপাতালে।
তবে প্রশ্ন একটাই পুলিশের অনুমতি ছাড়াই কি করে মিছিলটি চলছে? পুলিশ সূত্রে জানানো হয়েছিল, ১৫ দিন আগে নিয়ম মেনে মিছিলের আবেদন বিজেপি জানায়নি, তাই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তবে কি ভাবে মিছিল গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, প্রশ্ন উঠছে তা নিয়ে। তাহলে কি বিজেপির মিছিলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে পুলিশ মিছিলকে আটকাতে ভয় পেয়ে মিছিল ছেড়ে দিল?
মিছিলে রাজ্যের শাসকদলের বিভিন্ন দুর্নীতি সহ পঞ্চায়েত ভোট লুঠের তথ্য তুলে ধরে ব্যানার, ফেস্টুন ছিল। ফেস্টুনে ও মিছিলের স্লোগানে গ্রাম বাংলার ণোট সন্ত্রাসের প্রতিবাদকে কলকাতায় নিয়ে এল বিজেপি।
এই মিছিল শুরুর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, “পুলিশ পুলিশের কাজ করবে,আমরা আমাদের কাজ করব।” বিজেপিকে নিজেদের ঘোষণা মতো মিছিল করলেও পুলিশকে কিন্তু কাজ করতে দেখা গেল না।
কী কারণে পুলিশের অনুমতি ছাড়া বিজেপি এই মহা মিছিল কলেজ স্কোয়ার থেকে গন্তব্যের দিকে যেতে পারল সেটাই প্রশ্ন। ২১ জুলাইয়ের আগে পুলিশের অনুমতি ছাড়া এই মিছিল তৃণমূলকে প্রকৃত অর্থেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।
❤ Support Us







