- দে । শ
- নভেম্বর ৪, ২০২২
ভারতীয় সংস্থা বাইজু’স–এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মেসি
দীর্ঘদিন ধরেই শিশুদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন লিওনেল মেসি। ২০০৭ সালে তৈরি করেছেন ‘লিও মেসি ফাউন্ডেশন’। এই সংগঠন মনে করে সব শিশুর নিজের স্বপ্নপূরণের সমান অধিকার রয়েছে। এবার ভারতের অগ্রগন্য শিক্ষা প্রযুক্তি কোম্পানি বাইজু’স তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করল লিওনেল মেসিকে। এই সংস্থার হয়ে ‘এডুকেশন ফর অল’–এর প্রচার করবেন তিনি। বাইজু’স ২০২২ কাতার বিশ্বকাপে অন্যতম স্পনসর।
বাইজ’স–এর অন্যতম কর্ণধার দিব্যা গোকুলনাথ শুক্রবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ‘লিওনেল মেসিকে গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা সম্মানিত ও উত্তেজিত। তৃণমূলস্তর থেকে উঠে এসে তিনি আজ বিশ্বের একজন সফলতম ক্রীড়াবিদ। তাঁর বিরল প্রতিভা, শতকরা একশো ভাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা, বিনয় এবং নির্ভরতা বাইজু’স-এর ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। তিনি তৃণমূল স্তর থেকে এসে সর্বকালের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। বাইজু’স এডুকেশন ফর অল ঠিক এই ধরনের সুযোগ তৈরি করতে চায় প্রায় ৫.৫ মিলিয়ন শিশুর জন্য। সর্বকালের সেরা খেলোয়াড়ই যে সর্বকালের সেরা শিক্ষার্থী, এটা তো জানাই কথা। আমি নিশ্চিত আমাদের এই জুটি সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে আরও বড় স্বপ্ন দেখতে এবং আরও ভাল করে শিখতে উদ্বুদ্ধ করবে। ফুটবল ভক্তরা তো জানেনই, মেসি আপনার দলে থাকলে সবকিছুই সম্ভব।’
বিশ্ব ফুটবলে ৩.৫ বিলিয়ন সমর্থক রয়েছে। মেসির সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৪৫০ মিলিয়ন। মেসি থাকলে সব কিছু সম্ভব, এই বিশ্বাস রয়েছে তাঁর অনুরাগীদের। ফলে কিংবদন্তি এই ফুটবলারকে বাণিজ্যিক দূত হিসেবে নিযুক্ত করার ফলে তাঁদের উদ্যোগের ব্যাপ্তি যে অনেকটাই বাড়বে সে ব্যাপারে নিশ্চিত বাইজু’স সংস্থার কর্তারা। যদিও সংস্থাকে আরও লাভজনক করে তুলতে বাইজু’স আগামী ৬ মাসের মধ্যে আড়াই হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানা গিয়েছে।
বাইজু’স এডুকেশন ফর অল-এর সঙ্গে তাঁর জুটি সারা পৃথিবীর তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবে। এই ব্যাপারে লিওনেল মেসিও আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘’আমি বাইজু’স-এর সঙ্গে জুটি বাঁধার সিদ্ধান্ত নিয়েছি কারণ শিক্ষার প্রেমে পড়ানোর উদ্দেশ্য নিয়ে চলছে তারা। আর তা আমার মূল্যবোধের সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। উচ্চমানের শিক্ষা জীবন বদলে দেয়। বাইজু’স পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কেরিয়ারের গতিপথ বদলে দিয়েছে। আশা করি আমি তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পারব।’
❤ Support Us





